খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়ায় ১০ আগস্ট দুর্ঘটনায় একটি মোটরসাইকেলের চার আরোহীর মধ্যে তিনজন নিহত ও একজন গুরুতর জখম হন। এর আগে গত ৫ জুলাই খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান। এ দুটি দুর্ঘটনারই শিকার হয়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল। জেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা হচ্ছে। প্রশিক্ষণবিহীন, অদক্ষ চালক দিয়ে ভাড়ায় চালিত এসব মোটরসাইকেল চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য চলাচলের অনুমোদন পাওয়া এসব মোটরসাইকেলে বেআইনিভাবে যাত্রী পরিবহন করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। জানা গেছে, দুর্গম এলাকা, বিশেষত যে সব সড়কে যানবাহন চলাচল কম সেসব সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল বেশি চলাচল করে। মোটরসাইকেলের চালকেরা স্থানীয়ভাবে মাত্র দু-তিন দিন প্রশিক্ষণ নিয়ে যাত্রী পরিবহনে নেমে পড়েন। ভাড়ায় মোটরসাইকেল চলাচল করে এমন সড়কগুলো হচ্ছে—মানিকছড়ি থেকে লক্ষ্মীছড়ি, লক্ষ্মীছড়ি ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন সড়ক, জালিয়াপাড়া থেকে সিন্ধুকছড়ি-রামগড়, মাটিরাঙা থেকে তবলছড়ি-তাইন্দ্যং, খাগড়াছড়ি-পানছড়ি, পানছড়ি-তাইন্দ্যং-মাটিরাঙা, খাগড়াছড়ি-ভুয়াছড়ি, দীঘিনালা-মেরুং-লংগদু ও দীঘিনালা-বাঘাইহাট-মারিশ্যা সড়ক। এসব সড়কে যাত্রী পরিবহনে সাত-আট শ মোটরসাইকেল নিয়োজিত আছে। কয়েকটি সড়কে রীতিমতো মোটরসাইকেলের স্টেশন বসিয়ে যাত্রী টানা হচ্ছে।খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বিপ্লব চৌধুরী জানান, অধিকাংশ চালক মালিক থেকে দৈনিক আড়াই শ টাকায় মোটরসাইকেল ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন। জ্বালানি খরচ ও মালিকের ভাড়া বাদে তাঁদের হাতে তিন-চার শ টাকা থাকে। খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ৪০টি মোটরসাইকেল নিয়মিত চলাচল করছে। ভাড়া জনপ্রতি ৬০ টাকা। তবে একজন যাত্রী উঠলে ১২০ টাকা দিতে হয়। খাগড়াছড়ি-ভুয়াছড়ি সড়কের মোটরসাইকেলচালক শফি আলম বলেন, ‘ভাড়ায় মোটরসাইকেল চালকদের অধিকাংশেরই সনদ (ড্রাইভিং লাইসেন্স) নেই। প্রায় ৮০ শতাংশ মোটরসাইকেলের কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) নেই।’খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া এলাকার এক মোটরসাইকেলের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ব্যক্তিগত কাজের জন্য আট মাস আগে একটি মোটরসাইকেল কিনেছি। যা সবসময় আমার কাজে লাগে না। তাই কিছু রোজগারের আশায় এক পরিচিত চালককে ভাড়া দিই।’ তিনি জানান, নিবন্ধন ও চালক সনদ না নিয়ে মোটরসাইকেল চালানো যায়। তাই এসব নেওয়ার প্রয়োজন বোধ করেননি।খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া বলেন, ‘ভৌগোলিক অবস্থান, দুর্গম যাতায়াতব্যবস্থা ও যানবাহনের দুষপ্রাপ্যতার কথা বিবেচনা করে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল একেবারে নিষিদ্ধ করা হয়নি। তবে কোনো মোটরসাইকেলে যেন দুজনের বেশি আরোহী না ওঠেন তা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনের বেশি আরোহী হলে জরিমানা করা হচ্ছে।’ বিষয়টি সব সড়কের নিরাপত্তা চৌকিকেও জানানো হয়েছে বলে জেলা প্রশাসক জানান। খাগড়াছড়ি বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) মোটরযান পরিদর্শক আবদুল কুদ্দুস বলেন, ‘মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ বেআইনি। মোটরসাইকেল ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।’