অতিথি
কাঁচা আমের ভর্তাটা মুখে দেওয়ামাত্র চোখ বুজে এল। আমার সমস্ত ইন্দ্রিয়ে একটা অপার্থিব সুখ ছড়িয়ে পড়ল! হঠাৎ কলবেল।দরজা খুলেই ধা করে মাথা গরম হয়ে গেল। জুয়েল ভাই। আমাদের গ্রাম-সম্পর্কের আত্মীয়। ঢাবিতে পড়েন। ভীষণ মেধাবী! দোষের মধ্যে তিনি দেখতে অবিকল ক্রিস গেইল, জাস্ট সানগ্লাস পরানো লাগবে। জানি না কেন, তাঁকে দেখলেই মেজাজ বিলা হয়! যা-ই হোক, আমরা সভ্য মানুষ, দরজা থেকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। ‘আরে জুয়েল ভাই, কত দিন পর এলেন। আমাদের ভুলে গেছেন?’বেচারা ভদ্র মানুষ, কখনোই চোখ তুলে কথা বলেন না। ফলে প্রথমে বাসার কার্পেট, এরপর দেয়ালের টিকটিকির দিকে তাকিয়ে বললেন, ‘না না, ভুলব কেন। তোমার পরীক্ষা কেমন হলো?’আমি শয়তানের মতো তাঁকে দেখছিলাম, ভালোই সাজগোজ করেছেন বাবু! সুন্দর শার্ট পরেছেন, চোখের ওপর এখনো পাউডার! ‘ফেল করব না, এটুকু বলতে পারি। আপনি বসুন। আম্মু নানুদের বাসায়, আব্বু ঘুমাচ্ছেন।’ তিনি অতি ব্যস্ত হয়ে বললেন, ‘কোনো সমস্যা নেই, বসছি।’অতিথিকে কিছু খেতে দেওয়া দরকার। সমস্যা হলো, আমি যা-ই রাঁধি, অতি অখাদ্য হয়। কী আর করা! নুডুলস বসিয়ে জুয়েল মিয়াকে উঁকি দিলাম। আজব তো! টিভি অফ! সামনের ম্যাগাজিনগুলোও একইভাবে পড়ে আছে। ফ্যানটাও বন্ধ, তিনি শিরদাঁড়া সোজা করে বসে আছেন। এবার হঠাৎ ভয় লাগল। ব্যাপারটা কী!‘জুয়েল ভাই, এই গরমে ফ্যান ছাড়া বসে আছেন কীভাবে? আমি নিজেই ফ্যান চালিয়ে দিয়ে ঘুরতেই স্ট্যাচু হয়ে গেলাম। তিনি ঠিক আমার সামনে! তীব্রভাবে তাকিয়ে রইলেন। কী গভীর সেই দৃষ্টি! খুব আলতো করে আমার হাত স্পর্শ করলেন, ‘আমার কিছু বলার ছিল...!’বড় বড় করে ঢোক গিললাম আমি। ক্রিস গেইল দেখি অনেক স্মার্ট হয়ে গেছে!ভূমিশামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।