অতিথি এলেই বিরক্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে অতিথি এলে হাসিমুখে গ্রহণ করুন। মডেল: মিথুন ও অপর্ণা, ছবি: অধুনা
বাড়িতে অতিথি এলে হাসিমুখে গ্রহণ করুন। মডেল: মিথুন ও অপর্ণা, ছবি: অধুনা

কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফেরে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় বেজে উঠল কলিং বেলের শব্দ। দরজা খুলতেই দেখা মিলল অতিথির। তা-ও বলে-কয়ে নয়, একেবারে হুট করে চলে আসা। আগাম কোনো খবর না দিয়ে বাড়িতে অতিথি এসে পড়তেই পারে। এতে বিরক্তিবোধ না করে বরং সরাইওয়ালা হিসেবে হাসিমুখে অতিথিকে স্বাগত জানান। কেননা অতিথির স্বাচ্ছন্দ্যবোধের ব্যাপারটি আপনার ঘাড়েই বর্তায়। অনাকাঙ্ক্ষিত অতিথি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরিন বলেন, ‘এ ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক দুটি বিষয়ই জড়িত। তাই অনেকের মন খারাপ হলেও সামাজিকতা রক্ষার্থে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেওয়া ভালো। তবে অতিথিদেরও মাথায় রাখতে হবে যার বাসায় যাওয়া হচ্ছে তার সঙ্গে বোঝাপড়াটা কেমন।’
এ ধরনের মুহূর্তে এমন কিছু করবেন না, যাতে অতিথি অপ্রস্তুত হয়ে যায়। দুশ্চিন্তা না করে বিভিন্ন কৌশলে পরিস্থিতি সামলে নিন।
* অতিথিকে কখনো বুঝতে দেবেন না আপনি অপ্রস্তুত হয়ে গেছেন। হেসে তাঁদের স্বাগত জানান। আপনি অতিথিকে দেখে খুশি হয়েছেন, সেটা প্রকাশ করুন। তাহলে অতিথি অনায়াসে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
* বাড়ি অগোছালো থাকতেই পারে, তা নিয়ে কোনো চিন্তা করবেন না।
* অনুষ্ঠানের নিমন্ত্রণ কিংবা কোনো সমস্যার আলোচনা করতে অনেক সময় হুট করে হাজির হয় অনেকেই। তাই তারা যাতে দুঃখ না পায় এ জন্য যথাযথ সময় দিন।
* আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে যতক্ষণ না ফ্রি হবেন, ততক্ষণ পর্যন্ত অতিথিকে কোনো বই বা টিভি দেখতে দিতে পারেন।
* ঘরে অতিথি এলে খাবারদাবারের এলাহি কাণ্ড করতে হবে, তা মোটেও নয়। বাড়িতে যা আছে তা-ই যদি হাসিমুখে খাওয়ান, অতিথি তাতেই খুশি হয়। বাড়িতে কিছু না থাকলেও দুশ্চিন্তা না করে হোম ডেলিভারিতে খাবার আনিয়ে নিতে পারেন।
* ঘরেই যদি রান্নাবান্নার কাজ চলে, তাহলে তাকে আপনার কাজে শামিল করে নিতে পারেন। যদি অতিথি খুব কাছের লোক হয়। এতে করে আপনারও কাজ হবে, অতিথিকেও সময় দিতে পারবেন।
* যেকোনো মুহূর্তে অতিথি আসতে পারে। তাই আগে থেকে একটু প্রস্তুতি থাকলে ভালো। তাড়াতাড়ি রান্না করা যায় এমন কিছু খাবার ফ্রিজে রেখে দিন। যখন মাসের বাজার করবেন তখন কয়েক প্যাকেট বিস্কুট, কেক, সফট ড্রিংকস, আইসক্রিম, কুকিজ, নুডলস ইত্যদি কিনে নিন।
* বাজারে এখন ‘রেডি টু ইট’ খাবারও পাওয়া যায়। আগে থেকে ব্যবস্থা থাকলে হঠাৎ করে অতিথি এলেও কোনো অসুবিধায় পড়তে হবে না। এতে করে অতিথি আপ্যায়ন বেশ সহজবোধ করবেন আপনি।
* মনে রাখবেন, খাবারদাবারের চেয়ে অতিথিকে সময় দেওয়াটা আসল। এতে অতিথি সহজবোধ করে।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী