চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর অধিকাংশ নেতাই অছাত্র অথবা অনিয়মিত। কেউ কেউ শিক্ষাজীবন শেষ করেছেন এক দশক আগে। পরীক্ষা না দিয়ে শিক্ষাজীবন প্রলম্বিত করে বছরে পর বছর পদ আঁকড়ে আছেন বেশ কয়েকটি সংগঠনের শীর্ষনেতা। বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বেশির ভাগ ছাত্রসংগঠনের নেতৃত্বে আছেন বয়স্ক ছাত্ররা। ফলে ছাত্ররাজনীতিতে নতুন মেধাবী নেতৃত্ব দেখা যাচ্ছে না বলে অভিযোগ ছাত্রসংগঠনগুলোর কর্মীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। তিনি ইতিহাস বিভাগ থেকে সম্মান কোর্স সম্পন্ন করেছেন ২০০২ সালে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই। আর সভাপতি কাজী মাজহারুল ইসলাম অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন সাত বছর আগে। তাঁদের শিক্ষাজীবনের এ চিত্র তুলে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে।অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আটটি ছাত্রসংগঠন রয়েছে। এর মধ্যে পুরোমাত্রায় সক্রিয় আছে ছয়টি। এগুলো হচ্ছে—ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশন। ছাত্রলীগসহ প্রায় সব ছাত্রসংগঠনের শীর্ষপদে আছেন অনিয়মিত ও অছাত্ররা। নিয়মিত শিক্ষাবর্ষে পরীক্ষা না দিয়ে কোনো রকমে ছাত্রত্ব ধরে রেখেছেন অনেকে। সংগঠনের পদ টিকিয়ে রাখতেই মূলত তাঁরা এ কৌশল নেন বলে অভিযোগ করেছেন তৃণমূল পর্যায়ের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রনেতারা আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে সমাজ ও জাতির সেবায় মনোযোগ দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য সম্মেলনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠিত হওয়া উচিত।’ছাত্রলীগ: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ ১৮১ সদস্যের কমিটি গঠিত হয় ২০০৪ সালের ১৩ অক্টোবর। দলীয় গঠনতন্ত্রের ১০ (খ) ধারা অনুযায়ী বর্তমানের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০০৬ সালে।মেয়াদোত্তীর্ণ এ কমিটির কারও নিয়মিত ছাত্রত্ব নেই। শিক্ষাবর্ষ অনিয়মিত হয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন মাত্র ১১ জন। তাঁদের মধ্যে কয়েকজন আবার ব্যস্ত আছেন উচ্চতর শিক্ষা ও গবেষণা নিয়ে।ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আমি স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন করেছি।’ কমিটি গঠন প্রসঙ্গে এরশাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, যোগ্য, ত্যাগী এবং মৌলবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। ছাত্রদল: দীর্ঘদিন পর গত ২৯ মার্চ আমিনুল ইসলামকে সভাপতি, সাইফুদ্দিন সালামকে সাধারণ সম্পাদক ও নেসারুল ইসলামসহ তিনজনের নাম ঘোষণা করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠিত হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, তাঁদের তিনজনেরই নিয়মিত ছাত্রত্ব নেই। নিয়মিত পরীক্ষায় অংশ না নিয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন তাঁরা। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘আমাদের উভয়েরই ছাত্রত্ব আছে। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি।’ছাত্রশিবির: একই অবস্থা ইসলামী ছাত্রশিবিরের। সংগঠনের সভাপতি মোস্তফা সাকের উল্লাহ স্নাতকোত্তর কোর্সের একটি পরীক্ষায় অংশ নেননি বলে জানা গেছে। আইন বিভাগের এ ছাত্রনেতার স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করার নির্ধারিত সময় ছিল গত বছর। আর সংগঠনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বাংলা বিভাগ থেকে গত জানুয়ারিতে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী অছাত্র কেউ সংগঠনের সদস্য হতে পারে না।বাম সংগঠন: ছাত্ররাজনীতিতে ব্যতিক্রমী ধারা হিসেবে চিহ্নিত বাম ছাত্রসংগঠনগুলো। কিন্তু এসব সংগঠনের নেতৃত্বে আছেন অনিয়মিত ছাত্ররা। ছাত্র ইউনিয়নের সভাপতি তছলিম উদ্দিন ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন ২০০০-০১ সালে। এখনো তিনি স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করতে পারেননি বলে জানা গেছে।তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, সংগঠনের শীর্ষনেতারা পদ ধরে রাখতে কোনোভাবে ছাত্রত্ব ধরে রাখেন। একই কারণে তাঁরা নতুন কমিটি গঠন করতে আগ্রহী নন। তৃণমূলের কর্মীদের দাবি, মেধাবী, যোগ্য ও ত্যাগী ছাত্রদের নিয়ে নিয়মিত কমিটি গঠন করা হলে এ সমস্য দূর হবে। নয়তো অছাত্র ছাত্রনেতারাই সংগঠনগুলোর নেতৃত্বে থেকে যাবে। যাঁদের দিয়ে সাধারণ ছাত্রদের প্রকৃত কোনো স্বার্থ উদ্ধার হবে না।