অতি সাধারণ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিত্সক নাটকের একটি দৃশ্য
কথক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিত্সক নাটকের একটি দৃশ্য

একমাত্র মেয়ে গুলবদনকে জোর করে বিয়ে দিতে চান বাবা। পাত্র প্রতারক এক উকিলের ভাই। গুলবদন এই বিয়েতে রাজি নয়। সে প্রাণ-মন সঁপেছে মজনুকে। বিপদ থেকে উদ্ধার পেতে গুলবদন গৃহপরিচারকের সহায়তা নেয়। এদিকে মজনুও গুলবদনকে পাওয়ার জন্য তার গাড়িচালকের সহায়তা চায়। এরপর ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। এভাবেই কথক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিৎসক নাটকের কাহিনি গড়ায়।
গত ৩১ জানুয়ারি এ নাটকের নবম মঞ্চায়ন হয় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। এটি কথকের ২৩তম প্রযোজনা। বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরের এই প্রহসনের রূপান্তর ও নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী।
নাটকে দেখা যায়, মজনুর বুদ্ধিমান চালক চিকিৎসক সেজে বোকা বানায় গুলবদনের অর্ধশিক্ষিত বাবাকে। এরপর গুলবদন ও মজনু পালিয়ে গিয়ে বিয়ে করে। সার্থক হয় তাদের স্বপ্ন।
নাটকের আলোক প্রক্ষেপণ, মঞ্চসজ্জা, পোশাক পরিকল্পনা ও অভিনয় ছিল আকর্ষণীয়। কুশীলবদের প্রাণবন্ত অভিনয়ও ক্ষণে ক্ষণে হাসিয়েছে দর্শকদের। শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ্য ছিল এই প্রদর্শনী। নাটকে মধ্যবিত্তের লোভ ও দুর্বলতাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। ক্ষয়িষ্ণু মূল্যবোধের অধিকারী প্রথাগত সব চরিত্রের বিপরীতে আছে দুজন তরুণ-তরুণী। যারা প্রচলিত সমাজের প্রথা ভেঙে সাড়া দিয়েছে হূদয়ের টানে। নাটকে হাস্যরস থাকলেও তা ভাঁড়ামিতে পরিণত হয়নি। আর এখানেই নাটকের সার্থকতা।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, তাজীন রহমান, সুদর্শন চক্রবর্তী, কেশব রায়, বিক্রম চৌধুরী, নাছির উদ্দিন ও মোহাম্মদ আলী ।
আলো, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় ছিলেন বিক্রম চৌধুরী। আলোক প্রক্ষেপণে ছিলেন সৈয়দ বশির মিয়া এবং নাটকের প্রযোজক ছিলেন জানে আলম।