অতি ব্যবহূত পাসওয়ার্ড
ইন্টারনেটে ই-মেইল অ্যাকাউন্ট বা ফেসবুকের পাসওয়ার্ড হিসেবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 12345’। সম্প্রতি পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে দেখা গেছে ওয়েব ব্যবহারকারীদের প্রতি পাঁচজনের একজন তাদের পাসওয়ার্ড হিসেবে ‘123456’ ছাড়াও ‘abc123’ ‘I Love you’ অথবা Password’ জাতীয় শব্দ ব্যবহার করে। হ্যাকারদের বাধা দানকারী সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইমপারভা এই জরিপ চালায়। ইমপারভার প্রধান প্রযুক্তি কর্মকর্তা আমিচাই শুলমান বলেন, কোনো মানুষ যখন প্রথমেই কোনো শব্দের কথা চিন্তা করে, তখন এসব সহজ শব্দ মাথায় চলে আসে আর তাই পাসওয়ার্ড হিসেবে এসব শব্দ ব্যবহারের প্রবণতা দেখা দেয়। আমিচাই শুলমান এবং তাঁর প্রতিষ্ঠান তিন কোটি ২০ লাখ পাসওয়ার্ডের একটি তালিকা পরীক্ষা করে দেখেছে। তাঁরা দেখেছেন যেসব ই-মেইল অ্যাকাউন্ট বা ফেইসবুক ও মাইস্পেস অ্যাকাউন্টের পাসওয়ার্ড 12345 বা এ জাতীয় সহজ কোনো শব্দের সেসব অ্যাকাউন্টে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। এ ঘটনা ফেসবুক ও মাইস্পেস কর্তৃপক্ষকে জানানোর পর তারা গ্রাহকদের অবিলম্বে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানায়। তা না হলে হ্যাকাররা তাদের যাবতীয় তথ্য পেয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বা জাতীয় নিরাপত্তা সংস্থার মতো কিছু সরকারি সংস্থা কেবল কম্পিউটার ব্যবহারকারীদের পাসওয়ার্ড তালিকায় প্রবেশ করতে পারে।ইমপারভার জরিপে দেখা যাচ্ছে, জরিপে অংশগ্রহণকারীদের এক শতাংশ পাসওয়ার্ড হিসেবে ‘123456’ এই সংখ্যাগুলো ব্যবহার করে। কম্পিউটার ব্যবহারকারীদের কাছে দ্বিতীয় জনপ্রিয় শব্দ হলো ‘12345’। এর পরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ‘querty’ ‘abc123’ ও ‘princess’। পাসওয়ার্ড সহজ হওয়ার কারণে হ্যাকাররা অল্প একটু কষ্টের পরই খুব সহজেই অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। দ্রুতগতির নেটওয়ার্কের কারণে হ্যাকাররা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়।কিছু ওয়েবসাইট অবশ্য হ্যাকারদের প্রতিরোধে ভুল পাসওয়ার্ড কয়েকবার লেখা হলে অ্যাকাউন্টগুলো কিছু সময়ের জন্য অকার্যকর করে দেয় কিন্তু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে যেটা বেরিয়ে এসেছে তা হলো হ্যাকাররা পাসওয়ার্ড কী হতে পারে তা সহজেই অনুমান করতে পারে এবং সেভাবেই টাইপ করে যে কারও অ্যাকাউন্টে প্রবেশ করে। নিরাপত্তা জোরদারের জন্য কিছু ওয়েবসাইট তার ব্যবহারকারীদের সংখ্যা বর্ণ ও প্রতীকের সমন্বয়ে তাদের পাসওয়ার্ড লিখতে বাধ্য করছে। টুইটারের মতো সাইটগুলো ব্যবহারকারীদের সাধারণ পাসওয়ার্ড লেখা থেকে ব্যবহারকারীদের বিরত থাকার পরামর্শ দিচ্ছে। তবে সব ওয়েবসাইট যে এ রকম পদক্ষেপ নিচ্ছে তা নয়।সামাজিক নেটওয়ার্কিং ও বিনোদন সাইটগুলো তাদের সাইটে খুব বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে ইচ্ছুক নয়। জেফ মস নামে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে অনেকগুলো বর্ণ বা অক্ষরের পাসওয়ার্ড দেওয়া। জেফ মস নিজে ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করেন।নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে