আমি একজন বিশেষ মা। কারণ আমারও একজন বিশেষ সন্তান আছে। একটা সময় ছিল মনে হতো যে আমার ছেলে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সেই সময় আমি এখন পেরিয়ে এসেছি। এখন নিজেকে সেই ভুল আশ্বাস থেকে বের করতে পেরেছি। এখন আমি এ অবস্থাকে মেনে নিয়েছি। আমি মনে করি, ওকে একটু বেশি যত্ন নিতে হবে। অন্যদের থেকে আরও বেশি ভালোবাসতে হবে। আর যতটুকু স্বাভাবিক জীবনে আনা যায় ওকে, সেই চেষ্টা নিরলসভাবে চালিয়ে যেতে হবে।
কিন্তু শঙ্কিত হই এই ভেবে যে আমার মৃত্যুর পর কী হবে? সারা জীবন তো আমি বেঁচে থাকব না। একদিন না একদিন আমাদের চলে যেতে হবে ওপারে ওকে ছেড়ে, তখন কী হবে! টাকাপয়সা না হয় তার জন্য রেখে গেলাম; কিন্তু তার এতটুকুও সে ভোগ করতে পারছে কি না, তা আমি কীভাবে জানব ওপার থেকে? যেখানে আমরা বেঁচে থাকতেই ওদের ওপর দেখায়-অদেখায় কত ঘটনা ঘটে। কত কথা, কত বঞ্চনা ওরা শোনে, কত নির্যাতিত হয়, তার নীরব সাক্ষী আমরা স্পেশাল শিশুর মা-বাবারা।
বিশেষ শিশুদের নিয়ে কিছু আলোচনা সভা, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু আবেগি আয়োজন ও কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ থাকে। মূলত বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোই এসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই আয়োজন সম্পর্কে আমরা সবাই জানতে পারি না। এসব আয়োজনে স্বতঃস্ফূর্ত সবার সন্নিবেশ দরকার, সবার যোগদান প্রয়োজন।
গত ২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে খুব আশ্বস্ত হলাম। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মা-বাবা না থাকলে ওদের সরকার থেকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা হবে।’ নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, প্রশংসার দাবি রাখে।
বিশেষ শিশুদের আবাসিক প্রতিষ্ঠান গড়ে উঠবে—এটা আমাদেরও স্বপ্ন। কিন্তু তার আগে ওদের জন্য সঠিক নীতিমালা ও আইন প্রণয়ন করা খুব জরুরি; যা উন্নত দেশগুলোতে আছে। কারণ বেশ কয়েক বছর আগে একজন বিশেষ শিশুকে তাদের জন্যই আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একজন মা সবার সামনে মারধর করেছিলেন। তার কোনো বিচার বা ক্ষমা চাওয়ার প্রক্রিয়াও ঘটেনি, যা উন্নত বিশ্বে ঘটলে মোটা অঙ্কের জরিমানা ও জেল হতো। কিন্তু আমাদের দেশে সে ব্যবস্থা না থাকার দরুন সামান্য প্রতিবাদ তো দূরে থাক, প্রতিবাদ করলে তার স্কুল বন্ধ হয়ে যেতে পারে এমন হুমকির পর্যায়ে চলে যায়। তাই সবার আগে তাদের জন্য সঠিক নীতিমালা ও আইন প্রণয়ন এবং বাস্তবায়ন খুবই জরুরি, ওদের চলার পথ তৈরির লক্ষ্যে।
ওদের সঠিক নিবন্ধনের আওতায় আনা জরুরি। তাদের সঠিকভাবে তত্ত্বাবধানে নীতিমালা থাকা এবং তা সাধারণ জনগণকে সচেতন করা প্রয়োজন। রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, শপিং মলে ওদের জন্য কী কী সুযোগ-সুবিধা রাখতে হবে, তার জন্যও পরিচ্ছন্ন নীতিমালা দরকার। রাস্তাঘাটে তাদের কোন ধরনের সাহায্য দরকার হতে পারে, তার সঠিক ধারণা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া উচিত। মোট কথা ওদের জন্য একটা ক্ষেত্রে তৈরি করা, যাতে ওরা আমাদের মতোই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। ওরা আমাদের কাছে একটু সুযোগ চায় আর কিছু না।
সুতরাং শুধু এপ্রিল মাসেই না, ওদের জন্য আমাদের সারা বছরই কাজ করতে হবে। তাতে ওরাও উৎসাহ পাবে।
নিউরোডেলপমেন্টাল শিশুদের সুরক্ষা আইন তৈরি হয়েছে শুনেছি। কিন্তু এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এতে অটিস্টিক শিশুদের কেউ নির্যাতিত হলে কার কাছে যাবে, কী ধরনের সহযোগিতা বা বিচার পাবে এবং অপরাধীর কত দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হবে, এর একটি সুস্পষ্ট ধারণা আমাদের এবং সাধারণ মানুষেরও থাকা প্রয়োজন।
আমরা যে আইন বা নীতিমালা তৈরি করি না কেন, তা যেন অবশ্যই বিশেষ শিশুদের কল্যাণে হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকা দরকার। কোনো বিশেষ শিশু যেন এর থেকে প্রতারিত বা বঞ্চিত হতে না হয়। ওদের অধিকার ঠিকমতো নিশ্চিত হোক, এটাই কাম্য।