অতিথি শিক্ষক দিয়ে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণীকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে পটিয়া সরকারি কলেজে। বর্তমানে একাধিক বিষয়ে পাঠদান চলছে তিনজন অতিথি শিক্ষক দিয়ে। এ বছর প্রস্তাবিত আরও পাঁচটি বিষয়ে সম্মান কোর্স চালুর জন্য নিয়োগ করা হচ্ছে আটজন অতিরিক্ত অতিথি শিক্ষক। এ ছাড়া, গ্রন্থাগারিকের অভাবে গ্রন্থাগারের কার্যক্রমও সুষ্ঠুভাবে চলছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৫৮টি শিক্ষকের পদের মধ্যে ২৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে ইংরেজিতে চারটির মধ্যে তিনটি, ইসলামের ইতিহাসে চারটির মধ্যে তিনটি এবং বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও পদার্থবিজ্ঞানে চারটি করে পদের মধ্যে দুটি করে পদ শূন্য। এ ছাড়া কৃষি শিক্ষার দুটি ও উদ্ভিদবিদ্যা বিভাগের দুটির মধ্যে একটি করে, হিসাববিজ্ঞানে চারটির মধ্যে একটি এবং শরীরচর্চার একটি পদ শূন্য রয়েছে। এদিকে, বিজ্ঞানের চার বিভাগের চারটি প্রমাণ প্রদর্শক এবং গ্রন্থাগারিক নেই ১০ বছর ধরে। স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মিল্টন দাশ, প্রথম বর্ষের মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ‘ইংরেজি ও বাংলার মতো আবশ্যিক বিষয়সহ এতগুলো বিষয়ে শিক্ষক না থাকলে শিক্ষার্থীদের পড়ালেখা কী রকম হচ্ছে তা সহজেই বোঝা যায়।’সূত্র জানায়, এ কলেজে ২০০৫ সালে তিন বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে আরও পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালুর বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। এর মধ্যে চলতি শিক্ষাবর্ষে তিন বিষয়ের অনুমোদন পাওয়া যাবে।এ বিষয়ে উপাধ্যক্ষ সজল কান্তি পাল বলেন, ‘স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন পাওয়া গেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনার্স কোর্সের প্রস্তাবিত প্রতিটি বিষয়ের জন্য চারজন করে শিক্ষক থাকতে হবে। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট বিষয়গুলোতে চারটি করে পদ থাকলেও দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। তাই পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালু ও শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ থেকে বিভিন্ন বিষয়ের জন্য অস্থায়ী ভিত্তিতে আটজন অতিথি শিক্ষক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে শিক্ষা বোর্ড থেকে অনুমোদনও নেওয়া হয়েছে।কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুুরী বলেন, ‘শিক্ষক ও একাডেমিক ভবনের সংকটের ব্যাপারে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে বারবার চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আবশ্যিক বিষয়ের মতো একাধিক বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। অতিথি শিক্ষকও প্রয়োজনের তুলনায় নগণ্য।’ অধ্যক্ষ জানান, পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হয়। এ ছাড়া, এক শ্রেণীর পরীক্ষার সময় অন্য শ্রেণীর ক্লাস বন্ধ রাখতে হয়। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থা ও পানীয় জলের জন্য একটি গভীর নলকূপের দরকার বলেও জানান তিনি।১৯৬২ সালে সাবেক মহকুমা পটিয়া সদরে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮০ সালে সরকারীকরণ হয়। বর্তমানে এখানে একাদশ থেকে স্নাতক সম্মান শ্রেণী পর্যন্ত পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। পড়ালেখার ভালো মান এবং উন্নত যোগাযোগব্যবস্থার কারণে আশপাশের জেলাগুলোর অনেক শিক্ষার্থীও এলাকায় থেকে এই কলেজে পড়ালেখা করেন।