অতিথি পাখির আগমনে উগলছড়ি বিল মুখরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিতে শীতের ছোঁয়া লাগার সঙ্গে আসতে শুরু করেছে অতিথি পাখি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি বিল এখন অতিথি পাখির কলরবে মুখরিত। আশপাশের মানুষ বিরক্ত না করায় নিরাপদ আশ্রয় হিসেবে বিলটিকে বেছে নিয়েছে পাখিরা।
বিলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি নভেম্বর মাসের মাঝামাঝি বিলে অতিথি পাখি আসতে শুরু করে। প্রতিদিন পাখির সংখ্যা বেড়ে যাচ্ছে। বিলে আসা পাখির মধ্যে রয়েছে ছোট সরালি, বড় সরালি, চখাচখি, শামুকখোল, পানকৌড়ি, মাথামোটা টিটি, হটটিটি, গাঙচিল, গাঙকবুতর, জলমোরগ ও নানা প্রজাতির বক।
সম্প্রতি ওই বিলে গিয়ে দেখা যায়, নানা প্রজাতির পাখি বিলে খাবারের খোঁজে ওড়াউড়ি করছে, পানিতে ডুব দিয়ে খাবার খুঁজছে। ক্লান্ত পাখিরা বিশ্রাম নিচ্ছে বিলে পুঁতে রাখা খুঁটি ও জেগে ওঠা চরে।
উগলছড়ি গ্রামের মো. আসলাম বলেন, ‘আমরা গ্রামের বাসিন্দারা অতিথি পাখিদের বিরক্ত করি না। আগে কিছু মানুষ শিকার করলেও এখন আর কেউ করে না। বাইরে থেকে আসা পাখি শিকারিদেরও প্রতিরোধ করি আমরা। অনেক সময় রাতে পাহারা দেওয়া হয়।’
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, ‘মানুষ দিন দিন সচেতন হচ্ছে। আগে যেভাবে পাখি শিকার করা হতো, এখন অনেকটা কমে গেছে। সে জন্য বিলে এখন অনেক বেশি পাখি আসছে। আমরা প্রতিবছর শীত মৌসুমে পাখি শিকারে নিরুৎসাহিত করার জন্য প্রচারণা চালাই।’
পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হায়দার বলেন, ‘সারা দেশে হাওর, বিল ও পুকুরে অতিথি পাখি আসা শুরু হয়েছে। তারা শীতপ্রধান দেশের ঠান্ডা থেকে বাঁচতে এখানে চলে আসে। এসব অতিথি পাখির প্রতি আমাদের সদয় হতে হবে।’