অচেনা গুলশানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হলি আর্টিজান বেকারির কাছে পুলিশ প্রহরা। ছবি: খালেদ সরকার
হলি আর্টিজান বেকারির কাছে পুলিশ প্রহরা। ছবি: খালেদ সরকার
১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার পর ঢাকার অভিজাত এই এলাকার চিত্র এখন কেমন?

একটা কদমগাছ ছায়া বিছিয়ে আছে ৭৯ নম্বর সড়কে। সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে কদম ফুল, সৌন্দর্য পুরোপুরি মেলে ধরার অপেক্ষায়। একপশলা বৃষ্টি হয়ে গেছে খানিক আগে। ঝিকমিক করছে কদমের সবুজ পাতা। সেই পাতার ফাঁক দিয়েই চোখে পড়ে বাড়ির সদর দরজা। সেখানে উঁকি দিচ্ছে বাড়ির নিরাপত্তা প্রহরীর উৎকণ্ঠিত মুখ। চোখে সন্দিগ্ধ দৃষ্টি। অস্বস্তি কাটাতে আমরা সামনে এগোই।

১৯ জুলাই, ২০১৬। বিকেল সাড়ে তিনটার মতো। গুলশানের ৭৯ নম্বর সড়কের প্রায় শেষ মাথায় এসে আমাদের থামতে হলো। সামনে পুলিশ ব্যারিকেড। ব্যারিকেডের পাশে এখনো আছে ফুলের ডালি। আছে ১ জুলাইয়ের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে লিখে যাওয়া শোকবার্তা। বৃষ্টি-কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে ‘ডু নট ক্রস’ লেখা একটা ছেঁড়া হলুদ ফিতা। ছবি তুলতে দেখে এগিয়ে এলেন একজন। হাতে ওয়্যারলেস। গায়ে চেক শার্ট। জানিয়ে দিলেন, ‘আর সামনে যাওয়া যাবে না।’
সামনে হাত দশেক দূরেই লেকভিউ হাসপাতালের সাইনবোর্ড। পাশেই সেই হলি আর্টিজান বেকারি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক ভয়াবহ ঘটনার সাক্ষী। চারদিকে তাকিয়ে জাভেদ আখতারের সেই গানের কথা মনে আসে। তিনি লিখেছিলেন, ‘ফুল সে খুশবু খাফা খাফা হ্যায় গুলশান ম্যায়’ (ফুলের গন্ধ ফিকে হয়ে গেছে বাগানে।) গুলশান মানে ফুলের বাগান। কে জানত উপমহাদেশের এই বিখ্যাত কবি ও গীতিকারের কথা একদিন এমন অনাকাঙ্ক্ষিতভাবে মিলে যাবে ঢাকার গুলশানের সঙ্গে।

বেড়েছে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি
বেড়েছে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি

অচেনা গুলশান
‘সেদিন রাতে (১ জুলাই) সবে লন্ডন থেকে ফিরেছি। ওই সময়ে এমনিতেই লোকজন খুব কম থাকে আমাদের এলাকায়। আশপাশে কিছু একটা যে হচ্ছে, বাসায় বসেই টের পাচ্ছিলাম। পরে টিভি চালু করে দেখি বাড়ির কাছেই ঘটনা। এরপর রাতে কি আর ঘুম হয়? পুরো রাতটা কেটেছে আতঙ্কে। সকালে খুব দরকারে বাসা থেকে একবার বেরিয়েছি। দেখি চারদিক থমথমে। পুলিশ-র্যা ব ভর্তি চারদিকে। খুব অস্বস্তিকর অবস্থা। এতগুলো মানুষ এভাবে মারা গেল, এটা সহজে ভোলার নয়।
এই স্মৃতি ভুলে যাওয়া খুব কঠিন।’ বলছিলেন গোলাম মোরশেদ। বলা যেতে পারে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের আদি বাসিন্দা তিনি। গুলশানে এমন ঘটনা অভাবনীয়, বললেন সে-কথাও। ‘সেই ১৯৮২ সাল থেকে এই এলাকায় আছি। এই বাড়ি আমাদের মা বানিয়েছিলেন। এমন ঘটনা আমাদের বাড়ির কাছে হবে কোনো দিন ভাবিনি। আমার স্ত্রী ব্রিটেনের মেয়ে হলেও বাংলাদেশে আছে বহু দিন। সেও খুব মর্মাহত এই ঘটনায়। তবে আমরা আশাবাদী। ভিনদেশি অতিথিদের কথা ভেবে সরকার যদি বিশেষ একটা নিরাপত্তাবলয় এখানে তৈরি করে, খুব ভালো হয়।’
গোলাম মোরশেদ একা নন। সেদিন আতঙ্ক ভর করেছিল বহু মানুষের মনেই। গুলশানে একের পর এক পুলিশ ব্যারিকেড আর জোরদার নিরাপত্তা তল্লাশিই বলে দেবে এখনো রেশ রয়ে গেছে হলি আর্টিজানে সেই নৃশংস হামলার ঘটনার।

গুলশান ২ এলাকায় নিরাপত্তা তল্লাশি
গুলশান ২ এলাকায় নিরাপত্তা তল্লাশি

সুনসান ভিনদেশি পাড়া
হাতে মেটাল ডিটেক্টর। চোখের দৃষ্টি কঠিন। রেস্তোরাঁর ভেতরে আমাদের ঢুকতে দেখে নিরাপত্তা তল্লাশির জন্য এগিয়ে এলেন একজন। গুলশান লেক পার্কের কাছেই এই বড়সড় চকলেটের দোকানটি চালু হয়েছে মাস ছয়েক। বিকেলবেলায় অনেক রেস্টুরেন্ট যখন খাঁ খাঁ, তখন সেখানে এসেছেন দুজন মঙ্গোলীয় চেহারার ভিনদেশি ক্রেতা। সাংবাদিক পরিচয়ে কথা বলতে যাব কিন্তু তার আগেই একরকম পালিয়ে বাঁচলেন তাঁরা।
মুখে কলুপ দোকানে দায়িত্বরত কর্মীদেরও। ‘ম্যানেজার বিদেশে আছেন। আসলে আমরা কিছু বলতে পারছি না।’ এই বলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তাঁরা। ফাঁকা রেস্টুরেন্টের ছবি তুলতে চাইলে সেখানেও আপত্তি। ব্যবসায়িক সুনাম নষ্টের ঝুঁকিতে যেতে রাজি নন তাঁরা।
৭৯ নম্বর সড়কের উল্টো দিকে গুলশান লেক পার্ক। সেখানে চা বিক্রি করছিলেন রুমা। তাঁর চায়ের খরিদ্দারও কম নয়।
‘আজকা ১৪-১৫ বৎসর এইখানে চা বেচি। আগে যদি দশ জন কাস্টমার থাকত এখন সেইখানে কাস্টমার মাত্র দুইজন। সেই দিন গ্যানজামের খবর টিভিতে দেইখাই বুঝছি আমার কপালডা পুড়ছে। লস তো মনে করেন বিরাট।’ কাপে চা ঢালতে ঢালতে বলছিলেন রুমা।
রুমার হাতের চায়ের আশায় বসে ছিলেন এলাকার এক নিরাপত্তাকর্মী। পাশ থেকে ফোড়ন কাটলেন তিনি।
‘আরে তোমার আর লস কী? আসল লস তো হইসে বড় হোটেলওয়ালাদের।’
বড় হোটেলগুলোর অবস্থা কী? সেটা জানতে আমরা ফিরে যেতে পারি কদিন পেছনে।
১৭ জুলাই ২০১৬। গুলশান এলাকার একটি তারকা হোটেল। হোটেলের গেটে নিরাপত্তা তল্লাশির জন্য গাড়ি থামল। গাড়ির জানালায় মুখ বাড়িয়ে দিলেন নিরাপত্তাকর্মী। আপনারা কি রুমগেস্ট? ‘না, আমরা হোটেলের আবাসিক অতিথি নই। বুফে রেস্টুরেন্টে যেতে চাই।’ শুনেই পিছিয়ে গেলেন নিরাপত্তারক্ষী।
‘দেশের এই পরিস্থিতিতে বুফে বন্ধ আছে।’ বলে নিজের জায়গায় ফেরত গেলেন। আবারও উঠে গেল নিরাপত্তাবেষ্টনী।
হোটেলের গেট থেকে আমরা ফিরে যাচ্ছি। আলো-আঁধারিতে চোখে পড়ছে হোটেলের পাশের ভবনটিতেও কড়া নিরাপত্তা। সশস্ত্র প্রহরী দণ্ডায়মান। অথচ ঈদের সপ্তাহ খানেক আগেও এই তারকা হোটেলটির বুফে আয়োজনে, বুকিং পাওয়া ছিল কঠিন। সেখানে ঈদের ছুটি শেষ হওয়ার সপ্তাহ খানেক পরেও তাদের বুফে আয়োজন আর শুরুই হয়নি। উপস্থিতি কম গুলশানের জনপ্রিয় ভিনদেশি খাবারের রেস্তোরাঁগুলোতেও।

­­গুলশান-২ এলাকা। ২০ জুলাই বিকেলে তোলা।
­­গুলশান-২ এলাকা। ২০ জুলাই বিকেলে তোলা।

‘লোকজন আসে টুকটাক। তবে আগের চেয়ে কম।’ জানালেন গুলশানের বেশ জনপ্রিয় কোরিয়ান একটি রেস্তোরাঁর একজন কর্মী।
অবশ্য এই অবস্থা থেকে উত্তরণেরও চেষ্টাও দেখার মতো।
‘হ্যাপিনেস কামস ইন স্লাইসেস অব অথেনটিক ইতালিয়ান পিৎজা ফ্রম আওয়ার এক্সপার্ট শেফস’ বাংলা হতে পারে এ রকম—‘সুখ আছে আমাদের দক্ষ শেফের তৈরি খাঁটি ইতালিয়ান পিৎজায়’। এই স্লোগান নিয়ে ঈদের পরে তাদের প্রচারণা শুরু করেছে তারকা হোটেল ‘আমারি ঢাকা’। ২১ জুলাই মাত্র ৮৮৮ টাকায় আনলিমিটেড পিৎজার বিশেষ সুযোগ দিচ্ছে আমারি ঢাকা।
গুলশান অ্যাভিনিউর রেস্তোরাঁগুলোতে নিয়মিতই যাওয়া হয় গুলশান-১ এর বাসিন্দা ফারহানা হোসেনের। কিন্তু আপাতত বাইরে যাওয়া বন্ধ রেখেছেন তিনি।
তিনি বলছিলেন, ‘এখানকার রেস্টুরেন্টগুলো আমাদের সবার পছন্দ। তবুও এই মুহূর্তে আসলে রেস্টুরেন্টে যাওয়া ঠিক মনে হচ্ছে না। নানা রকম গুজব শুনছি এই কয় দিন। আশা করছি এই অবস্থা দ্রুত কেটে যাবে।’
‘২০ জুলাই হঠাৎ করে আমাদের অফিস থেকে বলা হয়েছে, সন্ধ্যা ছয়টার পর যেন আমরা কেউ অফিসে না থাকি। এরপর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক।’ বলছিলেন গুলশানের একটি বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মকর্তা। গুলশান এলাকা ঘিরে এ রকম বেশকিছু গুজবও ছড়িয়েছে একাধিকবার।
এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলে পুলিশই সচেতন ও সতর্ক করবে।
এ ছাড়া কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শও দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন,
রাজধানীর প্রতিটি মানুষ নিরাপদ। কোথাও নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, আমরা তা-ই করছি। পুলিশ সবাইকে সব ধরনের নিরাপত্তা দেবে। প্রয়োজনে অভিযান চলবে।
তিনি জানান, গুলশানের কূটনৈতিক পাড়াসহ বনানী-বারিধারা-নিকেতন এলাকা সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা) টিভির আওতায় আনা হয়েছে। পুলিশ ২৪ ঘণ্টা সিসি টিভি পর্যবেক্ষণ করছে। গুলশান, বনানী ও বারিধারায় নানা রকম অলিগলি দিয়ে ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেখানে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে।
বেশ কিছু দূতাবাস ও বহুজাতিক প্রতিষ্ঠানের অবস্থানের সুবাদে গুলশান-২-কে যদি কেউ দেশের ভেতর ‘বিদেশ’ বলেন, সেটা খুব ভুল বলা হবে না। কিন্তু গত কয়েক দিনে (১৮, ১৯ ও ২০ জুলাই) সরেজমিন ঘুরে গুলশানের রাস্তায় ভিনদেশি মানুষের দেখা মিলেছে হাতে গোনা। স্বাভাবিকভাবেই তার জের পড়েছে আশপাশের রেস্তোরাঁগুলোতেও। তবে ব্যতিক্রমও যে নেই, তা নয়।

‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ এই ভিনদেশি ক্লাব, ­­গুলশান-২ এলাকা। ২০ জুলাই রাত আটটার ​িদকে তোলা। , তবুও ফুল ফোটে। সেই ৭৯ নম্বর সড়কে ফুটেছে কদম ফুল, গুলশানে নিরাপত্তা তল্লাশি
‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ এই ভিনদেশি ক্লাব, ­­গুলশান-২ এলাকা। ২০ জুলাই রাত আটটার ​িদকে তোলা। , তবুও ফুল ফোটে। সেই ৭৯ নম্বর সড়কে ফুটেছে কদম ফুল, গুলশানে নিরাপত্তা তল্লাশি

২০ জুলাই। সন্ধ্যা সাতটা। গুলশান-২ ডিসিসি সুপার মার্কেটে মানুষের ভিড় কম। এর মধ্যেও সরগরম সদ্য চালু হওয়া পেয়ালা ক্যাফে।
‘আমার মনে হয়, আমাদের এদিকটা খোলামেলা হওয়ায় বেশি সুবিধে হয়েছে। তাই লোকজন আসছেন।’ জানালেন রেস্তোরাঁর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী। ঠিক উল্টো দৃশ্য অবশ্য পাশের গয়না আর অ্যান্টিক শপগুলোতে (পুরোনো জিনিসের দোকানে)। সেটা যে কারণেই হোক।
‘২ জুলাই থেকেই আমাদের এদিকে ক্রেতা কম। তবে বিদেশি লোকজন ঈদের পর ছুটিতে চলে গেছেন। সে কারণেও ক্রেতা কমেছে মনে হয়। আমরা আশাবাদী দ্রুত সব ঠিক হয়ে যাবে।’ বলছিলেন লেদার সেন্টারের এ টি এম রহমান।
রাত প্রায় আটটা বাজে। যানবাহনের ভিড় আরও কমতে শুরু করেছে গুলশান-২ নম্বর গোল চক্করের কাছে। ফেরার পথে পড়ে গেলাম ফুল বিক্রেতার পাল্লায়। কিশোর ফুলওয়ালা একগুচ্ছ সাদা ফুল হাতে ছুটতে ছুটতে আসছে।
‘স্যার, ফুল নিবেন। ফুল।’
মানুষের নৃশংসতা আমাদের পীড়িত করে। কিন্তু ফুল ফোটা থেমে থাকে না। তবুও ফুল ফুটে যায়, গুলশানে।