অতিবৃষ্টি ও ভারী যানবাহনের কারণে সেতুটি এমন বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচঢালাই উঠে গিয়ে সেতুজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সরে যাচ্ছে সংযোগ সড়কের মাটি। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে রাঙামাটির আসামবস্তি-ঝগড়াবিল সেতুতে। বর্ষা মৌসুমের অতিবৃষ্টি ও ভারী যানবাহনের কারণে রাঙামাটির আসামবস্তি-ঝগড়াবিল সেতুর এমন বেহাল দশা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুটি রাঙামাটি জেলার সবচেয়ে দীর্ঘ সেতু। ২৯১ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০০৭ সালে ও শেষ হয় ২০০৯ সালে।
রাঙামাটির শহরতলির আসামবস্তির সঙ্গে ঝগড়াবিল এলাকাকে সংযুক্ত করেছে ওই সেতু। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি রাঙামাটি শহর থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ বাঁধ এলাকার কাছাকাছি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গিয়ে মিশেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুটির অর্ধেকের বেশি অংশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুর পশ্চিম দিকের প্রবেশপথ (এপ্রোচ রোড) মাটি সরে গিয়ে দেবে যাচ্ছে। ওই স্থানের দক্ষিণ অংশে সৃষ্টি হয়েছে একটি বড় গর্ত। সংস্কারকাজ দ্রুত শুরু না করলে প্রবেশপথ ভেঙে যাওয়ার পাশাপাশি সেতুর মাঝখানেও গর্তের সৃষ্টি হতে পারে বলে প্রকৌশলী ও স্থানীয় লোকজনের আশঙ্কা।
এলজিইডি রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী আদনান আখতারুল আলম সেতু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণের পর সেতুটির সংস্কারকাজ হয়নি। চলতি অর্থবছরের মধ্যে সংস্কারকাজ শুরু হবে। দেবে যাওয়া প্রবেশপথ থেকে যেন মাটি সরে যেতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। জেলার নির্বাহী প্রকৌশলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সেতু দিয়ে ১০ টনের অধিক ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও ৩০ টনের বেশি ওজনের কাঠের ট্রাক নিয়মিত চলাচল করছে। তা ছাড়া এ বছর অতিবৃষ্টির কারণেও কার্পেটিং উঠে গেছে। তবে মূল কাঠামোতে ক্ষতি হয়নি।