টেবিলজুড়ে সাজানো নানা পদের খাবার। সকাল থেকেই দলে দলে অতিথিরা আসছেন। একদল চলে যেতেই আবার টেবিল সাজানো হচ্ছে। পাঁচন, তরমুজ, বিরানি (মটর দিয়ে তৈরি খাবার), পায়েস, বিন্নিচালের পিঠা দিয়ে আপ্যায়ন করা হচ্ছে অতিথিদের। ভোজনপর্ব শেষ হয় পান-সুপারি পরিবেশনের মধ্য দিয়ে।খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গত শুক্রবার বৈসাবি উৎসবের দিন ঘরে ঘরে এমন চিত্র দেখা গেছে।উৎসবের দিনে প্রত্যেক আদিবাসীকে কমপক্ষে সাতটি ঘরে নিমন্ত্রণ রক্ষা করতে হয়। পরিবারভেদে খাবারের রকমফের থাকলেও পাঁচন ছিল প্রতিটি ঘরে। ২২ পদ সবজি দিয়ে তৈরি এই খাবার ছাড়া বৈসাবি পালন হয় না।১৩ ও ১৪ এপ্রিল বৈসাবি উৎসবের শেষ দুই দিনে আদিবাসী পাড়াগুলো ছিল আনন্দে মুখরিত। চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠীর লোকজন নিজেদের ঘরে অতিথি আপ্যায়ন করেছে। শিক্ষিকা মিতু চাকমা বলেন, ‘অন্যান্য বছরের মতো এ বছরও ঘরে প্রচুর অতিথি এসেছেন। পাঁচনসহ নানা পদের খাবার দিয়ে তাঁদের আপ্যায়ন করেছি।’উপজেলার মধু মঙ্গলপাড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সূর্য সেন চাকমা জানান, তাঁর বাড়িতে আসা অতিথিদের এবার পাঁচন, ঘরে তৈরি পানীয়, বিন্নিচালের পিঠা ও তরমুজ দিয়ে আপ্যায়ন করা হয়েছে।পানছড়ি উপজেলা বৈসাবি উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রিয়ংকর চাকমা বলেন, ‘এখনকার পাঁচন তরকারি আগেকার দিনের মতো সুস্বাদু হয় না। এখন অনেকেই পাঁচন রান্নায় ২২ পদের সব পদ ব্যবহার করেন না।’