অটিস্টিক শিশুদের জন্য কনসার্ট
মঞ্চে শিল্পী গান গাইছেন, আর মুখে এক চিলতে হাসি নিয়ে তাঁর পাশে হাঁটাহাঁটি করছে একটি শিশু। ওর মতো আরও অনেকেই কেউ বিজ্ঞ শ্রোতার মতো চুপটি করে বসে গান শুনছে, আবার কেউ দর্শক-শ্রোতার সারির মধ্য দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে। কেউ করছে খুনসুটি। ওরা সবাই অটিস্টিক শিশু। এসব শিশুর পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন অঙ্গন।সে জন্য দীপালী অটিজম চিলড্রেন একাডেমির তহবিল সংগ্রহ করতে অঙ্গন চ্যারিটি কনসার্টের আয়োজন করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট হলে এ চ্যারিটি কনসার্ট হয়। শুধু অঙ্গনই নয়, তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা। বিনা পারিশ্রমিকে শিল্পীরা গান গেয়ে এবং বাদ্যযন্ত্রীরা বাজনা বাজিয়ে এসব অটিজম শিশুর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক এবং বাংলা সিনেমার গান থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় আধুনিক গান করেন। সহযোগিতা করেন বাদ্যযন্ত্রী দল দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ান টিম। ‘মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য’ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনিমেষ চক্রবর্তী। এরপর একক গান ও দলীয় নৃত্য পরিবেশন করেন অঙ্গনের অন্য শিল্পীরা। এরপর একে একে অতিথিশিল্পীরা দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন রাত পর্যন্ত। অঙ্গনের শিল্পীদের মধ্যে অনিমেষ চক্রবর্তী, কাকলী সেন, নিলুফার ফৌজি, জলি মুখার্জী, সুবল বড়ুয়া প্রমুখ শিল্পী গান পরিবেশন করেন। অতিথি শিল্পীদের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে শোনান শিল্পী কল্যাণী ঘোষ। তিনি শেফালী ঘোষের গাওয়া জনপ্রিয় গান ‘কিরে অডা কি গইল্লি’ গেয়ে মিলনায়তন মাতিয়ে তোলেন। হৈমন্তী রক্ষিত গেয়ে শোনান ‘যারে যারে, উড়ে যারে পাখি’, ‘আমি তোমার মনের ভেতর’সহ তিনটি গান। শিল্পী রাজশ্রী আচার্য ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গানটি দিয়ে শুরু করেন। শেষ করেন ‘তোমার আকাশ দুটি চোখে’ গানটি গেয়ে। অঙ্গনের শিল্পীরা ‘ধাতিনা নাতিনা ভোরের দরজা হায়’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত গান গেয়ে শোনান আবদুল মান্নান, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা, আলাউদ্দিন তাহের, অজয়, রাজশ্রী ও অরিন। অঙ্গনের শিল্পী চন্দ্রিমা এবং সুবল বড়ুয়ার দ্বৈতকণ্ঠে চট্টগ্রামের অঞ্চলিক গান ‘ও বানু, বানু রে’ গানটি দিয়ে শেষ হয় অনুষ্ঠান।