অতিরিক্ত রিকশাভাড়ার বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হারুন বৃহস্পতিবার বিকেলে মোমিন রোড থেকে তাঁর বাসা ফয়’স লেকে যান রিকশায় করে। হরতালের কারণে অন্য কোনো যানবাহন না থাকায় তিনি রিকশা নেন। এর আগেও তিনি মাঝেমধ্যে রিকশায় করে ফয়’স লেক গেছেন। তখন ভাড়া দিয়েছেন ৪০ থেকে ৪৫ টাকা। কিন্তু বৃহস্পতিবার হরতালের অজুহাতে রিকশাচালক দাবি করেন ৮০ টাকা। শেষ পর্যন্ত ৭০ টাকায় দফারফা হয়। জানা গেছে, দুই দিনের হরতালে যাঁরা গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হয়েছেন তাঁদের গন্তব্যে যেতে হয়েছে রিকশায় চড়ে। আর রিকশা নিতে গিয়েই তাঁরা পড়েছেন ভোগান্তিতে। ভুক্তভোগীরা জানান, হরতালের দিন স্বাভাবিক ভাড়ার চেয়ে ১০-১৫ টাকা এমনকি দ্বিগুণ ভাড়াও নিয়েছেন কোনো কোনো রিকশাচালক। গৃহবধু বিবি জয়নাব জানান, তিনি মেয়েকে নিয়ে নিয়মিত সুগন্ধা আবাসিক এলাকা থেকে শিল্পকলা একাডেমী আসেন ১৫ টাকা দিয়ে। কিন্তু হরতালের দুই দিন ভাড়া গুণতে হয়েছে ২৫ টাকা করে। আবার সুগন্ধা থেকে বহদ্দারহাট গেলে রিকশাভাড়া দিতেন ২৫ টাকা। কিন্তু হরতালের দিন দিতে হয়েছে ৪০ টাকা। একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাম্মী আখতার বলেন, ‘আমি পোর্ট কলোনি থেকে সাধারণত আগ্রাবাদ এলে রিকশা ভাড়া নেয় ৩০ টাকা। কিন্তু হরতালে দিতে হয়েছে ৪০-৪৫ টাকা।’ তিনি বলেন, ‘হরতালে রিকশাচালকেরা বেশি ভাড়া (যাত্রী) পান। ফলে এ সময় তাঁদের ভাড়া কমিয়ে দেওয়ার কথা। অথচ তাঁরা করেন উল্টো। তাঁদের সঙ্গে তর্ক করেও লাভ হয় না। কারণ তাঁরা একজোট হয়ে কথা বলেন।’ এ বিষয়ে লালখান বাজার এলাকার রিকশাচালক মফিজ মিয়া বলেন, ‘ডাবল ভাড়া চাওয়া ঠিক না। দু-একজন চাইলেও চাইতে পারে। তবে আমরা ঝুঁকি নিয়া বাইর হই। পাঁচ থেকে ১০ টাকা যাত্রীদের কাছ থেকে চাইয়া লই।’