অঝোরধারায় বর্ষা ঝরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি থেকে কাগজে কলমে বিদায় নিয়েছে বর্ষা। তবু বর্ষার আমেজ এখনো রয়ে গেছে। এই শরতেও তাই চলছে বর্ষা বন্দনা। সম্প্রতি নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’ শিরোনামে নিবেদন শিল্পী সংসদের আয়োজনে হয়ে গেল বর্ষার গান-কবিতার আসর।

 চার পর্বে বিভক্ত এই আয়োজন শুরু হয় বিকেল চারটায়। প্রথমেই ছিল সংগীতের সুর-মূর্ছনা। ‘আজি এ শ্রাবণ নিশি’ শিরোনামের গান পরিবেশন করেন শ্রাবন্তী মুৎসুদ্দি। সাব্বির হোসেন গাইলেন ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’ শিরোনামের গান। এরপর রবীন্দ্র ও নজরুলের বর্ষার গান পরিবেশন করেন বৃষ্টি বড়ুয়া, সানিকা মুৎসুদ্দি, শিপু বড়ুয়া, পুষ্পিতা বড়ুয়া, প্রাচী মুৎসুদ্দি, ওয়াসিফ আশরাফ ও পূর্ণিমা বড়ুয়া। নাজিফা নাওয়ার গেয়ে শোনায় ‘আজব দেশের ধন্য রাজা’ শিরোনামের ছড়াগান।

আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল কথামালা পর্ব। এ পর্বের উদ্বোধন করেন শিক্ষাবিদ রীতা দত্ত। রম্য সাহিত্যিক সত্যব্রত বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নিবেদন শিল্পী সংসদের সভাপতি রূপম মুৎসুদ্দি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহ উদ্দিন।

আলোচনা সভার পর মৈত্রী চৌধুরীর কণ্ঠে ‘অঝোরধারায় বর্ষা ঝরে’ গানের মাধ্যমে আবারও শুরু হয় আয়োজন। এ পর্বে একক সংগীত পরিবেশন করেন পূজা বড়ুয়া, ইতু দাশ, বাবলু চক্রবর্তী, শতাব্দী বড়ুয়া, প্রিয়ন্তী চৌধুরী ও রিতু দত্ত। আয়োজনের শেষ পর্বে ছিল সংগীতশিল্পী সঞ্জীব বড়ুয়া, জয়দীপ চৌধুরী ও দুর্জয় দত্তের পরিবেশনা।