অতিরিক্ত ব্যথানাশক ওষুধ উল্টো মাথাব্যথা বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথাব্যথার জন্য অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খেলে রোগীর সমস্যা কমার পরিবর্তে আরও বাড়তে পারে। ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানীরা এক গবেষণার ভিত্তিতে এ সাবধানবাণী শুনিয়েছেন।গবেষকেরা বলেছেন, অনেক মাথাব্যথার রোগী প্রতিনিয়ত ব্যথা নিরাময়ের ওষুধ সেবনের মাধ্যমে ‘বদ অভ্যাসের চক্রে’ পড়ে যান। এতে তাঁদের মাথাব্যথা পরিস্থিতি ভালো না হয়ে আরও খারাপ হয়।একজন বিশেষজ্ঞ বলেন, যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ মানুষ অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের কারণে প্রচণ্ড মাথাব্যথায় ভোগেন। অথচ ওই মাথাব্যথা প্রতিরোধযোগ্য। যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সিলেন্স (এনআইসিই) এ সতর্কতা জানিয়ে মাথাব্যথার চিকিৎসায় প্রাথমিক পরামর্শ হিসেবে বেশি ব্যথানাশক না খাওয়ার পরামর্শ দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ‘আকুপাংচার’ নিতে বলা হয়েছে।অতিরিক্ত ব্যথানাশক খেয়ে এই ডেকে আনা মাথাব্যথার হার যুক্তরাজ্যে ঠিক কতটা, তার চূড়ান্ত কোনো উপাত্ত নেই। তবে অন্যান্য দেশে পরিচালিত গবেষণায় দেখা যায়, ১ থেকে ২ শতাংশ রোগী এ সমস্যায় ভোগেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, ৫ শতাংশের কাছাকাছি পর্যন্ত হারের ঘটনা আছে। এনআইসিই গবেষক প্যানেলের নেতৃত্ব দেন ওয়ারউইক মেডিকেল স্কুলের অধ্যাপক মার্টিন আন্ডারউড। তিনি বলেন, ব্যথানাশক ব্যবহারে রোগী একটি বদ অভ্যাসের চক্রের ফাঁদে পড়তে পারেন। এতে যন্ত্রণা আরও মারাত্মক হয়। তখন রোগীকে আরও ব্যথানাশক নিতে হয় এবং অবস্থার অবনতি হতেই থাকে।যাঁদের এ গুরুতর সমস্যা হয়েছে, তাঁদের বেশির ভাগই শুরুতে দৈনন্দিন উদ্বেগজনিত মাথাব্যথা বা আধকপালে (মাইগ্রেইন) সমস্যায় ভুগতেন। তাঁরা নিজে নিজে ব্যথানাশক নিতে শুরু করেন। ক্রমশ ওষুধের পরিমাণ বাড়িয়ে দেওয়ায় মাথাব্যথা আরও জটিল হতে থাকে। ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারির বিশেষজ্ঞ মনজিৎ মাথারু বলেন, কেউ প্রতি মাসে ১০ থেকে ১৫ দিন ব্যথানাশক সেবন করলে ওই অবস্থায় পৌঁছে যেতে পারেন। বিবিসি।