অথই সাগরে হারিয়ে গেছে ঊর্মি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো গভীর সমুদ্রে, কখনো বা ভারত-শ্রীলংকার উপকূলে ঢুঁ মেরেছিল ঊর্মি। গত এক বছর চার মাস সময়ে ঊর্মি পাড়ি দিয়েছে ১২ হাজার কিলোমিটার সমুদ্রপথ। এ সময়ে আইলাসহ অসংখ্য ছোট-বড় ঝড়ের কবলেও পড়তে হয়েছে তাকে। কিন্তু এখন ঊর্মি বেমালুম গায়েব। বরাবরের মতো স্যাটেলাইট যন্ত্রে ধরা পড়ছে না তার উপস্থিতি। বিষয়টি ভাবিয়ে তুলেছে গবেষকদের।প্রথম আলোর অসংখ্য পাঠক যাঁরা ঊর্মির খোঁজ রেখেছেন এতদিন, তাঁরা কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে ফোন করে নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছেন। তাঁরা জানতে চাইছেন, পিঠে স্যাটেলাইট যন্ত্র নিয়ে সমুদ্রে বিচরণকারী মা কচ্ছপটি কোথায় আছে? কেন তার খোঁজ মিলছে না?২০১১ সালের ২৯ মার্চ সন্ধ্যার কথা। কক্সবাজারের সাগরদ্বীপ সোনাদিয়া উপকূলে ৫৬ কেজি ওজনের ‘অলিভ রিডলে’ (জলপাই রঙের) জাতের একটি মা কচ্ছপের পিঠে স্যাটেলাইট যন্ত্র লাগিয়ে সাগরে ছেড়ে দিয়েছিলেন এ দেশের গবেষকেরা। উদ্দেশ্য ছিল, রহস্যেভরা সামুদ্রিক কচ্ছপের জীবনপ্রণালি ও বিচরণসহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা। এ নিয়ে প্রথম আলোতে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । ঊর্মির পিঠে স্যাটেলাইট যন্ত্র স্থাপন করা হয়েছিল ‘মেরিন লাইফ অ্যালায়েন্স’ নামের সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণা সংস্থার উদ্যোগে। এই প্রতিষ্ঠানের গবেষকেরা জানান, অ্যানটেনাযুক্ত স্যাটেলাইট যন্ত্রটির ওজন ছিল মাত্র ২০০ গ্রাম। বাংলাদেশে কচ্ছপের গতিবিধির ওপর নজরদারি করার প্রথম উদ্যোগ ছিল এটি। ‘ঊর্মি’ নামটাও এই সংস্থার গবেষকদের দেওয়া। তাঁরা জানান, গত বছর ২৯ মার্চ ভোরে ঊর্মি গভীর সাগর থেকে সোনাদিয়া দ্বীপে ডিম পাড়তে আসে। বালুচরে গর্ত খুঁড়ে তাতে ১১০টি ডিম পাড়ে সে। তারপর সাগরে নেমে যাওয়ার সময় এর গায়ে স্যাটেলাইট যন্ত্র স্থাপন করা হয়।মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক, গবেষক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম এক বছরের বেশি সময় ধরে ঊর্মির গতিবিধির ওপর নজর রাখছিলেন। তিনি বলেন, ‘সোনাদিয়া ছেড়ে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে ঊর্মি কুয়াকাটায় চলে যায়। এক মাস পর ঊর্মিকে সুন্দরবনের পাশ দিয়ে গভীর সাগরে চলে যেতে দেখা যায়। মাঝে ঊর্মি ঘূর্ণিঝড় আইলার কবলে পড়ে। গত বছর নভেম্বর মাসে ঊর্মি ঘূর্ণিঝড় গিরিসহ ১০টির বেশি নিম্নচাপ, লঘুচাপ মোকাবিলা করে শ্রীলংকা সাগর এলাকায় পৌঁছে। চলতি ২০১২ সালের জানুয়ারিতে ঊর্মি মাদ্রাজ অতিক্রম করে শ্রীলংকা এলাকার কাছাকাছি বঙ্গোপসাগরের শেষ প্রান্তে চলে যায়। সেখানে কয়েক দিন বিচরণ করে উল্টো পথে বাংলাদেশের দিকে ফিরে আসতে শুরু করে সে। ফেব্রুয়ারি মাসে ঊর্মি সোনাদিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে ৩৬১ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ওই সময়ের মধ্যে ঊর্মি সাগরের প্রায় ১২ হাজার কিলোমিটার পথ পরিভ্রমণ করে। কিন্তু গত কয়েক মাস ধরে ঊর্মির উপস্থিতি ধরা পড়ছে না স্যাটেলাইটে।’গবেষকেরা আশায় ছিলেন, হয়তো ঊর্মির উপস্থিতি আবারও ধরা পড়বে স্যাটেলাইটে। কিন্তু প্রায় পাঁচ মাসের মতো অতিবাহিত হলেও সাড়া মেলেনি তার। একদল বলছেন, জেলেদের জালে ধরা পড়েছে বেচারি। আশাবাদী গবেষকেরা অবশ্য বলছেন ঊর্মি বহাল তবিয়তেই আছে। স্যাটেলাইট যন্ত্রটি কোনো কারণে অকেজো হয়ে পড়ায় তার উপস্থিতি ধরা পড়ছে না। পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের (সিবিএইসিএ) সোনাদিয়া গ্রাম সংরক্ষণ দলের সভাপতি গিয়াস উদ্দিন (৩২) বলেন, ‘ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঊর্মি নিখোঁজ হয়। স্যাটেলাইট যন্ত্রেও ঊর্মিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাছ ধরার জালে আটকা পড়ে ঊর্মির খারাপ কিছু হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’ পরিবেশ অধিদপ্তর মহেশখালীর জীববিদ আবদুল কাইয়ুম বলেন, ‘ঊর্মির পিঠে স্থাপন করা যন্ত্রটি যথাসম্ভব বিকল হয়ে পড়েছে। এ কারণে স্যাটেলাইটে ঊর্মি ধরা পড়ছে না। ঊর্মি মারা গেলে সচল যন্ত্রটি স্যাটেলাইটে সংকেত পাঠাত। তা ছাড়া কচ্ছপ সাধারণত ২০০-৩০০ বছর বেঁচে থাকে। ধারণা করা হচ্ছে, ঊর্মি এখনো বেঁচে আছে। কিন্তু যন্ত্রটি বিকল হওয়ায় তাকে চিরদিনের জন্য হারাতে হচ্ছে।’ গবেষক জহিরুল ইসলাম জানান, সমুদ্রের পানিতে ভেসে ওঠা মাত্রই ট্রান্সমিটার যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ঊর্মির অবস্থান সম্পর্কিত তথ্য বা সংকেত স্যাটেলাইটে পাঠাবে। ঊর্মি পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক, স্যাটেলাইটে তা ধরা পড়বেই। কিন্তু কয়েক মাস ধরে ঊর্মির নিখোঁজ হওয়ার সংবাদে উদ্বিগ্ন সংশ্লিষ্ট গবেষক ও পাঠকেরা।