সন্ত্রাসী ওসমানের সহযোগীদের গ্রেপ্তার দাবি
অত্যাচারের সেই দুঃসহ স্মৃতি ভোলেনি ফটিকছড়ির মানুষ
ওসমান বাহিনীর প্রধান ওসমান নিহত হওয়ার মধ্যদিয়ে ফটিকছড়ি উপজেলায় একটি কালো অধ্যায়ের অবসান হলো—অত্যাচারে অতিষ্ঠ মানুষ এমন কথাই বলেছেন। অনেকে হাউমাউ করে কেঁদে ওসমানের অত্যাচারের বর্ণনা দেন। কেউ কেউ ওসমানের দিন শেষ হয়েছে বলে ‘শুকরিয়া’ আদায় করেন। তবে স্থানীয় বাসিন্দরা ওসমানের আশ্রয়দাতা ও সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারেরও দাবি জানান। যেভাবে সন্ত্রাসী ওসমান: ওসমানের সন্ত্রাসী হওয়ার পেছনে রয়েছে চমকপ্রদ কাহিনি। দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের দিনমজুর জাগির হোসেনের ছেলে ওসমান পাঁচ ভাই তিন বোনের মধ্যে সবার ছোট।অনুসন্ধানে জানা যায়, ১৯৯২ সালে করোনেশন উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ওসমান। তবে বহিষ্কৃত হলে আর পড়াশোনা করেননি। ওই সময়ে এলাকায় জামায়াত-শিবিরের দোর্দণ্ড প্রতাপ ছিল। শিবিরের অত্যাচারে দিশেহারা ছাত্রলীগের নেতা রাশেদুল আনোয়ার ওরফে টিপু প্রতিপক্ষকে মোকাবিলায় একটি বাহিনী গড়ে তোলেন। ওসমান যোগ দেন ওই বাহিনীতে। অল্পদিনের মধ্যেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রথম দিকে চুরি-ডাকাতিই করতেন। এতে ক্ষুব্ধ হন দলনেতা টিপু। মারধর করে তাঁকে দল থেকে বের করে দেন। ওসমান প্রকাশ্যে মারধরের অপমান সহ্য করতে না পেরে ১৯৯৫ সালের শেষের দিকে দুবাই চলে যান। এক বছরের মাথায় আবার ফিরে আসেন। এবার তিনি যোগ দেন কাঞ্চননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলোচিত জামালউদ্দিন অপহরণ মামলার অন্যতম আসামি কাশেম চেয়ারম্যানের সঙ্গে। কাশেম চেয়ারম্যানের সঙ্গে মিলে নানা অপরাধ করতে থাকেন। ওসমানের যত অপকর্ম: কাসেম চেয়ারম্যানের সঙ্গে যোগ দেওয়ার পর এলাকায় প্রভাব বেড়ে যায় ওসমানের। একসময় তিনি ছাত্রলীগের নেতা টিপুকে হত্যার পরিকল্পনা করেন। ১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর টিপুকে দাওয়াত দিয়ে কৌশলে পাশের নানুপুর ইউনিয়নে নিয়ে যান ওসমানের সহযোগীরা। সেখানে সন্ত্রাসীরা টিপুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এরপর থেকেই বেপরোয়া হয়ে পড়েন ওসমান। এলাকায় অপরাধের জাল বিস্তার করেন। বাগানের গাছ লুট, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণসহ নানা অপকর্ম করতে থাকেন একের পর এক। এক যুগেরও বেশি সময় ধরে চলে এরপর পৃষ্ঠা ২ কলাম ৬ত্রাসের রাজত্ব। ২০০১ সালের ২৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহুরুল হক, ২০০৫ সালে ছাত্রলীগ নেতা ইলিয়াস, খোরশেদ ও মাসুদকে একসঙ্গে হত্যা করেন ওসমান ও তাঁর সহযোগীরা। একই বছর ফারুক ও তাজুল এবং সর্বশেষ ২০০৫ সালের ২৪ মে চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে হত্যা করেন। ওসমান নিজেকে যুবদল নেতা দাবি করে গত জোট সরকারের সময় রাজনৈতিক নেতাদের আশ্র্রয়ে থাকেন। জানা যায়, ওসমানের হাতে নিহত মোরশেদ, সেলিম ওরফে বালু সেলিম ও জিকুর লাশ পাননি স্বজনেরা। অভিযোগ রয়েছে, তাঁদের তিনজনকে হত্যার পর লাশ ইটভাটার আগুনে পুড়িয়ে ফেলে ওসমান বাহিনী। বর্তমানে ওসমানের দলের উপপ্রধান হিসেবে জানে আলম কালু ওরফে বিডিআর কালুর নাম শোনা যায়। এ ছাড়াও আজিজ, শহীদ, হোসেন আলী, রফিক, আবু তাহের ওরফে তালিয়া, জাহাঙ্গীর, চিত্ত নাথ, তৌহিদ, সোলেমান, হারুন, জহুর, পুতিয়্যেসহ প্রায় অর্ধশতাধিক ক্যাডার র্যাব-পুলিশের তাড়া খেয়ে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় পালিয়ে গেছেন বলে জানা যায়। ওসমানের দখলে যেসব সম্পত্তি: স্থানীয়রা জানান, ওসমান তাঁর এলাকার বিভিন্ন পুকুর, ডোবা, জমি, টিলাজমি দখল করেছিলেন। রাঙ্গামাটিয়া গ্রামের আবদুল হাদি বলেন, তাঁর দুই কানি জমি দখল করেন ওসমান। একই গ্রামের সৈয়দ মিয়া বলেন, ‘আমার ২০ কানির একটি পুকুর জবরদখল করেছেন ওসমান।’ গত পাঁচ বছরে তিনি সেই পুকুরে যেতে পারেননি। মো. আলাউদ্দিন বলেন, তাঁর সাত-আট কানির টিলা দখল করেছেন ওসমান। এখন ফিরে পাওয়ার আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যের কাছে। স্থানীয় নেছার আহাম্মদ বলেন, ওসমান রাঙ্গামাটিয়া ইউনিয়নের সচ্ছল প্রায় প্রতিটি পরিবার থেকেই চাঁদা নিয়েছেন। হারানো সম্পদের দখল বুঝে নেওয়ার প্রস্তুতিক্ষুব্ধ জনতা সন্ত্রাসী ওসমানের বসতঘরের আসবাব ভাঙচুর ও লুটপাট করেন। ওসমান অন্যের পুকুরপাড়ে বসে যেভাবে মাছ লুটের মহড়া দিতেন, ঠিক তেমনি তাঁর মত্স্য প্রকল্প থেকেও ক্ষুব্ধ জনতা মাছ তুলে নেন। ওসমানের দখলে নেওয়া বিভিন্ন পুকুর, ডোবা, নালা ও ভিটা উদ্ধারে এলাকাবাসী তত্পরতা শুরু করেছেন। রাঙ্গামাটিয়া ইউনিয়নের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘আমার কাছে কয়েকজন সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। আমি তাঁদের সর্বাত্মক সহযোগিতা করব।’রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওসমান বাহিনী দিয়ে এলাকার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের পাশাপাশি অনেকের সম্পদ লুট করেছে। সে সম্পত্তি ফিরে পেতে অনেকে আমার কাছে আবেদন করেছেন।’তিনি তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডে ওসমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, ‘ভাইয়ের খুনিরা পার পায়নি এটা দেখে আমি সন্তুষ্ট।’হত্যাকাণ্ডে বিভিন্ন পরিবারের অভিমতউপজেলা আওয়ামী লীগের সভাপতি জহুরুল হকের ছোট ভাই অ্যাডভোকেট খায়রুল হক বলেন, ‘ভাইয়ের হত্যাকারীকে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে না পারলেও আল্লাহ অন্তত খুনির বিচার করেছেন। এ জন্য শোকরিয়া।’ ওসমানের হাতে নিহত চেয়ারম্যান আবু জাফর মো. আলমগীরের স্ত্রী রাশেদা আকতার কেঁদে কেঁদে বলেন, ‘আল্লাহ খুনির মৃতদেহ দেখিয়ে আমার আশা পূরণ করেছেন। আশঙ্কা ছিল খুনি পার পেয়ে যাবে কিন্তু তা হয়নি।’ তাঁর ১০ বছরের ছেলে আল রাহি মুরসালিন বলে, ‘আমি থানার সামনে দাঁড়িয়ে বাবার খুনির প্রতি ঘৃণা জানিয়ে এসেছি।’ তিনি খুনির গডফাদার ও সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওসমানকে ধরতে একাধিকবার চেষ্টা করেও সফল হইনি। সে সময়ে অসময়ে এসে এলাকার লোকজনকে হুমকি দিত বলে শুনেছি। তাঁর সহযোগীরা যাতে আর এলাকায় অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক।’