আগামী সপ্তাহে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। ফলে সামনের তিন মাসে বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। তবে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পর ভারী বৃষ্টিপাতের প্রভাবে বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। এ সময় প্রতি মাসে গড়ে দুইটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আর এসব মৌসুমি নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে বন্যাও হতে পারে।জানা গেছে, তিন মাস ধরে বঙ্গোপসাগরে তিন-চারটি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ সময় গড় বৃষ্টিপাত আশানুরূপ হয়নি বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এপ্রিলে সারা দেশে স্বাভাবিক বৃষ্টির চেয়ে ৩৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। জানা গেছে, সাধারণত ফেব্রুয়ারির শেষভাগ থেকে মে পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। এ সময় বঙ্গোপসাগরে লঘুচাপ এবং লঘুচাপ থেকে নিম্নচাপ ও পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়। তবে এবার সে রকম কিছু হয়নি। এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম প্রথম আলোকে বলেন, ‘মার্চ-মে পর্যন্ত নিম্নচাপজনিত ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। কিন্তু এবার তা হয়নি। জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কথা। এতে বর্ষাকাল শুরু হয়ে যাবে। তখন মৌসুমি নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির আশঙ্কাও রয়েছে।’ ঢাকা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার আগে ছোটখাটো নিম্নচাপ সৃষ্টি হয় সাগরে। এবারও তেমনটাই ঘটেছে। তবে এ বছর গত বছরের তুলনায় বৃষ্টিপাত বেশি হবে।এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জুনের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ সময় বঙ্গোপসাগরে দুই-একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা আছে। জুলাইতেও বঙ্গোপসাগরে দুই-একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ সময় নদ-নদীর পানির উচ্চতা বাড়বে বলে জানানো হয়। জানা গেছে, জুন-সেপ্টেম্বর পর্যন্ত সাধারণত বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এরপর পুনরায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। অক্টোবর-ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়। আবহাওয়াবিদেরা জানান, অতীতে দেশে যত ঘূর্ণিঝড় হয়েছে, সব মার্চ-এপ্রিল কিংবা অক্টোবর-নভেম্বরে। অর্থাৎ মৌসুমি বায়ুর আগমনের আগে অথবা বিদায় নেওয়ার পর। এদিকে গত পাঁচ বছরের মধ্যে গত বছর চট্টগ্রামে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই বছর ২২ হাজার ৯৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।