
অতিথি হিসেবে প্রথমবার কারও বাড়িতে যাচ্ছেন? হতে পারে সেটা আত্মীয়, বন্ধু কিংবা সহকর্মীর বাসা। আপনার আচরণ, ব্যবহার কম বা বেশি নম্বর পাবে এই প্রথম দর্শনেই। ছোট ছোট সৌজন্যবোধ প্রশংসা কুড়াবে যাঁর বাসায় গেছেন তাঁর মনে। স্মৃতিময় করে তুলবে মুহূর্তগুলো।
এখন ব্যস্ততার যুগ। যাঁর বাসায় যাচ্ছেন, তিনি থাকবেন কি না, এটার হদিস নিয়ে যাত্রা শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ। প্রথমবার যেহেতু যাচ্ছেন, ছোট একটি উপহার নিতে পারেন। সব সময়ের জন্য তো ফুল, বই, মিষ্টি, আইসক্রিম আছেই। বাসায় বানানো কোনো খাবারও নিতে পারেন। ফুল, ফিতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিন। এতে আপনার আন্তরিকতা প্রকাশ পাবে। এ ছাড়া যাঁর বাড়িতে যাবেন, তিনি পছন্দ করেন এমন কোনো উপহার দিয়ে চমকে দিতে পারেন। বাসায় শিশু থাকলে উপহারটা তাকে কেন্দ্র করেও হতে পারে। সময়ের দিকে খেয়াল রাখবেন। নির্ধারিত সময়েই পৌঁছানোর চেষ্টা করুন। যাঁদের বাসায় যাচ্ছেন, তাঁদের অপেক্ষা না করানোই ভালো। আবার গিয়েই নানা কাজের বাহানা দিয়ে তাড়াহুড়ো করে চলে আসাটাও খারাপ দেখায়।
প্রতিটি বাসারই নিজস্ব কিছু নিয়ম থাকে। অনেকের বাসায় মাটিতে কার্পেট ও শতরঞ্জি বিছানো থাকে। সেখানে জুতার ধুলোবালু লাগলে অনেক সময় সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রথমবার যেহেতু যাচ্ছেন, ঘরে ঢোকার আগে জুতা খুলে ঢোকা সৌজন্যবোধের মধ্যেই পড়ে বলে জানান গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া। যাঁদের বাসা, তাঁরা পছন্দ করেই বাসার প্রতিটি কোনা সাজিয়ে তোলেন। তাঁদের রুচিবোধের প্রশংসা করলে তাঁরাও খুশি হবেন। তবে খাবার পরিবেশন কিংবা বাসা সাজানোর কিছু যদি পছন্দ না হয়, সেটা নিয়ে কিছু না বলাই ভালো। কেউ কেউ বাড়িতে ঢুকেই বাড়ির আকার, বাসাভাড়া বা নিজের কেনা কি না, এসব প্রশ্ন জিজ্ঞেস করেন, প্রথমবার বেড়াতে গিয়ে যা সৌজন্যতার মধ্যে পড়ে না।
যাঁদের বাসায় অতিথি হিসেবে গেছেন, তাঁদের সঙ্গে এমন বিষয়ে গল্প করুন, যাতে সবাই অংশ নিতে পারেন। রীনাত ফওজিয়া বলেন, কারও বাসায় যাওয়া হয় সামাজিক যোগাযোগের জন্য। সেখানে গিয়ে টেলিভিশন দেখা কিংবা মুঠোফোনে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়া অশোভন। দরকারি ফোন হলে অনুমতি নিয়ে তারপর কথা বলতে হবে। প্রথমবার গিয়েই হুট করে বিভিন্ন ঘরে ঢোকা অনেক সময় বিব্রতকর ঘটনার জন্ম দিতে পারে। এ ক্ষেত্রে অনুমতি নিতে হবে আগে৷