অতীত যেখানে জীবন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আয়কর বিভাগের আর্কাইভ, যেখানে আছে অতীতের বিচিত্র সংগ্রহ। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম আয়কর বিভাগের আর্কাইভ, যেখানে আছে অতীতের বিচিত্র সংগ্রহ। ছবি: সৌরভ দাশ

১৬০১ সাল। ব্রিটেনের রানি এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতযাত্রার অনুমতি দিলেন। শুরু হলো জেমস লাঙ্কাস্টারের নেতৃত্বে কোম্পানির ভারত অভিযান। ১৪ বছর পর, ১৬১৫ সালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতে বাণিজ্য করার অনুমোদন নিয়ে গোয়া, বোম্বে ও চট্টগ্রামে বাণিজ্যঘাঁটি স্থাপন করল কোম্পানি। পাক-ভারত উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার এই পটভূমির সঙ্গে এভাবে যুক্ত হয়ে গেল বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নাম।

১৮৮৫ সালের টেলিফোন সেট
১৮৮৫ সালের টেলিফোন সেট



চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত সিজিও ভবনের তৃতীয় তলার করিডোর এবং ভেতরের একটি কক্ষে ৪০০ বছরের ইতিহাসকে সময়ের ক্রমানুসারে সাজানো হয়েছে। সেখানেই দেখা মিলল কোম্পানি আমল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের কর-ব্যবস্থার বিবর্তনের চালচিত্র। কেবল কর-ব্যবস্থা? পাশাপাশি উঠে এল তার সঙ্গে জড়িয়ে যাওয়া টুকরো ইতিহাসও। সে-কথা বিশদ বলার আগে চলুন ঘুরে আসি সিজিও ভবন।

আসলে বলছিলাম চট্টগ্রাম আয়কর বিভাগের আর্কাইভের কথা। সেখানে পা রাখতেই দর্শকের মনে হবে সময়যন্ত্র যেন এক টানে নিয়ে গেছে ৪০০ বছর পেছনে। মহাসাগর পাড়ি দিয়ে তখন কেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা আসতে শুরু করেছে এই দেশে। জমে উঠেছে ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি ধীরে ধীরে গড়ে উঠছে কর-ব্যবস্থা।

ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানি ইস্ট ইন্ডিয়ার ভারত অভিযানের প্রাথমিক উদ্দেশ্য ছিল বাণিজ্য। কিন্তু অল্প সময়ের মধ্যে তারা রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে। এ দেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার ইতিহাস আর আয়কর আদায়ের ইতিহাস তাই একই সূত্রে গাঁথা। এই দুটো যেন রেলপথের দুটো সমান্তরাল লাইন। একই যাত্রাপথে একসঙ্গে এগিয়ে গেছে। তাই উপমহাদেশের এই প্রথম আয়কর আর্কাইভে এসে জানা হয়ে গেল আয়কর আদায় ব্যবস্থাপনার ৪০০ বছরের ইতিহাস।

পঞ্চাশ দশকে ব্যবহৃত কলমদানি
পঞ্চাশ দশকে ব্যবহৃত কলমদানি

রুতেই দেখা যায় ১৬০১ সালে রানি এলিজাবেথ-১ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত অভিযানের যে অনুমতি দিয়েছেন, সে-সংক্রান্ত ফরমানটি। রানির একটি প্রতিকৃতিও রয়েছে। এরপর চোখে পড়ে একটি তৈলচিত্র। ১৬১৫ সালে সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের ভারতে বাণিজ্য করার অনুমতিপত্র হস্তান্তর করছেন ব্রিটিশ দূত থমাস রোকে। রাজা জেমস-১ এর কাছে লেখা এই অনুমতিপত্রের একখানা অনুলিপিও আছে। এভাবে করিডোরে দেয়ালে টাঙানো বিভিন্ন দলিল ও চিত্র দেখতে দেখতে এগিয়ে যাবেন আর আপনার সঙ্গে সময়ও এগিয়ে যাবে।

দেখা মিলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম অভিযানের অধিনায়ক স্যার জেমস ল্যাংকাস্টার ও সম্রাট ফারুক শিয়ারের তৈলচিত্র। এ ছাড়া ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভকে সম্রাট শাহ আলম যে দেওয়ানি প্রদান করেছেন, তার তৈলচিত্র রাখা আছে আর্কাইভে। কেবল তা-ই নয়, তেলচিত্রে ধরে রাখা হয়েছে ১৭৮৬ সালে গঠিত ভারতীয় রেভিনিউ বোর্ডের প্রথম প্রেসিডেন্ট স্যার জন শোর, রানি ভিক্টোরিয়া, ভারতের আয়কর আইনের জনক স্যার জেমস উইলসনের ছবি। এভাবে প্রায় শত শত দলিল ও চিত্রে খঁুটিনাটি বিবরণে ফুটে উঠেছে এই উপমহাদেশের রাজস্ব আদায়ের ইতিহাস।

কিন্তু মুগ্ধতা আর মগ্নতার এখানেই শেষ নয়। এরপর পৌঁছাবেন একটি গুহার ভেতর। আলো-আঁধারির রহস্যে ভরা গুহার ভেতর জীবন্ত হয়ে আছে আমাদের অতীত। সেই গুহার দেয়ালে-মেঝেতে থরে থরে সাজানো রয়েছে নিকট কিংবা দূর অতীতের নানা অনুষঙ্গ। এখানে আপনার দৃষ্টি কাড়বে একটি দুরবিন, ১৯১৫ সালে ভারতযাত্রার সময় ব্রিটিশ নাবিকেরা এটি ব্যবহার করেছিলেন। আপনি দেখবেন টেলিযোগাযোগের প্রথম দিককার নমুনা ১৮৮০ সালের টেলিফোন সেট। লন্ডনের সিমেন্স ব্রাদার্স নির্মিত এই টেলিফোন সেটের মতো নানা দুর্লভ সংগ্রহে ভরা এই গুহাটি। আছে চল্লিশের দশকে কর অফিসে ব্যবহৃত দেয়ালঘড়ি। আরও আছে ১৭১৯ সালে মোগল সম্রাট মোহাম্মদ শাহ আমলের, ১৭৬৫ সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের আমলে ব্যবহৃত এবং ব্রিটিশ আমলের মুদ্রা। গুহার ভেতরে দেখা গেল ২০ শতকের প্রথম দিকে সরকারি অফিসে ব্যবহৃত কলমদানি। রোলস রয়েস কোম্পানি ১৯০৭

ষাট দশকে ব্যবহৃত স্ট্যাপলার
ষাট দশকে ব্যবহৃত স্ট্যাপলার

সালে সিলভার গোস্ট নামে বিখ্যাত গাড়িটি বাজারে ছাড়ে। সে উপলক্ষে কলমদানিটি সেই গাড়ির একটি মিনি রেপ্লিকা দিয়ে সাজানো।

আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের বেশ কিছু গৌরবোজ্জ্বল স্মৃতিও ধরে রেখেছে এই আর্কাইভ। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নির্দেশনায় হাতে লেখা ব্যয় মঞ্জুরিপত্র আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এম আর আখতার মুকুলের চরমপত্রের দুর্লভ মূল লংপ্লেটি আর্কাইভটির মর্যাদাকে অনেক উঁচুতে নিয়ে গেছে।

আর্কাইভে স্থান পাওয়া প্রতিটি দলিল, আলোকচিত্র, তৈলচিত্র, মূল্যবান জিনিস সম্পর্কে আমাদের অনর্গল বলে গেলেন অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। এটি প্রতিষ্ঠার পেছনে তাঁর মেধা, সৃজনী ও কল্পনাশক্তি, গবেষণা আর অক্লান্ত পরিশ্রম কাজে দিয়েছে সবচেয়ে বেশি। এ কথা জানালেন তাঁরই ঊর্ধ্বতন কর্মকর্তা কর অঞ্চল-২-এর কর কমিশনার অপূর্ব কান্তি দাশ। রাজস্ব আদায়ের মতো একটি নীরস কাজের মধ্যে নিয়ত ব্যস্ত থেকেও ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার এই চিন্তা কীভাবে মাথায় এল, জানতে চাইলে অপূর্ব বললেন, ‘২০১০ সালের আগে পেশাগত কাজে অস্ট্রেলিয়া গিয়ে এ রকম আর্কাইভ দেখেছি। সেই থেকে মনের ভেতর স্বপ্ন বাসা বাঁধে। পৃথিবীর অন্যান্য দেশের মতো ইতিহাসের তথ্যভান্ডার গড়ে তুলব। সব বড় বড় দেশে প্রতিটি বিভাগের নিজস্ব আর্কাইভ আছে। সেখানে সংশ্লিষ্ট ইতিহাসকে ধরে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ তো দূরের কথা, ভারতীয় উপমহাদেশে এ ধরনের কোনো রাজস্ব আর্কাইভ ছিল না। সেই শূন্যতা দূর করতে এই উদ্যোগ।’

আবু দাউদ বললেন, ‘বিভিন্ন কর অফিস ও অন্যান্য বাতিল সরকারি স্টোর খঁুজে বের করেছি ১৮৩৪ থেকে ১৯৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত উপমহাদেশে সব আইনের সংকলন। এটি ভবিষ্যতের গবেষকদের জন্য আকর হিসেবে কাজে দেবে।’

এ ছাড়া অন্যগুলো ব্রিটিশ মিউজিয়াম, আমাজন ডট কম, লন্ডনের ইন্ডিয়া হাউস আর্কাইভ, বেলজিয়ামের টুনহাটেন অ্যান্টিক গ্যালারি আর শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত সংগ্রহ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানালেন আবু দাউদ।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এই আর্কাইভ উদ্বোধন করতে এসে উচ্ছ্বসিত হয়েছেন চট্টগ্রামের কর্মকর্তাদের এমন সৃজনশীল উদ্যোগে। তবে চট্টগ্রামের কর কর্মকর্তাদের কথা হলো, ব্যক্তিগত উদ্যোগে কাজটি শুরু হলেও এখন আর এটি ব্যক্তিগত পর্যায়ে নেই। নতুন প্রস্তাবিত কর ভবনে এই আর্কাইভের জন্য পাঁচ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে। তখন ইতিহাস, ঐতিহ্যকে আরও বিশদভাবে ফুটিয়ে তোলা যাবে, এমনটিই আশা করছেন উদ্যোক্তারা।