অটিস্টিক শিশুর জন্য পোষা প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে কুকুর বা অন্য কোনো পোষা প্রাণী থাকলে অটিজমে আক্রান্ত শিশুর উপকার হয়। এসব প্রাণীর সহায়তায় ওই শিশু সামাজিক জীবন ও পারস্পরিক যোগাযোগের মতো বিভিন্ন আচরণ সহজে শিখতে পারে। যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব অটিজম অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা যুক্তরাষ্ট্রের ৭০টি বাড়ির ওপর জরিপ চালান, যেখানে ৮ থেকে ১৮ বছর বয়সী অন্তত একটি অটিস্টিক শিশু বসবাস করে। গবেষক গ্রেচেন কার্লাইল বলেন, অটিজমে আক্রান্ত শিশুরা অন্যদের সঙ্গে সব সময় মিশতে চায় না। কিন্তু কোনো পোষা প্রাণী সঙ্গে থাকলে তারা অতিথিদের সামনে কিছুটা সহজ হতে পারে। তখন তারা অপরিচিত মানুষের বিভিন্ন প্রশ্নের জবাবও দিতে পারে। আইএএনএস।