অটোরিকশায় ইচ্ছেমতো ভাড়া আদায়
লাভ লেনের আত্মীয়র বাসা থেকে মুরাদপুরের মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরার জন্য গৃহিণী উম্মে সালমা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চেষ্টায় আছেন একটি অটোরিকশা পাওয়ার। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে সোয়া আটটায় মিলল সেই অটোরিকশা। তা-ও দ্বিগুণ ভাড়ায়। সচরাচর ভাড়া ৫০ থেকে ৬০ টাকা (মিটার ছাড়া)। সেখানে তাঁকে গুনতে হয়েছে ১০০ টাকা। এটি নগরের গত সোমবারের চিত্র। তখনো সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) বর্ধিত দাম ও অটোরিকশার ভাড়া কোনোটাই কার্যকর হয়নি। এর মধ্যেই সিএনজিচালিত অটোরিকশার চালকেরা গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে স্থানভেদে ভাড়া বাড়িয়ে দিয়েছেন ৩০ থেকে ৪০ টাকা। পরদিন মঙ্গলবার তো চালকেরা আরও বেপরোয়া। ব্যবসায়ী আবু বকর চৌধুরী বলেন, ‘ব্যবসার কাজে প্রতিদিন আমাকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় যেতে হয়। আমার চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে কয়েক দিন আগেও সিএনজিচালিত অটোরিকশা নিত ১০০ টাকা। এখন নিচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। সরকার ভাড়া বড়িয়েছে ১৪ পয়সা আর চালকেরা সে অজুহাতে বাড়িয়ে দিয়েছে ৩০ টাকা। মোটকথা, অটোরিকশাচালকেরা আমাদের পকেট কাটতেই থাকবেন।’গৃহিণী উম্মে সালমা অভিযোগ করে বলেন, ‘সড়কে অনেক অটোরিকশা দেখা যাবে। কিন্তু যেতে বললে চালকেরা যাবেন না। তাঁদের ইচ্ছেমতো সড়কে চলাচল করবেন। আর মিটার তো দূরের কথা, তাঁদের নির্ধারিত ভাড়া ছাড়া এক টাকাও কম নেবেন না। তাঁদের সাফ জবাব—গেলে এ ভাড়ায় যেতে হবে, না হলে অন্যটি দেখেন।’এ প্রসঙ্গে অটোরিকশাচালক মোহাম্মদ বেলাল বলেন, ‘রাস্তায় যে যানজট থাকে তাতে এক ভাড়াতেই দুই-তিন ঘণ্টা চলে যায়। মিটারে গেলে আর বাঁচতে হবে না। আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, বাড়তি ভাড়া না নিলে চলব কী করে।’সরকার সিএনজি গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৫ থেকে ৩০ টাকা করেছে। সেই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার পর থেকে কিলোমিটারপ্রতি ১৪ পয়সা করে বাড়ানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া বাড়ালে সে অজুহাতে চালকেরা বাড়তি ভাড়ার খড়গটা চালান যাত্রীদের ওপর। তাঁরা কোনো আইন মানেন না। চট্টগ্রাম সিএনজিচালিত বেবিট্যাক্সি মালিক সমিতির যুগ্ম সম্পাদক রতন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চালকেরা দ্বিগুণ-তিন গুণ বেশি ভাড়া আদায় করেন—এ কথা সত্য। আমি নিজেও ভুক্তভোগী। এঁদের দৌরাত্ম্য কিছুতেই থামানো যাচ্ছে না।’ তিনি এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন—এ কথা স্বীকার করে চট্টগ্রাম বেবি ট্যাক্সি টেম্পো ড্রাইভার ও সহকারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সরকার বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা অসহায়। সবকিছুর দাম বেড়েছে। এখন আবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তাহলে আমরা যাব কোথায়।’ তিনি বলেন, ‘তবে সব চালক দ্বিগুণ-তিন গুণ ভাড়া আদায় করেন, তা নয়। যাঁরা অতিরিক্ত ভাড়া আদায় করেন, এঁদের বেশির ভাগ ভুয়া লাইসেন্সধারী। এঁরা আমাদেরও নিয়ন্ত্রণে নেই।’এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার চলকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন—এ রকম অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু এখন মিটার ক্যালিব্রেশন না করা পর্যন্ত এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ মিটারে ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, মিটারে সব অটোরিকশাকে চলতে হবে। কিন্তু বারবার ভাড়া পুনর্নির্ধারণ করায় মিটার ক্যালিব্রেশন করতে হচ্ছে। ফলে চালকেরা সে সুযোগ নেন।