অদম্য প্রাণশক্তির কাছে হার মানে প্রতিবন্ধকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

একদল তরুণ। তাঁদের কারও দৃষ্টিশক্তি নেই; কারও নেই হাঁটার, কথা বলার বা শোনার ক্ষমতা। তাতে কী? এই প্রতিবন্ধকতা কি প্রবল ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে? গত ২৯ এপ্রিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেঞ্জন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (ডিইউপিডিএফ) আয়োজিত ‘সমন্বিত সমাজ গড়ার নেতৃত্ব প্রদান বিষয়ক কর্মাশালা ও শ্রুতিলেখক সম্মাননা-২০১৭’ অনুষ্ঠিত হয়। সেখানে গিয়ে দর্শকসারিতে বসা এই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চোখেমুখে সাহসিকতার ছাপ দেখে মনে হয়, তাঁদের প্রবল ইচ্ছাশক্তি হার মানার নয়।

সারা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২০০৮ সালে ফিজিক্যালি চ্যালেঞ্জন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যাত্রা শুরু করে। এই সংগঠনের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মিজানুর রহমান। পিডিএফের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাই হলো ডিইউপিডিএফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংগঠন ২০০৮ সাল থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করলেও ২০১৪ সালের দিকে প্রাতিষ্ঠানিক রূপ নেয়।

বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের ওপরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আছেন। এই সংগঠন তাঁদের নানাভাবে সহযোগিতা করে। যেমন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অডিও ধারণ ও পরীক্ষায় শ্রুতিলেখকের ব্যবস্থা করে থাকে সংগঠনটি।’

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়া বা লেখার জন্য কখনো কখনো অন্যের সাহায্যের প্রয়োজন হয়। সহপাঠীরা তাঁদের পড়ার অডিও ধারণ করে দেন। সেই অডিও শুনে তাঁরা পড়া শেখেন। পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্যও শ্রুতিলেখকের সাহায্য দরকার। পরীক্ষার হলে তাঁরা বলেন আর শ্রুতিলেখক তাঁদের হয়ে লেখেন। তাই পড়াশোনার জন্য অনেকখানিই এই সহযোগীদের ওপর নির্ভর করতে হয়।

ডিইউপিডিএফের সভাপতি মাহবুব রহমান শাকিল এই অনুষ্ঠানের একপর্যায়ে বলেন, ‘উন্নত দেশে ডিজিটাল পদ্ধতিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা আছে। বাংলাদেশে এখনো সেই ব্যবস্থা চালু হয়নি। অনেক সময় দেখা যায়, আগামীকাল কোনো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পরীক্ষা। অথচ তিনি শ্রুতিলেখক খুঁজে পাচ্ছেন না। অনেকে এই সমস্যার কারণে পরীক্ষাও দিতে পারেন না।’

এই শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ডিইউপিডিএফ গড়ে তুলেছে ‘রাইটারস ব্যাংক’। এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পরীক্ষার আগে তারা শ্রুতিলেখক জোগাড় করে দেন।

বিশ্ববিদ্যালয়ে এমন বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন, যাঁরা দৃষ্টিপ্রতিবন্ধীদের শ্রুতিলেখক হয়ে পরীক্ষা দেন। ডিইউপিডিএফ এ বছর এমন ১৫ জন শ্রুতিলেখককে সম্মাননা দিয়েছে। তাঁদের মধ্যে শ্রেষ্ঠ শ্রুতিলেখক হিসেবে সম্মাননা পেয়েছেন তিনজন। তাঁরা হলেন ঢাবির ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের জাকির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অরূপ কুমার সরকার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেজবাহ্ আহম্মেদ। অরুপ কুমার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কাজ করি। পরীক্ষা শেষে তাঁদের হাসিমুখ দেখলে আমার সব কষ্ট দুর হয়ে যায়।’

এবারের অনুষ্ঠানে টেকসই উন্নয়নের চতুর্থ লক্ষ্যমাত্রাকে ‘সমন্বিত শিক্ষা (ইনক্লুসিভ এডুকেশন)’ সামনে রেখে দিনব্যাপী একটি কর্মশালারও আয়োজন করে ডিইউপিডিএফ। সেখানে কীভাবে সমন্বিত সমাজের নীতিনির্ধারণ করা হয়, নেতৃত্ব প্রদান, বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সমাজ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষকেরা দিনব্যাপী প্রশিক্ষণ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিইউপিডিএফের উপদেষ্টা তৌহিদুল হক। আবদুল মোনেম ইকোনমিক জোনের সহযোগিতায় ডিইউপিডিএফ এই অনুষ্ঠানটির আয়োজন করে।