অজুহাত বন্যা: লাগামছাড়া নিত্যপণ্যের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হাটবাজারগুলোতে তরিতরকারি ও নিত্যপণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি তিন থেকে ২০ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, বন্যার অজুহাত দেখিয়ে নিত্যপণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অপর দিকে ব্যবসায়ীরা দাবি করেন, ভারী বর্ষণ ও বন্যার কারণে শাকসবজি ও নিত্যপণ্যের সরবরাহ কমেছে। তাই বাজারে তরিতরকারির দাম আগের তুলনায় বেড়েছে।গত রোববার টেকনাফ বাসস্টেশন ও বড় বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা আলী হোছাইন (৪৫) বলেন, ‘প্রতিটি তরিতরকারির দাম বেড়েছে। ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। প্রশাসনের নজরদারি না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।’ টেকনাফে এক কেজি চিনি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫২ টাকায়। এখন চিনির দাম বেড়ে হয়েছে ৫৫ টাকা। কেবল চিনি নয়, মটর, ছোলা, পেঁয়াজ, আদা-রসুন ও সব রকম সবজির দাম বেড়েছে। রোববার বড় বাজার ঘুরে দেখা গেছে, মসুর ডাল ও পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ টাকা, খেসারি ও মটর ডাল প্রতি কেজিতে চার টাকা, রসুন ও আদা প্রতি কেজিতে ১০ টাকা, আলু আট টাকা এবং ছোলার দাম প্রতি কেজিতে ১৮ টাকা বেড়েছে। বেড়েছে সব ধরনের তরিতরকারির দাম। প্রতি কেজিতে করলা ১৫ টাকা, ঢ্যাঁড়স ২০ টাকা, বেগুন ১০ টাকা ও পটোল পাঁচ টাকা বেড়েছে। শসা, কাঁকরোল, বরবটি, কচুরলতি, চিচিংগা ও ঝিঙা ৩০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রতি কেজি ৬০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১২০ টাকা দামে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘টেকনাফের কিছু এলাকায় সবজির চাষ হলেও তা এলাকার চাহিদা পূরণ করতে পারছে না। এর মধ্যে ভারী বর্ষণে তরিতরকারির খেতগুলো নষ্ট হয়ে গেছে। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে বিভিন্ন স্থান থেকে তরিতরকারি সংগ্রহ করে টেকনাফে চাহিদা পূরণের চেষ্টা করছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে।’ নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, বর্ষায় খেটে খাওয়া মানুষের আয় এমনিতে কম। নিত্য প্রয়োজনীয় পণ্য ডাল, লবণ, মরিচ, তেল, পেঁয়াজের পাশাপাশি তরিতরকারির দাম বেড়ে যাওয়ায় তাঁদের দৈনন্দিন জীবনে নাভিশ্বাস উঠেছে।এ প্রসঙ্গে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রমজান শুরুর আগে পুরো উপজেলায় বাজার তদারকি দল নামানো হবে।’