অতি চালাকি
আমার আপু নতুন শিল্পী তাওসীফের ভক্ত। তাওসীফের যত গান আছে, সব তার সংগ্রহে। কিন্তু সমস্যা হলো, সে তাওসীফের সঙ্গে পরিচিত হতে চায়। তাই তার ফোন নম্বরটা পেতেই হবে। সকাল-বিকেল যাকে যেখানে পায়, তাওসীফের ফোন নম্বর জোগাড় করে দিতে বলে। সবচেয়ে বেশি বিরক্ত করে আমাকে। আপুকে আমার প্রশ্ন, আচ্ছা, তুমি ফোন নম্বর দিয়ে কী করবা? প্রেম করবা? সে বলে, হ্যাঁ করব। আমি বলি, তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে বেচারা তাওসীফের। সে বলল, কেন? কেন আবার, তুমি জানো না তাওসীফ বিবাহিত (যদিও আমি নিজেই জানি না)। তারপর আবার ছোট দুটি বাচ্চাও আছে। এখন তোমার মতো এমন সুন্দরী একটা মেয়ে যদি তাকে প্রপোজ করে, তাহলে বেচারা তা মেনে নিতে পারবে না, রিফিউজ করতেও পারবে না। বোঝো, তখন তার অবস্থা কী হবে? ঠিক আছে, আমি শুধু তাঁর বন্ধু হব। আমি বলি, তাহলেও সমস্যা আছে। (আসলে তাওসীফের ফোন নম্বর জোগাড় করতে পারব না বলেই আপুকে নিরস্ত করছিলাম)। কারণ প্রথমে হয়তো তোমরা বন্ধু হবে। তারপর তুমি দেখা করতে চাইবে। হাজার হলেও তুমি তাঁর ফ্যান। সুতরাং দুজনের দেখা। আর দেখা হলেই যে নির্ঘাত প্রেমে পড়বা, এটা আমি নিশ্চিত। আপু হেসে বলল, আচ্ছা, যা বন্ধুটন্ধু কিছু হব না, শুধু একবারই কথা বলব। ভাবলাম তাও ভালো। এখন একটা ফোন নম্বর দিলেই হলো। বন্ধুদের সঙ্গে সলাপরামর্শ করে ঠিক করলাম দীপকের নম্বরটাই দেওয়া যায়। কারণ, ও ভালো গান গাইতে পারে। তা ছাড়া দীপক আমাদের নতুন বন্ধু, তাই কণ্ঠ চিনে ফেলার ভয়ও নেই। সুতরাং দীপককে ভালোভাবে বুঝিয়ে দিলাম। বাচ্চা দুটির নামও ঠিক করে দিলাম। অর্ক আর দীপ্ত। আর বললাম, তুই নিজে কখনো ফোন দিবি না। কয় দিন পর সিমটা ফেলে দিবি। আপুকে নম্বরটা দিতেই আপুর সে কি উচ্ছ্বাস! মনে মনে বললাম, এখন দীপক সব ঠিকঠাকভাবে করতে পারলেই হয়। প্রথম দিন দীপক ঠিকভাবেই সফল হলো। কিন্তু বিপত্তি বাধল কয় দিন পর। কে জানত, শালা যে একটা বেকুব। আরে হাঁদারাম! তুই যখন ভয় পাচ্ছিস, তখন ফোন রিসিভ করিস না। না, রিসিভ করে আপুকে গড় গড় করে সব বলে দিলি। দৌড়ে এসে আবার আমাদেরও বলল। শুনে আমার অবস্থা তখন কেরোসিন। সবাই মিলে বেকুবটাকে দিলাম ঝাড়ি। আর আমার বুকের পাটা এত বড় নয়, বাসায় গিয়ে হাজির হব। তাই দুই দিন হলো পালিয়ে বেড়াচ্ছি। গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।