

তাঁদের কথা আগে কেউ জানত না। দেশের প্রত্যন্ত অঞ্চলে তাঁদের বাস। প্রথম আলো তুলে এনেছে তাঁদের গল্প। পর্বতসম বাধা পেরিয়ে তাঁদের সাফল্য অর্জনের সেই গল্পগুলো শুনে মানুষ কেঁদেছে। বলছি অদম্য মেধাবীদের কথা। আশাজাগানিয়া বাংলাদেশের রূপকল্প রচনা করেছেন এই প্রতিভাবান তরুণেরা।
এই প্রতিভাবানদের স্বপ্নপূরণে সঙ্গী হয়েছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় তরুণদের প্রতিভা বিকাশে এবং তাঁদের স্বপ্ন ও সম্ভাবনা পূরণে কাজ করে। প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় ২০১০ সাল থেকে অদম্য মেধাবীদের সঙ্গে আছে ব্র্যাক ব্যাংক। আর্থিক টানাপোড়েনের কারণে শিক্ষাজীবনের মাঝপথে মেধাবীরা যেন ঝরে না পড়েন, সে লক্ষ্যে প্রথম আলো চালু করে অদম্য মেধাবী বৃত্তি। অদম্য মেধাবীদের পুরো শিক্ষাজীবনে ব্র্যাক ব্যাংক তাঁদের সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় অদম্য মেধাবী বৃত্তি পেয়েছেন ৩৫৩ জন শিক্ষার্থী। আমরা মনে করি, ৩৫৩ জনই একেকজন দেশ গড়ার কারিগর।
যখন সিলেটের নাদিম আহমেদ, কুমিল্লার ইমরান হোসেন, সুনামগঞ্জের টুম্পা রানী সরকার, কক্সবাজারের মো. জোবাইরের সাফল্যের কাহিনি শুনি, আস্থা পাই এই ভেবে যে আমরা সম্ভাবনাময়দের সঙ্গে আছি এবং যথাযথ বিনিয়োগ করছি। আমরা বিশ্বাস করি, শিক্ষায় বিনিয়োগ নিয়ে আসে দীর্ঘমেয়াদি সুফল।
ব্র্যাক ব্যাংকের জন্য ‘অদম্য মেধাবী’ কার্যক্রম আর দশটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মতো নয়। এসব মেধাবীর সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। প্রথম আলো ট্রাস্টের সঙ্গে মিলে এ কর্মকাণ্ডকে আমরা নিয়ে যেতে চাই নতুন উচ্চতায়।
সৈয়দ মাহবুবুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক লিমিটেড