মৃদুল স্যারের সঙ্গে রানু আপার ফোনালাপ আমি খুব মনোযোগের সঙ্গে শোনার চেষ্টা করছি। ওপাশ থেকে স্যার কী বলছেন, সেটা শুনতে না পারলেও আপার কথার পরিপ্রেক্ষিতে দুজনের সম্পূর্ণ কথোপকথন আন্দাজ করে নিচ্ছি। রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আপা সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের গৃহশিক্ষক মৃদুল স্যারকে ফোন করে। আমি রোজ আপার পাশে শুয়ে ঘুমের ভান করে সেসব প্রেমালাপ গিলতে থাকি। আপা যখন বেশি ফিসফিস করে কথা বলে, তখন তার প্রেমালাপের অনেক লাইন মিস করে ফেলি।বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভালো ছাত্রটিকে বড় চাচা যেদিন আমাদের দুজনার গৃহশিক্ষক হিসেবে নিয়োজিত করেছেন, সেদিন থেকে আমারও তাঁর প্রতি ভালোবাসা জন্মেছে। কিন্তু স্যারকে সেটা জানানোর আগেই আপা গোপনে স্যারের সঙ্গে প্রেম শুরু করেছে।স্যার দেখতে অত্যন্ত সুদর্শন হলেও আমার প্রতি নির্দয় আচরণ করেন। পড়া না পারলে কাঠের মোটা স্কেল দিয়ে আঙুলের ওপর মারেন। অথচ আপার জন্য শুধু কানমলা বরাদ্দ। কানমলা খাওয়ার লোভে আপা ইচ্ছা করে ভুল করে আর স্যারের দিকে তাকিয়ে বোকার মতো হাসে। আমার তখন রাগে গা জ্বলে। ইচ্ছা করে বড় চাচাকে নালিশ করে স্যারের এই কীর্তির কথা জানাই। কিন্তু শক্ত প্রমাণের অভাবে পারি না।সেদিন একটু ইংরেজি গ্রামার ভুল করেছিলাম, স্যার আমাকে পেটানোর প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ আপা স্যারের হাত চেপে ধরে বলল, ‘ওকে মেরো না, প্লিজ।’ আপার কাণ্ডে আমি অবাক। কত সহজে স্যারের হাত ধরে ফেলল, আবার ‘তুমি’ সম্বোধন করল, অথচ সব সময় সে স্যারকে আপনি সম্বোধন করে।স্যার আমাকে মারলেন না, তবে আপার দিকে তাকিয়ে বললেন, ‘তোমার কাজিন আস্ত একটা গাধা, পড়া না পারলে তো মাঝেমধ্যে শাসন করতেই হবে। তবে তুমি হাত ধরে থামালে, তাই ছেড়ে দিলাম।’ আপা ভীষণ লজ্জা পেয়ে স্যারের হাত ছেড়ে দিল, আর আমি বসে বসে তাদের দুজনের লাইভ প্রেমের নাটকের সাক্ষী হলাম।আপা আর স্যার মাঝেমধ্যে খাতায় লিখে লিখে কথা চালাচালি করেন। স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপা সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে গায়েব করে ফেলে। তাই মন চাইলেও জানতে পারি না কী বিষয় নিয়ে তাদের কথা লেখালেখি হলো। তবে রোজ দুজন যেভাবে চোখ চাওয়াচাওয়ি করে আর ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে, তাতে বুঝি যে তাদের প্রেমের কাহিনি অনেক দূর এগিয়েছে।মাঝেমধ্যে চুরি করে আপার ফোনের এসএমএস চেক করি। কিন্তু কিছুই পাই না। আপা সব সময় সাবধানতা অবলম্বন করলেও রাতের বেলা আমার পাশে শুয়ে ফোনে গল্প করার সময় কেন সাবধানতা অবলম্বন করে না, বুঝি না। আজ রাতে আপা একটু বেশিই কথা বলছে। রাত কয়টা বাজে কে জানে! বাইরে কয়েকটা কুকুর ভয়ংকরভাবে ডেকে উঠল। হয়তো ডেকে ডেকে চোর তাড়াচ্ছে। দাদি বলত, ‘গভীর রাতে কুকুরের ওপর অদৃশ্য শক্তি ভর করে, তাই কুকুর ভয়ংকরভাবে ডেকে ওঠে।’ এটা মনে হতেই আমার গায়ে কাঁটা দিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম, মৃদুল স্যারকে কয়েকটা পাগলা কুকুর তাড়া করছে। স্যার প্রাণপণে দৌড়েও কূল পাচ্ছেন না। তখন আমি তাঁকে বিপদ থেকে উদ্ধার করলাম। কৃতজ্ঞতাস্বরূপ তিনি আমাকে বিয়ে করলেন ঠিকই, কিন্তু বাসররাতে স্কেল দিয়ে আঙুলের ওপর মার লাগিয়ে বললেন, ‘আঙুল ফুলে কলাগাছ বাগধারার অর্থ কী?’ এই জায়গায় ঘুম ভেঙে গেল।ত্রিভুজ প্রেমের সমাধান নিয়ে ভাবতে ভাবতে দিন পার করছিলাম; কিন্তু একদিন স্কুল থেকে ফিরে দেখি চাচি কান্নাকাটি করছেন। কারণ, আপা বাসায় ফেরেনি। রোজ দুপুরের আগে কলেজ থেকে ফিরলেও বিকেল অব্দি তার খোঁজ নেই, ফোনও বন্ধ।আপার বান্ধবীদের ফোন দিয়ে জানা গেল, তারা নাকি সেদিন আপাকে কলেজেই দেখেনি। চাচা আপাকে খুঁজতে বের হলেন। আপা নিখোঁজ হওয়ার দুই দিন পার হলো। স্যারও পড়াতে এলেন না; তাঁর ফোন বন্ধ পেয়ে আমি ধরেই নিলাম তাঁরা দুজন পালিয়েছেন। কিন্তু ভুল ভাঙল পুলিশের ফোনে। জানা গেল, নদীর তীরে আপার লাশ পাওয়া গেছে। এক মাঝি জানিয়েছেন, তাঁর নৌকায় দুজন ছেলেমেয়ে উঠেছিল, কিন্তু মেয়েটা হঠাৎ পানিতে পড়ে যায়। মেয়েটাকে উদ্ধার করতে গিয়ে ছেলেটাও পানিতে ডুবে যায়। মাঝিরা অনেক চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেনি। ছেলেটার লাশের খোঁজ মেলেনি। সব শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাছিনম রহমানশালগাড়িয়া গোডাউন, পাবনা।