অতিথি যখন বিব্রত করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েকে কাজ শেখাও না কেন? শ্বশুরবাড়ি গিয়ে কী করবে? মেয়ে বড় হয়েছে, সব সময় চোখে চোখে রাখবে, শাসন করবে।’

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

‘মেয়ে বড় হয়েছে। পড়াশোনা শেষ। বিয়ে দিচ্ছেন না কেন? পরে কিন্তু ভালো পাত্র পাবেন না।’
রিমা হাসানের (ছদ্মনাম) মাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন তাঁরই বাসায় বেড়াতে আসা এক আত্মীয়। এটুকু বলেই থামেননি। এরপর শুরু করেন ব্যাংকে চাকরি না করে বেসরকারি কোম্পানিতে কাজ করছে কেন? প্রশ্ন আর প্রশ্নই নয় শুধু, সঙ্গে একগাদা উপদেশ। কেন মেয়েকে এমন চাকরি করতে দিয়েছেন, যেখান থেকে সন্ধ্যার আগেই বাসায় ফেরা যায় না।
আত্মীয়ের কথার তোড়ে রিমার পুরো পরিবার বিব্রত। শুধু যে বিব্রত তা-ই নয়, তাঁরা অপমানিতও বোধ করেছেন। তবে সৌজন্যবোধ থেকে কিছু বলেননি তাঁরা।
বাঙালি স্বভাবতই অতিথিপরায়ণ। তাঁরা অতিথিকে যেমন সমাদর করতে ভালোবাসেন, তেমনি অতিথি হয়ে আত্মীয়ের বাড়িতে যেতেও ভালোবাসেন। এর উদ্দেশ্য আত্মীয়ের খোঁজখবর রাখা। তবে এই খোঁজখবর নিতে গিয়ে অনেক সময় উপকারের চেয়ে অপকারই বেশি হয়।
অনেক পরিবারেই দেখা যায়, বেড়াতে আসা আত্মীয়স্বজনেরা বিড়ম্বনা সৃষ্টি করেন। এতে পরিবার অনেক সময় একধরনের চাপ বোধ করে। শিপ্রা সাহার (ছদ্মনাম) বিয়ে হয়েছে মাস ছয়েক। শ্বশুরবাড়ির সবাই তাঁকে খুব স্নেহ করেন। বাসার কাজে হাত লাগাতে দেন না শাশুড়ি। কিন্তু এতে ঘোর আপত্তি তোলেন বাড়িতে বেড়াতে আসা মামি শাশুড়ি। তাঁর কথা, ‘বউকে প্রথম থেকে কাজ না করালে মাথায় উঠে যাবে। পরে কথা শুনবে না।’ খাবার টেবিলেও তিনি ব্যস্ত ছিলেন নিজের ছেলের বউয়ের সঙ্গে শিপ্রার রান্নার তুলনায়। এ ছাড়া বউয়ের বাড়ি থেকে বিয়ের সময় কী কী দিয়েছে, এমন আলোচনাও করেন তিনি। এতে মন খারাপ করেন শিপ্রা। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ছিল বেশ কিছুদিন।
বেতন, রান্নাবাড়া, আদবকেতা, সাজপোশাক থেকে শুরু করে কোনো বিষয়েই অনেক আত্মীয়স্বজনের আগ্রহের কমতি নেই। এমনকি আত্মীয়ের বাড়িতে এসে নিজেকে জাহির করতে গিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন তাঁরা।
সালমা রহমানের (ছদ্মনাম) বাসায় বেড়াতে এসেছেন খালা। এসেই লেগে গেছেন সালমাকে ‘ফিটফাট’ রাখতে। মুটিয়ে যাচ্ছ, ডায়েট করো না কেন? রূপচর্চা করো না কেন? এ নিয়ে হাজারো প্রশ্ন। অসহায় সালমা দিন গুনতে থাকে কবে যাবেন খালা।
সালমার অসহায়ত্বকে পাত্তা না দিয়ে খালা মায়ের কাছে বলতে থাকেন, ‘মেয়েকে কাজ শেখাও না কেন? শ্বশুরবাড়ি গিয়ে কী করবে? মেয়ে বড় হয়েছে, সব সময় চোখে চোখে রাখবে, শাসন করবে।’ এরপর শুরু হয় ছেলেকে নিয়ে আলোচনা। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে চাকরি না করে কেন প্র্যাকটিস করবে? এর ভবিষ্যৎ কী? তা ছেলে বিয়ে কবে করবে, দেরি করে বিয়ে করলে সংসার গোছাবে কবে—এ রকম নানান প্রশ্ন।
আত্মীয় হলেই যে সব বিষয়ে কথা বলা ঠিক নয়, এটা যেন তাঁরা ভুলেই যান। অনেক সময় তাঁদের আচরণে মনে হয় এসব যেন কর্তব্যের অংশ। তানজিরদের (ছদ্মনাম) বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁর চাচা। তিনি তানজিরের কাছ থেকে তাঁর চাকরিসংক্রান্ত সব খবর নেন। পরে চাচা তানজিরের বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আমার ছেলে তো চাকরিতে ঢুকেই ৪০ হাজার টাকা বেতন পাচ্ছে। তোমার ছেলে এত কম পায় কেন?’ এতে তানজিরের বাবা ভীষণ বিব্রত বোধ করেন। আবার এমন অনেক অতিথি আছেন, যাঁরা হুট করে ড্রয়িংরুম থেকে বেডরুমে চলে যান। এতেও বাড়ির লোক বিব্রত হয়।
আত্মীয়দের এ ধরনের আচরণের কারণ হিসেবে পারিবারিক কাঠামোকে চিহ্নিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ এহসান হাবিব। তিনি বলেন, আত্মীয়দের মধ্যে নিজের সন্তানকে নিয়ে একধরনের প্রতিযোগিতার মনোভাব থাকে, ফলে তাঁরা এ ধরনের আচরণ করে থাকেন। তবে অনেক ক্ষেত্রে সামাজিক নিরাপত্তাহীনতার কারণে উদ্বেগ থেকে আত্মীয়রা বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেন। বেড়াতে এসে আন্তপারিবারিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখে এমনভাবে কথা বলা উচিত যাতে কর্তৃত্ব বা আধিপাত্যের সুর না থাকে। খেয়াল রাখতে হবে, অধিকারবোধ থেকে প্রশ্ন হলেও যেন ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না হয়।