‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়েছি কোর্ট-বিল্ডিং যাওয়ার উদ্দেশে। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও কোনো বাস-টেম্পো পাইনি। রাস্তায় কিছু সিএনজিচালিত অটোরিকশা খালি থাকলেও চালকেরা নির্ধারিত ভাড়ায় যাত্রী নিতে রাজি হচ্ছিলেন না। শেষে ৭০ থেকে ৮০ টাকার জায়গায় আড়াই শ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় এসেছি।’কর্নেলহাট এলাকার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ার আবসার আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে নিজের দুর্ভোগের কথা এভাবেই তুলে ধরলেন।গতকাল পরিবহন মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে শহর এলাকায় বাস চলেনি। এ কারণে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়েছে নগরবাসীকে। বাস না চলায় রিকশা, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের দৌরাত্ম্য বেড়ে যায় সীমাহীন। তাঁরা বাস না থাকার সুযোগে দ্বিগুণ-তিন গুণ ভাড়া হেঁকেছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফি-উল-হক থাকেন হালিশহর জে ব্লকে। তিনি জানান, ‘সকালে জামালখান ক্যাম্পাসে আসার জন্য বহু চেষ্টা করেও কোনো রিকশা বা অটোরিকশা পাইনি। বড়পুল পর্যন্ত হেঁটে এসে দেখি প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে। গাড়ি পাওয়াটা তখন ভাগ্যের ব্যাপার। তাই হেঁটেই ক্যাম্পাসে আসতে হলো।’চান্দগাঁও কর্মজীবী মহিলা হোস্টেলে থাকেন বেসরকারি মুঠোফোন কোম্পানিতে কর্মরত মৌসুমি নাথ। চান্দগাঁও এলাকা থেকে তাঁর কার্যালয় চৌমুহনীতে এসেছেন ৭০ থেকে ৮০ টাকার স্থলে ১২০ টাকা রিকশা ভাড়া দিয়ে। তিনি বলেন, ‘বহু চেষ্টার পর অতিরিক্ত ভাড়া দিয়ে এক ঘণ্টা দেরিতে অফিসে পৌঁছেছি।’ নগরের জিইসির মোড় এলাকায় বেলা ১১টায় দেখা গেছে, রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক মানুষ যানবাহনের জন্য অপেক্ষা করছেন। বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে ছিলেন গৃহবধূ সাহেলা চৌধুরী। বললেন, ‘বাসা থেকে বের হয়েই দেখি এই অবস্থা। এখন বাচ্চাকে কী করে স্কুলে নিয়ে যাব সেটাই ভাবছি।’ নগরের ওয়াসার মোড়ে দাঁড়ানো অটোরিকশাচালক মো. ছবির নিউমাকের্ট যাওয়ার ভাড়া দাবি করেন ১০০ টাকা। ৪০ টাকার ভাড়া ১০০ টাকা কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, বাস নাই, মানুষে ১৫০-২০০ টাকায়ও যাইতাছে। আমরা তো জোর কইরা নিতাছি না।’