অজানা গন্তব্যে শেষ সমুদ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের ঘরে পা দিয়েছেন মতিউল মাওলা। জীবনের দীর্ঘ সময় কেটেছে জলে, সাগর-মহাসাগরে। জলে ভাসা জীবনে কত দেশ, কত বন্দরে নোঙর করেছে তাঁর জাহাজ। বয়সের দিকে তাকিয়ে সিদ্ধান্তটি তিনি নিয়েই ফেললেন—এবার ইতি টানবেন জলবাসী জীবনের। আর তা হবে এমভি জাহান মণি জাহাজে সমুদ্রযাত্রার মাধ্যমে। তিনি ওই জাহাজের প্রধান প্রকৌশলী। শেষ সমুদ্রযাত্রা, তাই সঙ্গী করেছিলেন স্ত্রী রুখসানা গুলজারকেও। তবে মতিউল দম্পতির স্বপ্নময় এ যাত্রাকে দুঃস্বপ্নে পরিণত করেছে জলদস্যুরা। অজানা গন্তব্যে ছুটে চলেছে তাঁদের শেষ সমুদ্রযাত্রা।গত রোববার বিকেলে আরব সাগরে জলদস্যুরা জিম্মি করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণিকে। জলদস্যুরা ২৬ জন আরোহীসহ জাহাজটি নিয়ে যাচ্ছে সোমালিয়া উপকূলের দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, মতিউল ইসলামের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তাঁর দুই ভাইয়ের পরিবার থাকে চট্টগ্রামে। মতিউলের ছেলে মুনতাসীর মাওলা কানাডায় পড়াশোনা শেষে সেখানে চাকরি করছেন। আর মেয়ে নুসরাত নুর পড়াশোনা করছেন আমেরিকায়। ছেলে ও মেয়ে কানাডা ও আমেরিকা থেকে আত্মীয়-স্বজনের কাছে ফোন করে বাবা-মার বিষয়ে জানতে চাইছেন, উদ্বেগে চোখে ঘুম নেই তাঁদের। জানা যায়, সিঙ্গাপুরে ফেরার পর জাহাজ থেকে চিরদিনের জন্য বিদায় নেওয়ার কথা ছিল মতিউলের। তার আগেই নতুন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করে জাহাজের মালিক কবির গ্রুপ। কিন্তু সিঙ্গাপুর থেকে দুই দফা ভিসার আবেদন নাকচ হয়। এ কারণে মালিকের অনুরোধে গ্রিসে পৌঁছার আগে যাত্রা শেষ করার প্রস্তুতি ছিল মতিউল দম্পতির। জলদস্যুর কবলে পড়ার পর সেই যাত্রা এখন কবে শেষ হবে তা নিয়ে শঙ্কিত তাঁদের পরিবার। মতিউল মাওলার স্ত্রী রুখসানা গুলজার অসুস্থ থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে স্বজনদের। মতিউল মাওলার বড় ভাই মাহবুবুল মাওলা প্রথম আলোকে বলেন, ‘জাহাজটি উপকূলে পৌঁছালে দস্যুরা মুক্তিপণ চাইতে পারে, সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। জিম্মি নাবিকেরা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন—এ আশাই করছি।’মতিউলের ভাগ্নে মো. এহসান বলেন, ‘জিম্মি নাবিকদের উদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। মামার পরিবার বড় অসহায় হয়ে পড়েছে। এখন তাঁদের পাশে দাঁড়ানো উচিত সরকার ও কর্তৃপক্ষের।’