অতিপ্রশংসায় সম্পর্ক নষ্ট!

সঙ্গী বা প্রিয়জনের গুণের প্রশংসা করা ভালো। তবে, অতিপ্রশংসায় যাতে সঙ্গী নিজেকে ‘সুপারম্যান’ বা ‘সুপারউইমেন’ ভাবতে শুরু না করেন, সে বিষয়ে সচেতন থাকা দরকার। প্রেমিক-প্রেমিকা বা ছেলেবন্ধু-মেয়েবন্ধুরা যদি এভাবে সঙ্গীর প্রশংসায় নিজেকে খুবই বিশেষ ভাবতে শুরু করেন, তাহলে এমনকি চিড় ধরতে পারে সম্পর্কেই। নতুন এক গবেষণার বরাত দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ এ কথা জানিয়েছে।
গবেষণায় বলা হয়েছে, সঙ্গী আপনাকে ‘আদর্শ মানুষ’ ভাবছে, সেটা জানা আনন্দের হতে পারে। কিন্তু একটা মাত্রার পর এটা খুবই বিপজ্জনক। আর তা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অন্তরায়। নিউইয়র্কের কোলগেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জেনিফার টমলিনসন বলেন, ‘যেসব মানুষকে অতি-আদর্শায়িত করা হয়, তাঁরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করতে পারেন। এর ফলে তিনি সঙ্গীকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অমনোযোগী হয়ে উঠতে পারেন।’
গবেষকেরা বলছেন, তাঁরা দেখতে পেয়েছেন, মানুষ সে সময়টাতেই সম্পর্ক নিয়ে সবচেয়ে সুখে থাকে যখন একজন মনে করে যে তাঁর সঙ্গী তাঁকে নিজের চেয়ে একটু ভালো মনে করে। কিন্তু এটা মাত্রা ছাড়িয়ে গেলে বা বিষয়টা অতিপ্রশংসায় গড়ালে কী হয়, তা দেখতে কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষা চালিয়েছেন গবেষকেরা।
কাউকে অতিরিক্ত প্রশংসা করতে শুরু করলে বা তিনি যা নন, সেই মাত্রায় আদর্শ মানুষ হিসেবে চিন্তা করতে শুরু করলে ওই ব্যক্তি তাঁর নিজের সত্তা নিয়ে মুশকিলে পড়ে যান এবং চাপ অনুভব করতে শুরু করেন। এতে নিজের ‘প্রকৃত সত্তা’ আর অন্যের চোখে নিজের ‘আদর্শায়িত সত্তা’র মধ্যে ভারসাম্য রক্ষার চাপ বাড়তে থাকে। আবার কেউ কেউ এই চাপ অনুভব না করে বরং প্রকৃত সত্তার চেয়ে আদর্শায়িত সত্তাকে নিয়েই খুশি থাকেন এবং নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেন। এ অবস্থায় এমন মানুষেরা সঙ্গীকে আর গুরুত্ব দিতে চান না। ফলে উভয় দিক থেকেই মাত্রাতিরিক্ত প্রশংসা ভালো কিছু নয়।
মনোবিজ্ঞানী টমলিনসন ‘লাইভ সায়েন্স’ সাময়িকীকে বলেন, ‘কারও প্রশংসায় উচ্চকিত হওয়ার একটা আকর্ষণ থাকতেই পারে। কিন্তু তার চেয়ে ব্যক্তির সত্যিকারের সত্তাটাকে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ।’ এ-বিষয়ক গবেষণাপত্রটি ‘জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পারসোনাল রিলেশনশিপ’-এ প্রকাশিত হয়েছে।