অণুজীববিজ্ঞানের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলমূল, ভাত সহজে পচে যায়, কিন্তু বিস্কুট অনেক দিন টাটকা থাকে কেন? কেন চকলেট খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর? বসন্ত রোগটি জীবনে সাধারণত একবার হয় কেন? হেপাটাইটিস হলে কেন মুখ, হাতের তালু হলুদ হয়?দৈনন্দিন জীবনে এসব প্রশ্নের মুখোমুখি আমরা প্রায়ই হই, অথচ এসবের মূলে যে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের কারসাজি, এ সম্পর্কে আমরা কতটা জানি?স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কমপ্লেক্সে ৯ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হলো অণুজীববিজ্ঞান উৎসব, ২০১৩। উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘুরে ঘুরে দেখছিলেন মডেল ও পোস্টার। বিভাগের চেয়ারপারসন মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক প্রমুখ। অণুজীববিজ্ঞান উৎসবের বিভিন্ন আয়োজন দেখে বিস্মিত হন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী শাম্মা বলেন, ‘এখানে এসে অনেক নতুন জিনিস জানতে পারলাম! এক দিন নয়, এ উৎসব দুই-তিন দিন ধরে হওয়া উচিত।’হলিউডের চলচ্চিত্রে হরহামেশাই দেখা যায় ভাইরাস-ব্যাকটেরিয়া মানবজাতিকে নাজেহাল করে দিচ্ছে—উৎসবে প্রদর্শিত হয় এমন কিছু ছবিরও অংশবিশেষ। ছিল সচেতনতামূলক চিত্র প্রদর্শনের ব্যবস্থাও।ব্যাকটেরিয়া নামটি শুনলেই সবাই ভাবে ক্ষতিকর রোগজীবাণু, কিন্তু এর বাইরেও যে কত উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, তা অনেকেই জানে না। এ প্রজন্মের তরুণেরাই হবেন ভবিষ্যৎ বিজ্ঞানী, আর তাঁদের জীবপ্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়ানোর জন্যই এ আয়োজন—বলছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক।অনুষ্ঠানের শেষাংশে ছিল কুইজ প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর-পর্ব, যেখানে আগ্রহী শিক্ষার্থীদের প্রশ্নের সাবলীল উত্তর দেন বিভাগের শিক্ষকমণ্ডলী। ছাত্রছাত্রীদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং কুইজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণতা পেল এ উৎসব।