অদম্য মেধাবীদের যাত্রাপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ও ১৩ অক্টোবরের প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ পাতায় ‘অদম্য মেধাবীদের অসামান্য অগ্রযাত্রা’ পড়ে অভিভূত হলাম। ‘মেধাবী’ শব্দটায় এমন কিছু জড়িয়ে আছে, যা যে কাউকে অনেক উচ্চতায় পৌঁছে দেয়। আর মেধাবী শব্দের আগে যদি থাকে ‘অদম্য’, তবে সেই অদম্য মেধাবীদের জানার আগ্রহ স্বভাবতই বেড়ে যায়। একেকজনের কথা পড়ছিলাম আর ভাবছিলাম, ইচ্ছাশক্তি থাকলে কোনো শুভ ভাবনাকে, সুন্দর স্বপ্নকে কত সাবলীলভাবে বাস্তবায়ন করা যায়।যে লক্ষ্মী রানী অন্যের জমিতে কাজ করে, তার মা-বাবা পূজায় মেয়েকে নতুন জামা দিতে পারেন না। মেধা ও ইচ্ছাশক্তির জোরে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পায় সে। পাবে না কেন, সে যে লক্ষ্মী, তাকে দমিয়ে রাখার সাধ্য কার আছে! সিডরে বানের জল ভাসিয়ে নেয় আসমার ঘরবাড়ি। ভেসে যায় বইপত্র, কিন্তু তার দুচোখের স্বপ্ন ভাসিয়ে নেওয়ার ক্ষমতা সিডরের নেই। তাই তো আসমা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পায়। কেরোসিন খরচের ক্ষমতা নেই বলে দিনের আলোয় পড়া শেষ করত বিপুল। যে বিপুলের শিক্ষার আলো পথ দেখাবে বাংলাদেশকে। কেরোসিনের প্রদীপের আলোর কী দরকার তার! তাই তো সে শুধু সূর্যের আলোয় পড়ালেখা করেই ঝুলিতে ভরেছে দু-দুটো জিপিএ-৫। দিনের পর দিন উপোস থেকে, পরীক্ষার ফি জোগাড় করেছে অন্যের বাড়িতে কাজ করে—নাম তার সানাউল। এসএসসিতে পেয়েছে জিপিএ-৫, সেই ধারাবাহিকতায় এইচএসসি।একইভাবে ছামিয়া, খুশি, মাসুদরা পারিবারিক বা অর্থনৈতিক প্রতিকূলতাকে জয় করেছে প্রবল ইচ্ছাশক্তি দিয়ে, পেয়েছে জিপিএ-৫। জীবনকে সঠিক পথে চালানোর লক্ষ্যে তারা অর্থনৈতিক বাধা অতিক্রম করেছে অবলীলায়।সমাজে আমাদের পরিচিত অনেক ছেলেমেয়ে আছে, যারা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, যাদের বাবার বাড়ি-গাড়ি সব আছে, কিন্তু সেসব ছেলেমেয়ের শিক্ষার প্রতি আগ্রহ একেবারেই কম। আসল দরিদ্র তো তারাই, যারা সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েও শিক্ষার আলোয় আলোকিত হতে পারে না, নিজেদের অনাগ্রহের কারণে।প্রথম আলোকে বিশেষ ধন্যবাদ যে তারা ‘দরিদ্র মেধাবী’ না বলে ‘অদম্য মেধাবী’ শব্দযুগল ব্যবহার করেছে। আর্থিক অক্ষমতাকে ছাপিয়ে প্রতিকূল পরিবেশকে জয় করে যারা নিজেদের করছে সমৃদ্ধ, তাদের অগ্রযাত্রা থাকুক অব্যাহত।প্রথম আলোর এ উদ্যোগ সূচনা হিসেবেই ধরা যায়। অন্যান্য সংস্থা ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা অদম্য মেধাবীদের স্বপ্নরথের যাত্রাপথে সারথি হতে পারেন নির্দ্বিধায়। অসংখ্য মেধাবীর উচ্ছল বিচরণে বাংলার সবুজ ঘাস আরও সবুজ হোক, সত্যি হোক লাল-নীল স্বপ্নগুলো...!ঝুমুর রায়বেসরকারি ব্যাংকে কর্মরত, মৌলভীবাজার