অদম্য মেধাবীদের অসামান্য অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত প্রতিকূলতায়ও যাদের দমিয়ে রাখা যায় না, তারাই তো অদম্য। দেশের আনাচকানাচে কত প্রতিভা ছড়িয়ে আছে। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে সবাই পৌঁছাতে পারছে না সাফল্যের দুয়ারে। আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের স্বপ্নপূরণে প্রথম আলো এগিয়ে আসে ২০০৭ সাল থেকে। প্রথম আলো ট্রাস্টে অর্থ দিয়ে সহায়তা করছেন দেশ-বিদেশের অগণিত হূদয়বান মানুষ। ২০০৮ সালে প্রথম আলো এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৯ জন অদম্য মেধাবীকে বৃত্তি প্রদানের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। যার মধ্য থেকে ১৬ জন এ বছর এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। তাঁরা আরও একবার প্রমাণ করেছে তাঁরা সত্যিই অদম্য। ২ অক্টোবর প্রথম আলো ট্রাস্ট আয়োজন করে অদম্য মেধাবী সংবর্ধনার। ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া আট জন শিক্ষার্থীর স্বপ্নকথা তুলে ধরা হলো:লক্ষ্মী রানী বিশ্বাসতখন দুর্গাপূজার মৌসুম। গ্রামের সবাই নতুন নতুন জামা-কাপড় কিনে আনছেন। সহপাঠী বা খেলার সাথিরাও পছন্দের জামাটি দেখাচ্ছে লক্ষ্মীকে। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট লক্ষ্মীরও পূজায় নতুন জামা পেতে ইচ্ছা করল। আবদার করল মায়ের কাছে। মা তখন দুই বেলা না খাওয়া মানুষগুলোর জন্য কিছু একটা রান্না করছেন। লক্ষ্মী মায়ের কাছে গিয়ে নতুন জামা কিনে দেওয়ার বায়না ধরল। মা তখন মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, ‘পূজার জামাই যদি পরবি, তাহলে ভগবান আমাদের অভাব দেবেন কেন?’লক্ষ্মীর বাবা দরিদ্র কৃষক। অভাব পদে পদে। বাধাও নানা রকম। গরিব ঘরের মেয়ে, পড়াশোনা করে হবে কী? এমন হাজার প্রশ্নের সঙ্গে লড়াই করে অষ্টম শ্রেণীতে আসতেই পড়া বন্ধ হয়ে যাচ্ছিল। হাল ছাড়েনি লক্ষ্মী। মা-বাবার সঙ্গে নিজেই নেমে পড়ে কাজে। অন্যের জমি পরিষ্কার করা, ধানের চারা তোলা, রোপণসহ নানা ধরনের কাজ। কোনো কাজই লক্ষ্মীর কাছে ছোট নয়। কারণ, লক্ষ্য যে তার পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া।লক্ষ্মীর পড়াশোনার প্রতি আগ্রহ ও মেধা দেখে শিক্ষকেরাও সাহায্য করতেন। সব প্রতিকূলতাকে পায়ে ডলে লক্ষ্মী ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পায়।লক্ষ্মী বিশ্বাস প্রথম আলোর ‘অদম্য মেধাবী’ হিসেবে স্বীকৃতি পায়। উচ্চমাধ্যমিকে পড়তে দুই বছরের জন্য প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয় লক্ষ্মীকে। তার খবর পড়ে অনেকেই সাহায্য করে তাকে। ২০১০ সালে লক্ষ্মী বিশ্বাস এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে প্রমাণ করেছে সে আসলেই অদম্য। সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইলের রামসিদ্ধি গ্রামের অদম্য মেধাবী লক্ষ্মী বিশ্বাস হেসে বলে, ‘আমি কিন্তু আমার কথা রেখেছি।’ বড় হয়ে লক্ষ্মী তার মতো দরিদ্র মেধাবীদের পাশে এসে দাঁড়াতে চায় বলে জানায়।আসমা আক্তারপটুয়াখালী জেলার কলাপাড়ার মেয়ে আসমা আক্তার। বাবা জেলে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পায় সে। পড়াশোনায় প্রবল আগ্রহ আসমার। ২০০৭ সালে আসমা যখন দশম শ্রেণীতে, তখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সিডরের আঘাতে বিধ্বস্ত হয় আসমাদের থাকার ঘরটিও। বই-খাতা ভেসে যায় বানের জলে। ত্রাণ আসতে থাকে কলাপাড়ায়—কাপড়, খাবার, পানি ইত্যাদি। কিন্তু আসমার তো বই চাই। সামনে যে তার এসএসসি পরীক্ষা। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের একটি দল ফিরে গিয়ে আসমার জন্য বই পাঠায়। নতুন করে শুরু করে আসমা। এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল জিপিএ-৫। সবাইকে তাক লাগিয়ে দেয় আসমা। সঙ্গে সঙ্গে তৈরি হয় নতুন শঙ্কা। কলেজে পড়া হবে তো? অদম্য আসমার পাশে এসে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্ট থেকে দুই বছরের শিক্ষাবৃত্তি নিয়ে কলেজে ভর্তি হয় আসমা। অভাব-অনটনকে জয় করে এ বছর বাণিজ্য বিভাগ থেকে আসমা এইচএসসিতে আবার জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা নিতে এসে আসমা বলে, ‘উচ্চশিক্ষা শেষ করে এমন একটা চাকরি করতে চাই, যাতে করে নিজের ওপর নির্ভরশীল হয়ে আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারি।’বিপুল মিয়াকেরোসিনের অভাবে রাতে পড়া হতো না বিপুল মিয়ার। তাই দিনের আলোতেই পড়া শেষ করে ফেলত। তার বাড়ি জামালপুর জেলায়। বাবা দিনমজুর। অভাবের তাড়নায় অনেক সময় বাবার সঙ্গে কাজে যেতে হতো। কাজে গেলে সে দিন আর স্কুলে যাওয়া হতো না। মাথা গুঁজে থাকার জন্য নিজেদের এক টুকরা জমিও নেই। খেয়ে না খেয়ে চালিয়ে গেছে পড়াশোনা। এসএসসির মাত্র কয়েক মাস বাকি, তখনো বিপুল জানে না, তার পরীক্ষা দেওয়া হচ্ছে কি না। শেষে প্রতিবেশী ও শিক্ষকদের সহায়তায় ফরম পূরণের টাকা জোগাড় হয়। বিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে জিপিএ-৫ পাওয়া বিপুল উচ্চমাধ্যমিকেও অর্জন করে জিপিএ-৫। এই অদম্য মেধাবীর স্বপ্ন এখন মেডিকেল পড়ার।ছামিনা আক্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়ার অদম্য মেধাবী ছামিনা আক্তার। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। ছামিনার ইচ্ছা চিকিৎসক হওয়ার, দরিদ্র মানুষদের চিকিৎসাসেবা দেওয়ার। কিন্তু ছামিনার এ সাফল্য মোটেও সহজ ছিল না। শুনুন তার মুখেই, ‘বাবা কাঠমিস্ত্রি। সারা দিনে যে আয়, তা দিয়ে কোনোমতে সংসার চলে। আবার চলেও না। গ্রামে বিদ্যুতের আলো পৌঁছালেও আমাদের বাড়ি অন্ধকার। হারিকেনের আলোয় পড়াশোনা করতে হয়েছে। বর্ষায় আমাদের বাড়ির চারদিক পানিতে ডুবে গেলে কিংবা বন্যা হলেও স্কুলে যেতাম। স্কুলে না এলে ভালো লাগত না। ভেজা কাপড়েই ক্লাস করে আবার বাড়ি ফিরতাম। আমার আগ্রহ দেখে শিক্ষকেরা আমাকে সহায়তা করতেন। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকার জোগাড় হচ্ছিল না। শেষে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পে মায়ের জমানো সঞ্চয়ের টাকা এবং শিক্ষকদের সহায়তায় ফরম পূরণ করি। আমি ভালো রেজাল্ট করেছি। মা-বাবা খুশি হলেন। এরপর প্রথম আলোর অদম্য মেধাবী স্বীকৃতির বৃত্তির মাধ্যমে কলেজে লেখাপড়া করি। উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও ভালো করি। প্রথম আলোর এ বৃত্তি ছাড়া আমার পক্ষে এ অর্জন সম্ভব ছিল না।’মাসুদ রানানীলফামারীর দরিদ্র এক কৃষকের ছেলে মাসুদ রানা। বাবা সারা দিন মাঠে কাজ করেন। সঙ্গে রানাও বাবাকে সাহায্য করে। কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়াও চালাত রানা। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে রানা। তখন একটি বেসরকারি ব্যাংক এবং প্রথম আলো ট্রাস্ট্রের সহায়তায় পড়াশোনা চলতে থাকে তার। এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে মাসুদ রানা। রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। রসায়ন তার প্রিয় বিষয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে অধ্যাপক হওয়ার স্বপ্ন রানার।খুশি খাতুনখুশি খাতুন কুড়িগ্রামের মেয়ে। এত কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করলেও সব সময় আনন্দের ছাপই দেখা যায় খুশির মুখে। দারিদ্র্য তাকে সংকল্প থেকে পিছু হটাতে পারেনি। জীবনের অনেক বঞ্চনার জবাব সে দিয়েছে লেখাপড়ায় ভালো ফলাফলের মাধ্যমে। বাবা একজন ঠেলাগাড়িচালক। কুড়িগ্রামের রাস্তায় রাস্তায় ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান তিনি। মেয়ের লেখাপড়ায় আগ্রহ দেখে বাবা অভাবের সংসারেও তাকে লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। খুশি ২০০৮ সালে এসএসসিতে জিপিএ-৫ পায়। তার পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। ফলে কলেজ পর্যায়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে খুশি। ২০১০ সালে এইচএসসিতেও খুশি ভালো ফলাফল করেছে।সুরাইয়া হুদা শিউলিযশোরের মেয়ে সুরাইয়া হুদা শিউলির বাড়ি যশোর। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারায় শিউলি। সপ্তম শ্রেণীতে পড়ার আগ পর্যন্ত লেখাপড়া চালাতে হিমশিম খেতে হয়নি শিউলিকে। হঠাৎ বাবার মৃত্যুর পর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। মা গৃহিণী। শিউলির ভাই সংসারের হাল ধরে। ভাইয়ের রোজগার করা অর্থে শিউলির লেখাপড়া চালানো তো দূরের কথা, সংসার চালানোই খুব কষ্টের হয়ে পড়ে। তবুও কোনো রকমে সে লেখাপড়া চালাতে থাকে। শিউলির সংসারের এই আর্থিক অবস্থার কথা জেনে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এভাবে শিউলি এসএসসি পাস করে আকিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে। এসএসসিতে ভালো ফলাফলের সুবাদে শিউলি প্রথম আলো ট্রাস্টের আওতায় আসে। এর পর থেকে লেখাপড়ায় আর কোনো আর্থিক সমস্যায় পড়তে হয়নি শিউলিকে। আকিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা শিউলির। ভবিষ্যতে ব্যাংকে চাকরি করতে চায়।ছানারুল হকছানারুলের বাড়ি গাইবন্ধা। চার ভাইবোন। বাবা রিক্সাচালক। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেন। কোনো মতে সংসার চলে। এমনও দিন গেছে ছানারুলদের উপোষ থাকতে হয়েছে। লেখাপড়ায় ছোটবেলা থেকেই প্রবল আগ্রহ ছানারুলের। পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করায় তেমন কোনো সমস্যা হয়নি। ৬ষ্ঠ শ্রেণীতে উঠতেই টের পল, শুধু মেধা থাকলেই হবে না, পড়াশোনা করতে টাকা দরকার, যা তার বাবার নেই। এবার তাই নিজেই নেমে পড়ে টাকা রোজগারের পথে। অন্যের জমিতে কাজ শুরু করে বিনিময়ে যে টাকা পেল তা দিয়েই সে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় এবং বই কেন। এভাবেই শুরু ছানারুলে মাধ্যমিকের পাঠ। স্কুলে যেত পানি ভাত আর কাচা মরিচ খেয়ে। এসএসসি পরীক্ষার আগে অন্যের বাড়ি গিয়ে কাজ করে পরীক্ষার ফির টাকা জোগাড় করেছে। কিন্তু ফলাফল জিপিএ-৫। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি পেয়ে চালিয়ে যায় কলেজ পর্যায়ের শিক্ষা। এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে তার মেধার প্রমাণ দিয়েছে ছানারুল। এবার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তারপর ভবিষ্যতে ব্যাংকে বড় চাকরি করতে স্বাবলম্বী হতে চায় সে।