অতি ধনী চেনার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিশ্বে অতি ধনীর সংখ্যা বৃদ্ধির হারে সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ অতি ধনীকেই আমরা চিনি না! কিন্তু তাঁরা তো আমাদের আশপাশেই বিচরণ করছেন। তাই অতি ধনীদের কিছু বৈশিষ্ট্য চিনিয়ে দিচ্ছেন অতি গরিব লেখক মিকসেতু মিঠু

(কিছু বৈশিষ্ট্য আপনার সঙ্গেও মিলে যেতে পারে, তাই বলে নিজেকে অতি ধনী ভাববেন না!)

১. দুলাল নামে তাদের একটি সন্তান থাকে। এ কারণে বাংলা ব্যাকরণ বইয়ে বলা হয়—ধনীর দুলাল।

২. অতি ধনীদের সম্পদ মধুর চেয়েও মিষ্টি, ফলে পিঁপড়াদের কাছে তা লোভনীয় খাবার।

৩. অতি ধনীদের হাতের ১০টি আঙুলে একটি করে আংটি শোভা পায়।

৪. পাঁচ টাকার বিল হলে পাঁচ শ বা হাজার টাকার নোট বের করেন। ভাংতি পাওয়া না গেলে আবার এ পকেট-সে পকেট খুঁজে ঠিকই ৫ বা ১০ টাকার নোট বের করে ফেলেন।

৫. পকেটের পরিবর্তে মোবাইল ফোন হাতে নিয়ে ঘুরতে ভালোবাসেন।

৬. আকাশ মেঘলা থাকলেও সানগ্লাস পরে ঘোরেন।

৭. গাড়ি নিয়ে সিগন্যালে আটকা থাকলে অকারণে হর্ন বাজান।

৮. সাধারণত পত্রিকা পড়েন না, তবে গাড়িতে ইংরেজি পত্রিকা নিয়ে ঘুরতে পছন্দ করেন।

৯. ফেসবুকে অ্যাকাউন্ট থাকলেও কখনো কারও পোস্টে লাইক-কমেন্ট করেন না।

১০. কালেভদ্রে একদিন পরিচিত কারও সঙ্গে ফুটপাতের দোকানে চা খান, তবে ‘কাপ গরম পানি দিয়ে ধুইছ তো?’, ‘পানিটা বিশুদ্ধ তো?’, ‘লিকারের রং এমন ক্যান?’—এ জাতীয় প্রশ্ন করে দোকানদারকে নাজেহাল করে ছাড়েন।

১১. কেউ হাত পাতলে একটা টাকাও দেন না, তবে বিদেশে গিয়ে ঘাড় ম্যাসাজ করতেই ব্যয় করেন লাখ টাকা।

১২. অর্থনৈতিকভাবে দুর্বল বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের এড়িয়ে চলতে ভালোবাসেন।

আঁকা: শামীম আহমেদ