অতঃপর সবুজ চোখের মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের সম্পর্কে খুব সচেতন তুলি। ছবি: প্রথম আলো
নিজের সম্পর্কে খুব সচেতন তুলি। ছবি: প্রথম আলো

কারও হাতে ক্যামেরা, কারও হাতে মুঠোফোন—সবাই চায় আশ্চর্য সবুজ চোখ জোড়া ক্যামেরাবন্দী করতে। গত ২৫ অক্টোবর প্রথম আলোর সাপ্তাহিক ছুটির দিনে ক্রোড়পত্রে ‘সবুজ চোখের সেই মেয়েটি’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়। এরপর পুঠিয়ার তুলি সম্পর্কে আরও জানতে প্রথম আলোর ঢাকা এবং রাজশাহী কার্যালয়ে প্রচুর ফোন আসতে থাকে। অনেকেই তুলি নামের সেই মেয়েটির সঙ্গে দেখা করতে চেয়েছেন। মেয়েটির বাড়িতে ভিড় লেগেই ছিল সারা দিন। 

তুলির আঁকা ছবি
তুলির আঁকা ছবি

অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লাজারের ক্যামেরায় উঠে এসেছিল সবুজ চোখের এই মেয়েটির ছবি।
সেই সূত্রেই কয়েকটি আন্তর্জাতিক সাময়িকীর প্রচ্ছদে উঠে আসে তুলির মুখ। আমরা খুঁজে বের করেছিলাম সেই মেয়েটিকে।
তুলির গল্প ছাপা হওয়ার পর ৩০ অক্টোবর তুলিদের বাড়িতে গিয়ে তার সঙ্গে আবার কথা হয়। দেখা গেল তুলি তার নিজের সম্পর্কে যথেষ্ট সচেতন। মজার ব্যাপার, তুলির নাম নাকি শুধুই তুলি। তুলির আগে-পরে আর কিছু নেই।
আগেই শুনেছিলাম তুলি আঁকতে পারে, গাইতে পারে। ভালো নাচতেও পারে।
তুলি তার ছবির খাতা বের করে দেখাল বিচিত্র বিষয় নিয়ে তার আঁকা সব ছবি। একটি ছবিতে রয়েছে ছোট্ট শিশুর বন্ধু একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়ার মাথায় আবার লাল টুপি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে বল চলে গেছে দেয়ালের ওপরে। বল আনতে মই বেয়ে উঠছে একটি শিশু। তার পিছু নিয়েছে বাড়ির পোষা বিড়ালটি। তুলি এঁকেছে হলিউডের ফ্রোজেন ছবির পোস্টারও।
তুলি বলছিল, ‘আমার মডেলিং করার শখ। সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে।’
তুলির বোন দুলি জানান, প্রথম আলোতে প্রতিবেদন হওয়ার পরের দিনই ২০-৩০ জন মানুষ তুলির সবুজ চোখের ছবি তুলতে চলে আসেন। কেউ ক্যামেরা নিয়ে এসেছেন। কেউ মুঠোফোনেই তুলির চোখের ছবিটি ধারণ করতে চান। প্রথমে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। পরে তিনি সবাইকে বুঝিয়ে ফেরত পাঠান।

তুলি আর দুলি দুই বোন
তুলি আর দুলি দুই বোন

বোন দুলি বলছিলেন, এলাকায় এখন তাঁদের কদর বেড়ে গেছে। প্রচুর অনুষ্ঠানের দাওয়াত আসছে। ডাক পড়েছে রাজশাহীতে প্রথম আলোর পাঠক সংগঠন আয়োজিত বন্ধুমেলায়। আরও বিভিন্ন জায়গা থেকে এ রকম আমন্ত্রণ আসছে। তুলির সামনে জেএসসি পরীক্ষা। তুলি ছবি আঁকতে পারে শুনে রাজশাহীর আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আরাফাত রুবেল তুলিকে ছবি আঁকার রংতুলি উপহার দেন।
এদিকে তুলিকে নিয়ে ছুটির দিনেতে প্রচ্ছদ রচনা প্রকাশিত হওয়ার পর অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লাজার জানিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে ফেসবুকে প্রচুর ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাচ্ছেন। বাংলাদেশে তাঁর চেনা-পরিচিত মানুষের কাছ থেকে তিনি এরই মধ্যে শুনেছেন, ‘সবুজ চোখের সেই মেয়েটি’ শিরোনামের ফিচারটি বাংলাদেশে দারুণ আলোচিত হয়েছে। ফেসবুক-বার্তায় ডেভিড জানতে চেয়েছেন তুলি এখন কেমন আছে। জানতে চেয়েছেন তুলির বোন দুলির খোঁজখবরও। ডেভিড চান তুলি আর দুলি যেন সব সময় ভালো থাকে। এবং জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে।