অটোরিকশা চালক সমিতির স্মারকলিপি
প্রশাসনের সহায়তা পেতে আনোয়ারার বরুমচড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতি স্মারকলিপি দিয়েছে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। রুস্তমহাটে অটোরিকশা রাখতে বাধার সৃষ্টি করায় ১৬ মার্চ তারা স্মারকলিপি দেয়।
জানা গেছে, উপজেলার বরুমচড়া-বটতলী রুটে সিএনজিচালিত দুই শতাধিক অটোরিকশা যাতায়াত করে। এসব যানবাহনের চালকেরা দীর্ঘদিন ধরে রুস্তমহাটে খাস জায়গায় তাঁদের গাড়ি রাখলেও কিছুদিন ধরে বাজারের কয়েকজন ব্যক্তি তাঁদের গাড়ি রাখতে বাঁধা দিচ্ছেন। এ সমস্যা সমাধানে গত সোমবার দুপুরে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চালকেরা। এ সময় আওয়ামী লীগ নেতা আজাদ সিকদার, খোরশেদ আলম, বরুমচড়া সিএনজি চালক সমিতির সভাপতি মো. আইয়ুবসহ সিএনজির চালক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ইউএনও মুফিদুল আলম জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।