অটিস্টিক শিশুদের বেশি লবণ ও চিনি নিষেধ
অটিস্টিক বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মস্তিষ্ক একটু আলাদা। এদের স্থূলকায় হয়ে যাওয়ার ঝুঁকি বেশি। বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদ বলেছেন, চিনি, টেস্টিং সল্ট, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার অটিস্টিক শিশুদের জন্য ক্ষতিকর।
আজ বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আয়োজিত ‘অটিস্টিক শিশুদের সাধারণ চিকিৎসা ও খাবার ব্যবস্থাপনা’ শীর্ষক এক অনুষ্ঠানে হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খাবার সম্পর্কে এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে তামান্না চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মা–বাবা বা অভিভাবকেরা সাধারণত অটিস্টিক শিশুদের কথা, দৃষ্টি—এসব নিয়েই চিন্তিত থাকেন। তার কৃমি আছে কি না, মুটিয়ে যাচ্ছে কি না, সেদিকে কম খেয়াল করেন। কিন্তু অটিস্টিক শিশুদের সুস্বাস্থ্যের জন্য এগুলো গুরুত্বপূর্ণ বিষয়।’
হাসপাতাল কর্তৃপক্ষ ৪৫ জন অটিস্টিক শিশুর জন্য স্বাস্থ্যসেবা এবং সঙ্গে আসা তাদের বাবা-মা বা অভিভাবকদের জন্য এই সেমিনারের আয়োজন করে। প্রতিটি শিশুর ওজন, উচ্চতা, রক্তচাপ ও রক্তে শর্করা পরিমাপ করা হয়। এই সেমিনারে অভিভাবকদের মূলত খাবার সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবেল (পিএফডিএ) এই কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ফারজানা ইসলাম।
তামান্না চৌধুরী অভিভাবকদের উদ্দেশে বলেন, চিনি, শরবত, কমল পানীয়, মিষ্টি, আইসক্রিম, চকলেট—এসব অটিস্টিক শিশুদের হাইপার অ্যাকটিভ করে ফেলে। অন্যদিকে বাদাম, ডিম, মাছ, দুধ—এসব শিশুর জন্য উপযুক্ত খাবার। তিনি বলেন, ‘ভালো প্রোটিন ধৈর্য বাড়ায়।’ কিছু শিশুর জন্য গম বা গমের তৈরি খাবার ক্ষতিকর হতে পারে।
অনুষ্ঠানে পিএফডিএর নির্বাহী পরিচালক সাজিদা রহমান অটিস্টিক শিশুদের সেবায় বেসরকারি বড় প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন যেন এসব শিশু অগ্রাধিকারভিত্তিতে কম মূল্যে চিকিৎসাসেবা পায়।