ফোনের ওপাশ থেকে কেউ একজন বললেন, আমি সৈয়দ রুহুল আমিন বলছি, আপনি কি শাহ্জামান? : হ্যাঁ।আপনি কি আখাউড়া, আশুগঞ্জে যুদ্ধ করেছেন? অশোক ভার্মাকে চেনেন? মুহূর্তের মধ্যে অনেক কিছু মনে পড়ে গেল শাহ্জামান মজুমদারের। তিনি ফিরে গেলেন সেই একাত্তর সালে। ১৮ রাজপুত ব্যাটালিয়ান। মিত্রবাহিনী। আখাউড়া, আশুগঞ্জের যুদ্ধ। পিতৃসুলভ একটা মুখ। টুকরো টুকরো হাজারও স্মৃতি মুহূর্তেই এসে ভিড় করল মনে। শাহ্জামানের জন্য আরও অনেক বড় চমক অপেক্ষা করছিল। ফোনের ওপাশের ভদ্রলোক জানালেন—‘অশোক ভার্মা আপনাকে অনেক দিন ধরে খুঁজছেন, উনি মুকুন্দপুর মুক্ত দিবসে যোগ দিতে ঢাকা আসছেন, আপনাকে দেখতে চান।’ বিস্ময়ের ওপর বিস্ময়। ‘অশোক আমাকে খুঁজছেন, এই খবরে আমি রীতিমতো আকাশ থেকে পড়লাম। এত দিন পর্যন্ত এক ভারতীয় সেনা কর্মকর্তা মনে রেখেছেন আমাকে!’ এরপর অশোক ভার্মার ঢাকা আসার অপেক্ষার প্রহর গুনতে থাকলেন তিনি। অশোক ভার্মা কিন্তু শাহ্জামানকে ‘শাহজাহান’ নামে খুঁজছিলেন। সেই কাহিনি পাঠক পড়েছেন ‘ছুটির দিনে’র গত সংখ্যায়। দেখতে না দেখতে চলে এল ১৭ নভেম্বর। অশোক ভার্মা উঠেছেন রুহুল আমিনের বাসায়। শাহ্জামানের স্ত্রী নুরুন্নাহারও সমান রোমাঞ্চিত। স্বামী-স্ত্রী দুজনই গেলেন অশোকের সঙ্গে দেখা করতে।‘ওই বাসায় গিয়ে দোরঘণ্টা বাজানোর সময়েই বুক কাঁপছিল আমার। দরজা খোলার সাথে সাথে আমি দেখতে পেলাম অশোক ভার্মা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, আমি গিয়ে তার সাথে হাত মেলালাম। অশোক আমাকে রসিকতা করে বললেন, বেটা তোমাকে কতটুকু দেখেছি, আর এখন এত বড় হয়ে গেছ!’সেদিন অনেক রাত পর্যন্ত সেই বাসায় থাকলেন শাহ্জামান। রাতে অশোকের সঙ্গে খেলেন শাহ্জামান। ‘আমি যতবারই দেখছি, ততবারই অবাক হচ্ছি অশোককে দেখে। এই মানুষটি যে আমাকে এভাবে মনে রাখবেন তা স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি।’অবশ্য সেটা মনে করার যথেষ্ট কারণ ছিল শাহ্জামানের। অশোক উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা ছিলেন, স্বাধীনতাযুদ্ধের সময়ে ১৮ রাজপুত ব্যাটালিয়নের প্রধান ছিলেন। ‘তিনি আমাকে মনে রাখবেন, এটা আমি কল্পনাও করতে পারি না’—শাহ্জামানের সহজ স্বীকারোক্তি। স্বাধীনতার ৪০ বছর পর সাক্ষাতের সেই রাতে আবেগ ধরে রাখতে পারলেন না শাহ্জামান। এক অকৃত্রিম মমতার বাঁধনে জড়িয়ে ধরলেন একে অপরকে। তাঁর চোখে আনন্দ অশ্রু!পরদিন মুকুন্দপুর মুক্ত দিবসে দুই সহযোদ্ধার মধ্যে আবার দেখা হলো ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুরে। মঞ্চে অতিথির আসনে বসেছেন অশোক। আর নিচে প্রথম সারিতে বসা শাহ্জামান। বক্তব্য দিতে গিয়ে অশোক খুব বেশি কিছু বললেন না সেদিন, শুধু পুত্রতুল্য শাহ্জামানকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। আর সবকিছুর জন্য রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না।অনুষ্ঠান শেষ হওয়ার পর অশোক সারাক্ষণ শুধু শাহ্জামানকে পাশে রাখলেন। দুজনে মিলে ঘুরলেন মুকুন্দপুর আর আশপাশের এলাকা। যুদ্ধদিনের কত স্মৃতি লুকিয়ে আছে এই মুকুন্দপুরের আনাচে-কানাচে, সে সবের খোঁজেই হয়তো!শাহ্জামান বলছিলেন,‘আমি অশোককে বললাম, আপনার মনে আছে একবার আপনাদের খাবার শেষ হয়ে গিয়েছিল, আমরা গ্রাম থেকে ডিম ও অন্যান্য খাবার আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। অশোক সঙ্গে সঙ্গে মনে করতে পারলেন সেই দিনের কথা, আর হাসলেন! ‘এভাবে আবারও আমরা পরস্পর একে অপরের অনেক কাছে চলে আসলাম।’অশোকের সঙ্গে অনেক পুরোনো স্মৃতির জট তখন খুলতে লাগল শাহ্জামানের। তাঁর মনে পড়ে গেল, আখাউড়া যুদ্ধে অশোকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃসাহসী এক অভিযানের কথা। সেদিন নিহত হয়েছিল ২৮ জন পাকিস্তানি সেনা। ‘ঢাকায় থাকার সময় আমি প্রতি সন্ধ্যায় উনার সাথে দেখা করেছি। আমরা একে অপরের যুদ্ধের স্মৃতি বিনিময় করেছি, পরিবার নিয়ে আলোচনা হয়েছে।’ বলছিলেন শাহ্জামান। তবে বিদায়বেলা বিচ্ছেদের শোক ছাপিয়ে গেল দুজনকেই। ‘চলে যাওয়ার সময়ে অশোকের চোখ ছলছল করতে দেখলাম, উনি আমাকে কাছে ডাকলেন, এরপর নিজের কোট থেকে ১৮ রাজপুত ব্যাটালিয়নের ব্যাজটি খুলে আমাকে পরিয়ে দিলেন, আমার চোখে পানি এসে গেল—বলতে বলতে আবেগে শাহ্জামানের কণ্ঠ ধরে আসে। অশোকের দেওয়া ব্যাজটি অনেক যত্ন করে রেখে দিয়েছেন শাহ্জামান।