অটোরিকশা থেকে অক্টোপ্যাড
কাপ্তাই-চট্টগ্রাম সড়কে অটোরিকশা চালাতেন নুরুল ইসলাম (২৩)। কাজের ফাঁকে ফাঁকে গান শোনা নেশায় পরিণত হয়েছিল। এই নেশার টানেই নিয়মিত ঢুঁ মারতেন স্থানীয় একটি বাদ্যযন্ত্রের দোকানে। বিক্রির জন্য তুলে রাখা তবলা ও অক্টোপ্যাড নিয়ে বসে যেতেন। তালিম ছাড়াই একসময় ভালো বাজিয়ে হয়ে উঠলেন।নুরুল ইসলাম এখন এলাকায় অক্টোপ্যাড-বাদক হিসেবেই পরিচিত। বিভিন্ন সংগীতের আসরে দেখা যায় তাঁকে। কেবল তা-ই নয়, ধ্রুব পরিষদ কর্তৃক আয়োজিত তবলা বাজানো পরীক্ষায় অংশ নিয়ে প্রথম হওয়ার কৃতিত্বও দেখিয়েছেন তিনি।শিল্পী হয়ে ওঠার গল্পটা নুরুল ইসলামের মুখ থেকেই শোনা গেল। ‘তিন বছর আগেও আমি কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় অটোরিকশা চালাতাম। এ পেশায় অনেক ঝামেলা। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোও বিপজ্জনক। ক্লান্তি দূর করতে গান শুনতাম। ভাবলাম, আমিও তো পারি কিছু একটা করতে। এমন খেয়ালের বশেই অক্টোপ্যাড ও তবলা বাজানো শুরু। এখন অনুষ্ঠান হলেই ডাক পাই। দর্শকেরাও পছন্দ করেন আমার বাজানো।’নুরুল ইসলাম জানান, বছর তিনেক আগে নোয়াপাড়ায় অবস্থিত তবলার দোকান তাল বিতানে যাতায়াত করতেন। তাল বিতানের মালিক গোকুল দাশই তাঁকে অক্টোপ্যাড বাজানোর সুযোগ করে দেন।গোকুল দাশ বলেন, ‘ছেলেটি প্রায় সময় আমার দোকানে আসত। দোকানে রাখা অক্টোপ্যাড ও তবলা বাজাত। ওর বাজানো শুনে বুঝতে পারি, সুযোগ পেলে ছেলেটি বাদক হিসেবে ভালো করবে। তাই ওকে কাপ্তাই তবলা একাডেমির পরিচালক ঝুলন দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’নুরুল ইসলামের বাজানো শুনে মঞ্চে সুযোগ করে দেন ঝুলন দত্ত। এরপর নুরুল ইসলামকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি এখন পুরোদস্তুর অক্টোপ্যাড-শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে তবলা ও অক্টোপ্যাড বাজিয়ে এখন মাসে প্রায় ৩০ হাজার টাকা আয় করেন। নিজের জমানো টাকা দিয়ে একটি অক্টোপ্যাডও কিনেছেন। নুরুল ইসলাম সম্পর্কে শিল্পী ঝুলন দত্তের মূল্যায়ন, অসাধারণ হাতের কাজ জানেন তিনি। সম্পূর্ণ নিজের চেষ্টা ও ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে অক্টোপ্যাড আয়ত্তে আনতে পেরেছেন। তিনি এখন অন্যদের অক্টোপ্যাড ও তবলা শেখাচ্ছেন। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও পরিচিতি পাবেন।