মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘অটিস্টিক শিশুরা আমাদেরই শিশু। আসুন, সকলে স্ব স্ব অবস্থান থেকে তাদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই অটিস্টিক শিশুদের সঠিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। লাইট ইট আপ ব্লু প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের মতো এ সরকার অটিজমে আক্রান্ত শিশুদের কল্যাণে সর্বাত্মক কাজ করে যাবে।’অটিজম সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষে ৯ এপ্রিল শিশু একাডেমীতে অটিস্টিক চিলড্রেনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব ও নাসির উদ্দিন চৌধুরী।বক্তব্য দেন জাফর আলম, মাহবুব উল হক খান, নওয়াব ইসলাম, আবুল হোসেন, ফাহমিদা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী চ্যারিটি বাজার উদ্বোধন করেন। এতে অটিজম শিশুদের খাবার, খেলনা ও শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিশিষ্ট সংগীতশিল্পী নকীব খান। এ ছাড়া অটিস্টিক শিশুরা গান পরিবেশন করে।