অতিধনী সিইওদের জীবনযাপন

রবীন্দ্রনাথের ‘ইচ্ছাপূরণ’ গল্পের মতো একদিন সকালে ঘুম ভেঙে যদি দেখেন, আপনি কোনো অতিকায় কোম্পানির কোটিপতি সিইও হয়ে গেছেন, কী করবেন তখন? আগে থেকে জানা থাকা ভালো না? তা ছাড়া আমরা অনেকেই নিজ নিজ ক্ষেত্রে সফল এসব সিইওর জীবন, অধ্যবসায়, শিক্ষা এবং সংগ্রামের গল্প শুনে উদ্বুদ্ধ হই, নিজেদের জীবনে চর্চা করি। অতিধনী সিইওরা কী খান, কী গান শোনেন, কেমন গাড়িতে চড়েন, কোন বই পড়েন—জানতে চাই। তেমন কয়েকজন সিইওর জীবনযাপনের গল্প শোনা যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ‘হার্টথ্রব’ ইলন মাস্ক

সেনাবাহিনীতে যোগ দেবেন না বলে কৈশোরেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে আমেরিকায় পাড়ি জমান ইলন মাস্ক
ছবি: ইনস্ট্রাগাম থেকে

ইন্টারনেট দুনিয়ায় বহুল চর্চিত আরেক নাম ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বুদ্ধিদীপ্ত রসাল স্ট্যাটাসগুলো বেশ জনপ্রিয়। এই তো কিছুদিন আগে টুইট করে ভক্তদের জিজ্ঞেস করলেন, নিজের প্রতিষ্ঠানের কিছু শেয়ার বিক্রি করে দিলে কেমন হয়। ভক্তদের কথায় বিক্রিও করেছেন কয়েক লাখ শেয়ার। সেনাবাহিনীতে যোগ দেবেন না বলে কৈশোরেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে আমেরিকায় পাড়ি জমান টেসলা ইঙ্কের এই তারকা সিইও। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, সেনাবাহিনীতে যোগ দিয়ে কৃষ্ণাঙ্গদের ওপর নির্যাতন করা ছিল তাঁর নীতিবিরুদ্ধ।

বিশ্বের এক নম্বর ধনী হলেও সন্তানের কাছে ইলন মাস্ক শুধুই বাবা
ছবি: ইনস্ট্রাগাম থেকে

একটি ভাড়া বাড়িতে থাকেন ইলন মাস্ক। সেটা আবার ৪০০ বর্গফুটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। ২০২০ সালে হঠাৎ টুইটারে ঘোষণা দিয়ে নিজের ছয়টি বাড়ি বিক্রি করে দেন মাস্ক। বিশ্বের এক নম্বর ধনী এই মানুষ এখন একটিমাত্র বাড়ির মালিক। সকালে ঘুম থেকে উঠে চোখ বুজে স্নানঘরে ছোটেন মাস্ক। তাঁর মতে স্নানঘর তাঁর চিন্তার জোগান দেয়। ৫০ বছর বয়সী এই ট্রিলিয়নিয়ার সকালে নাশতা করেন না, তবে মাঝেমধ্যে কফির সঙ্গে একটা অমলেট খান। দুপুরের খাবারটা তিনি সারেন কাজের মধ্যে, অফিসময় হেঁটে হেঁটে কাজের তদারক করতে করতে।

বিশ্বের অন্যতম প্রধান বৈদ্যুতিক যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার এই মালিকের প্রথম গাড়ি ছিল বিএমডব্লিউ। পরে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ ছবিতে ব্যবহৃত লোটাস এস্প্রিটের সাবমেরিন ভিন্টেজ গাড়িটি কেনেন তিনি। ক্ল্যাসিকপ্রেমী মাস্ক ফোর্ডের মডেল টি গাড়িটিরও মালিক। ব্যক্তিগত ব্যবহারের জন্যে রয়েছে টেসলা মডেল এস এবং মডেল এক্স।

যে ভাড়া বাড়িতে গুগলের শুরু, তার মালিক ছিলেন ইউটিউবের সিইও

মাতৃত্বকালীন ছুটি নিয়ে বরাবরই সোচ্চার সুজান ওজিস্কি
ছবি: ইনস্ট্রাগাম থেকে

গুগলের প্রথম অফিস এক দম্পতির বাড়ির গ্যারেজে খুলেছিলেন ল্যারি পেজ এবং সেরগে ব্রিন। সেই দম্পতি আর কেউ নন—সুজান ওজিস্কি ও তাঁর স্বামী। গ্যারেজ ভাড়া বাবদ ওজিস্কি পেতেন ১ হাজার ৭০০ মার্কিন ডলার। ভাড়াটিয়ারা যেখানে ভাড়া দিতেই গড়িমসি করেন, সেখানে সুজান ওজিস্কিকে গুগলে চাকরির অফার করলেন ল্যারি এবং সেরগে। ওজিস্কি ছিলেন গুগলের ১৬তম কর্মী। তিনি তখন চার মাসের অন্তঃসত্ত্বা। ২০১৪ সালে হন গুগল মালিকানাধীন ইউটিউবের সিইও। মাতৃত্বকালীন ছুটির বিষয় নিয়ে বরাবরই ভীষণ সোচ্চার পাঁচ সন্তাদের মা সুজান ওজিস্কি। ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রযুক্তির জগতে বিদ্যমান লিঙ্গবৈষম্য বিষয়েও কথা বলেছেন তিনি। ফোর্বসের ক্ষমতাশীল নারীদের তালিকায় সপ্তম স্থানে থাকা সুজানের সম্পদের পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ডলার। কাজ এবং পরিবারের বিষয়গুলো আলাদা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই সিইও। সন্তানদের প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করেন তিনি। দৈনিক কতটা সময় তারা মুঠোফোন, ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে, সেটি আগে থেকেই বেঁধে দেন সুজান।

নেটফ্লিক্সের সিইওর কোনো শখ নেই

রিড হেস্টিংসের সান্তা ক্রুজের বাড়িতে রয়েছে মুরগি, কুকুর এবং দুটি নাইজেরিয়ান বামন ছাগল
ছবি: ইনস্ট্রাগাম থেকে

অতিমারির প্রকোপে বিশ্ববাসী ঘরবন্দী জীবন কাটিয়েছে অনেক দিন। সেই বিষণ্ন সময়ে বিশ্বব্যাপী ঘরে ঘরে বিনোদন যুগিয়েছে নেটফ্লিক্স। নিত্যনতুন সিনেমা ও সিরিজ নিয়ে নেটফ্লিক্স হাজির হয়েছে ঘরবন্দী মানুষের ঘরে ঘরে। রিড হেস্টিংস বন্ধু মার্ক র‍্যান্ডলফের সঙ্গে শুরু করেন নেটফ্লিক্স। প্রায় দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করেন রিড। ৭০ শতাংশ শেয়ারের সঙ্গে হন কোম্পানির চেয়ারম্যানও। প্রায় ৬০০ কোটি ডলারের মালিক এই সিইও স্নাতকের পর এক বছর বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতেন।

ব্যক্তি রিড হেস্টিংসের কোনো শখ নেই। দ্য নিউইয়র্কারকে দেওয়া সাক্ষাৎকারে রিড বলেন, ‘আমার মাছ ধরা বা নৌকাভ্রমণের শখ নেই।’ শখ না থাকলেও প্রাণীদের ভালোবাসেন তিনি। স্ত্রী ও দুই সন্তানও তাঁর মতো। তাঁর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের বাড়িতে রয়েছে মুরগি, কুকুর এবং দুটি নাইজেরিয়ান বামন ছাগল। প্রায়ই পরিবারের সবাইকে নিয়ে নেটফ্লিক্সে নানান কন্টেন্ট দেখতে বসেন রিড।