অতিথি লক্ষ্মীপ্যাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাক বাহিনীর ধাওয়া খেয়ে লক্ষ্মীপ্যাঁচাটি দিশেহারা হয়ে ভোরবেলায় ঢুকে পড়েছিল গোড়ানের এক বাসার ভেতরে। ওটিকে দেখে ভয় পায় নিশাত নামের মেয়েটি ও লাবিব নামের ছেলেটি। চিৎকার-চেঁচামেচি। ছুটে আসেন ওদের মা-বাবা ও চাচা-চাচিরা। প্যাঁচাটিকে তাড়িয়ে দিতে চান ঘর থেকে। প্যাঁচা কী আর বেরোতে চায়! বেরোলেই কাক বাহিনীর কবলে পড়ে জীবনটা হারাতে হবে আজ। তার চেয়ে মানুষই ভালো। বাইরে কাক বাহিনী স্লোগান দিচ্ছে—যেন বা ডাকাত ঢুকেছে এই বাড়িতে।প্যাঁচাটিকে খাঁচাবন্দী করা হলো। নিশাত ও লাবিব ওকে খাওয়ানোর চেষ্টা করল। খেল না কিছুই। নিশাতের বাবা মো. নিজাম ফোন করলেন আমাকে। আমার পরামর্শমতো রাতে ওকে খাওয়ানো গেল। দুদিন পর গেলাম আমি ওদের বাড়ি। না, নিশাত-লাবিবের মায়া পড়ে গেছে পাখিটির ওপর। পুষবে ওটিকে। অনেক বোঝানোর পরে এক সন্ধ্যায় ওরা ছাদে নিয়ে ছেড়ে দেয় পাখিটিকে। পাখিটি মুক্ত হয়ে ছাদের কিনারে বসে পেছন ফিরে যেন ‘গুড নাইট’ বলল, তারপর দিল উড়াল। ঘটনাটি জানুয়ারি মাসের ১৭ তারিখের।নিশাচর এই পাখির দেখা মেলে সারা দেশেই। রাজধানী ঢাকা শহরেও ওদের স্থায়ী বসবাস আছে।