অটোগ্রাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলা উপলক্ষে কাঁটাবনের ‘আকাশ লীনা’ প্রকাশনী থেকে মাসুদ আহমেদ ‘লেখক প্রকল্প’ চালু করেছেন। অনেক তরুণ তাঁদের পাণ্ডুলিপি নিয়ে ভিড় করেছেন। যে উত্সাহ নিয়ে তরুণেরা ভিড় করেছেন, মাসুদ সাহেবের সঙ্গে কথা বলার পর অনেকেই কিছুটা হতাশ হয়েছেন।
‘শোনো মিয়ারা, তোমরা টেকা দিবা, আমরা বই ছাপব। মেলার ১৫ তারিখে স্টলে বই পাইবা। ফ্রি পাইবা ৫০ কপি। পত্রিকায় রিভিউ হবে। বিভিন্ন টিভি চ্যানেলও প্রোগ্রাম করে। সেখানেও বই সামনে ধইরা নিজের মুখ দেখাইতে পারবা। ভাগ্য ভালো থাকলে অটোগ্রাফের বন্যা বয়া যাইব!’
মাসুদ সাহেবের এই রকম ঘোষণা ভীষণ ভালো লেগে যায় মইনের। মইন কবিতা লেখে। অনেক আশা ছিল এবার বই বের করবে সে এই প্রকাশনী থেকে। একটা নামও ঠিক করেছে সে। ‘অন্ধকারের রাজকন্যা’। মইন ডিগ্রি পাস করতে পারেনি কবিতা লেখার জন্য। পাশের বাড়ির রুমানার সঙ্গেও প্রেম হয়নি কবিতার জন্য। খুব সামান্য কারণ। চিঠি শেষ করেছিল সে জীবনানন্দ দাশের কবিতা দিয়ে। কিন্তু ভুল করে কবি নজরুল ইসলামের নাম লিখে ফেলেছিল মইন। তাতেই রেগেটেগে স্ট্রেট বলেছিল রুমানা, তুমি আর আমার দুই চোখের সামনে আসবা না। সে জন্যই কবিতার বইয়ের নাম ‘অন্ধকারের রাজকন্যা’। উত্সর্গে সে লিখেছে, ‘কোনো এক রাজকন্যাকে, যে আমাকে ভালোবাসতে নিষেধ করেছে। তবু আশা ছাড়িনি।’
ঠিক তখন মাসুদ সাহেব তাঁর পাণ্ডুলিপিটা তুলে ধরে বলেন, এই পাণ্ডুলিপি কার? মইন আহমেদ কে?
মইন স্কুলের ছাত্রদের মতো হাত তোলে। মইনের বন্ধু বাবলু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একজন এসে কানে কানে বললেন, ‘আপনি একটু থাইকেন। বস কথা বলবে।’
মাসুদ সাহেব গম্ভীর দৃষ্টিতে পাণ্ডুলিপির পাতা উল্টাচ্ছেন। মইন আর বাবলু টেনশনে তাকিয়ে আছে তাঁর মুখের দিকে। মাসুদ সাহেব বললেন, মাত্র ৪০টা কবিতা? খুবই কম। তবে কবিতাগুলা ভালো। পাঠক খাইব।
জি, মাসুদ ভাই।
সিস্টেম জানেন তো? কবিতার বইয়ের জন্য একটু কম রেট। বিশ হাজার। সঙ্গে পঞ্চাশ কপি ফ্রি।
অসুবিধা নাই। দরকার হলে আমার ল্যাপটপ বিক্রি করে দেব।
মাসুদ সাহেব হাসেন, অটোগ্রাফের জন্য সিগনেচার রেডি করেছেন?
মানে?
আরে ভাই, আপনি তো স্টলে বসবেন। আপনাকে অটোগ্রাফ দিতে হবে না? সিগনেচার একটু শর্ট কইরেন। তাইলে অনেক লোক কাভার করতে পারবেন।
মইনের দুই চোখে তখন তুমুল স্বপ্ন। সে স্টলে বসে আছে। চারপাশ ঘিরে পাঠিকারা। সবাই তার অটোগ্রাফ চাইছে। দূরে রুমানা দুই হাত বাড়িয়ে ক্ষমার ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করে এ রকম উদাস হয়ে তাকিয়ে থাকায় মাসুদ সাহেব ভ্রু কুঁচকে তাকান। মইন বলে, না, থাক। এবার থাক। কবিতাগুলো একটু ঘষামাজা করে নিই। সামনের বছর যদি কোেনা প্রকাশক আগ্রহ করে ছাপে।