অটিস্টিক শিশুদের সামাজিক ও যোগাযোগ-দক্ষতা বাড়াতে এবার বিজ্ঞানীরা রোবট ব্যবহার করতে যাচ্ছেন। এই রোবট নাচতে, ভাষা শেখাতে ও গেম খেলতে পারদর্শী। অটিস্টিক শিশুদের শিক্ষার ক্ষেত্রে রোবট কতটা উপযোগী, তা নিয়ে গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এতে দেখা গেছে, বিশেষ ধরনের এই রোবট অটিস্টিক শিশুদের সামাজিক ও যোগাযোগ-দক্ষতা বাড়াতে মানব-শিক্ষকের চেয়েও বেশি কাজে দেবে।গবেষকেরা অটিস্টিক শিশুদের সহায়তায় হাঁটুসমান উচ্চতার যে দুটি রোবট ব্যবহার করেছেন, তা ফ্রান্সের রোবট নির্মাতা প্রতিষ্ঠান আলদোবারোর তৈরি। রোবট দুটির নাম ‘ম্যাক্স’ ও ‘বেন’। রোবট দুটির দাম পড়বে ১৫ হাজার পাউন্ড। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই রোবট যুক্তরাজ্যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্স কাউন্সিলের (ইএসআরসি) এবারের উৎসবে প্রদর্শনের ব্যবস্থা করেছে। সাধারণত সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো উদ্ভাবনগুলো বাৎসরিক এই উৎসবে স্থান পায়। রোবট দুটি গত মার্চ মাস থেকে বার্মিংহামের ক্যাসল ভ্যালিতে অবস্থিত টপক্লিফ প্রাথমিক বিদ্যালয়ে রেখে এর কার্যকরিতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ওই বিদ্যালয়ের এক-চতুর্থাংশ শিশুই অটিস্টিক। পৃথক পৃথক ক্লাসে নিয়ে এবং ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই শিশুদের সহায়তা দেওয়া হয়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন বিভাগের গবেষক কারেন গিল্ডবার্গ বলেন, ‘প্রযুক্তি কীভাবে অটিস্টিক শিশুদের আরও কার্যকরভাবে সাহায্য করতে পারে, আমরা তা পর্যবেক্ষণ করে দেখছি।’ গবেষকদের মতে, অটিস্টিক শিশুরা বিশেষ করে সামাজিক ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তিকে অধিকতর নিরাপদ মনে করে থাকে। টপক্লিফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ান লোয়ে বলেন, রোবটের কোনো আবেগ নেই। শিশুরা এগুলোর সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। অটিস্টিক শিশুদের শেখানোর ক্ষেত্রে এই রোবট চমৎকার ভূমিকা রাখতে পারছে। তিনি জানান, এই রোবটকে ভাষা শেখানো, খেলা ও বিভিন্ন চরিত্র বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এমনকি স্কুলের সমাবেশেও (অ্যাসেম্বলি) এই রোবট ব্যবহার করেছেন। ভবিষ্যতে শুধু স্কুলে নয়; বাড়িতেও এটা ব্যবহার করা যায় কি না, এখন সেই উপায় খোঁজা হচ্ছে। দ্য টেলিগ্রাফ।