অদম্য মেধাবীদের স্বপ্নকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের স্বপ্নপূরণে ২০০৭ সাল থেকে প্রত্যক্ষভাবে এগিয়ে আসে প্রথম আলো। ২০০৮ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৯ জন অদম্য মেধাবীকে বৃত্তি প্রদানের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে প্রথম আলো, যার মধ্য থেকে ১৬ জন এ বছর এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া আট জন শিক্ষার্থীর কথা জেনেছি স্বপ্ন নিয়ের গত সংখ্যায়। এবার আরও আটজনের স্বপ্নকথা তুলে ধরা হলো:সরল শেখনাম ‘সরল’ হলেও জীবনের চলার পথটা সরল ছিল না। পদে পদে বাধা। নাটোর জেলার লালপুরের অতিদরিদ্র কৃষকঘরের সন্তান সরল। তার মা পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। মা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়ায় মায়ের প্রচেষ্টায় সরলের লেখাপড়া চলতে থাকে। কখনোই নিয়ম করে খাওয়া হতো না। পরীক্ষাও দিতে হয়েছে না খেয়ে। ছাতা না থাকায় বৃষ্টির দিনে পলিব্যাগে বই নিয়ে স্কুলে যেতে হত। এত বাধায়ও পড়াশোনায় আগ্রহের কমতি ছিল না। কারণ মা বলেছেন, ‘লেখাপড়া করলেই গাড়ি-ঘোড়া চড়া যায়।’ সংসারে অভাব আর অনটনের মধ্যে অষ্টম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি সরল। ওই সময়ে সে মাঠে কাজ করেছে। ২০০৮ সালে এসএসসি পরীক্ষার দিনগুলোতেও নিয়ম করে বিকেলে কাজে যেতে হতো। কখনো বা বাবার সঙ্গে ডাব বিক্রি করতে হতো।পরীক্ষার পর অবসর সময়ে কখনো রাজমিস্ত্রির জোগাল, এটা-ওটা বিক্রি, মাঠে কাজ করে সরল টাকা জমাতে থাকে কলেজে ভর্তির। সরলের রেজাল্টে খুশি হয় গ্রামের সবাই। এত কষ্ট করে বিজ্ঞান থেকে জিপিএ-৫ পাওয়া সরল দৃষ্টি এড়াতে পারেনি প্রথম আলোর। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তার লেখাপড়ায় সহায়ক হয়। ২০১০ সালে এইচএসসিতে আবারও জিপিএ-৫ পেয়েছে সরল শেখ।সরল এখন স্বপ্ন দেখছে বুয়েটে পড়ার। প্রকৌশলী হতে চায় সে। এমন যার মেধা এ স্বপ্ন দেখা যে তাকেই মানায়।সাজেদা খাতুনছয় বোনের সংসারে জন্ম সাজেদা খাতুনের। বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগিলাগাড়ি। বাবার বয়স হয়েছে। আগের মতো কাজ করতে পারেন না। ছয় বোনের দুজনের বিয়ে হয়ে গেছে। অন্য দুজন নামমাত্র বেতনে চাকরি করে। এ দিয়েই চলে তাদের সংসার।মাটির দেয়ালতোলা ঘরে ফুটো টিনের চালা। দেয়ালও খসে খসে পড়ছে। নিজেদের জমি বলতে কিছু নেই। অভাব নিত্যসঙ্গী। এর মধ্যে পড়াশোনা করে সাজেদা এসএসসিতে জিপিএ-৫ পায়। ভালো ফলাফল করলেও থেমে যেতে চায় পড়াশোনা। প্রথম আলো ট্রাস্ট পাশে দাঁড়ায় সাজেদার। নতুন প্রেরণায় সাজেদা কলেজে ভর্তি হয়। বৃত্তির টাকায় চালিয়ে যায় পড়াশোনা। ২০১০ সালে সে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আবারও জিপিএ-৫ পায়। সাজেদা খাতুন প্রমাণ করেছে, দারিদ্র্য মেধাকে দমিয়ে রাখতে পারে না। সাজেদা মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসক হতে চায়।জয়ন্ত রায়রংপুরের তারাগঞ্জের ছেলে জয়ন্ত। বাবা কখনো দর্জির কাজ, কখনো মাঠে কাজ করে সংসার চালান। একমাত্র সন্তানকে লেখাপড়া শেখানোর প্রবল আগ্রহ ছিল মা-বাবার। কিন্তু অভাবের সংসারে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরই জয়ন্তকে মামাবাড়ি পাঠিয়ে দেন তাঁর মা-বাবা। বাড়ি এলে জয়ন্ত নিজেও বাবার সঙ্গে মাঠে যায়। মাঠে কাজ করে কিছু পয়সা উপার্জন করে এবং মামাদের সহযোগিতায় ফরম পূরণ করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে বড় চমক। জিপিএ-৫। কিন্তু আবারও পড়া চালিয়ে যাওয়ায় অনিশ্চয়তা। প্রথম আলো ট্রাস্ট জয়ন্তকে শিক্ষাবৃত্তি দেয়। নতুন উদ্যমে জয়ন্ত পড়াশোনা করে ২০১০ সালে আবারও প্রমাণ করেন এ মেধা দমার নয়। জয়ন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা শেষ করে আদর্শ শিক্ষক হতে চায়।উম্মে সালমাজয়পুরহাট জেলার আক্কেলপুরের মেয়ে উম্মে সালমা। নিজেদের জমি বলতে কিছু নেই। বাবা দিনমজুর। মা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন, শাকসবজি বিক্রি করে সালমার পড়াশোনা চালিয়ে নেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় সালমার বাবা মারা যান। পদে পদে অনিশ্চয়তার মধ্যে পড়তে থাকে সালমা। তবুও সে হতাশ হয়নি, লক্ষ্য ধরে এগিয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ বেছে নেয় সালমা। খাতা কেনার পয়সা না থাকায় পেনসিল দিয়ে একই খাতায় বারবার লিখত। রাবার দিয়ে মুছে আবার লিখত সেই খাতায়। কত দিন যে না খেয়ে পড়তে গেছে তার হিসাব নেই।মায়ের কষ্ট বৃথা যায়নি সালমার। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের এক ধাপ পার করে। কলেজে বিজ্ঞানে পড়ার টাকা না থাকায় ভর্তি হয় বাণিজ্যে। লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সালমাকে খুঁজে বের করে প্রথম আলো। বৃত্তির টাকায় সালমার কলেজের লেখাপড়া চলতে থাকে। এইচএসসিতে সে পায় জিপিএ-৫। এখন লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াই এখন তার একমাত্র স্বপ্ন।গোলাম মোস্তফাএসএসসির ফল প্রকাশের দিনও মোস্তফা ব্যস্ত ছিল চা-পান-সিগারেট বিক্রিতে। পটুয়াখালীর এক দরিদ্র ঘরে গোলাম মোস্তফার বেড়ে ওঠা। ঝুপড়ি একটি দোকানে এসব বিক্রি করেই গোলাম মোস্তফা পড়াশোনা করে। বাবার আয়ে সংসার না চলায় অষ্টম শ্রেণী থেকে দোকানে কাজ করতে হয়। শত বাধাবিপত্তি উপেক্ষা করে মোস্তফা এসএসসিতে জিপিএ-৫ পায়। কিন্তু এ সাফল্যও মোস্তফাকে খুব আশাবাদী করে তুলতে পারে না। অভাবের সংসারে কলেজে পড়া স্বপ্নের চেয়েও বড় কিছু ছিল তার কাছে। কিন্তু আচমকা আসে সেই সুযোগ। প্রথম আলো ট্রাস্ট তার স্বপ্নপূরণে সহায়তা করে। উচ্চ মাধ্যমিকেও সে আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যায়। এইচএসসিতেও অর্জন করে জিপিএ-৫। এ সাফল্যের জন্য সে প্রথম আলো ট্রাস্টকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। চিকিৎসক হওয়ার জন্য এবার মোস্তফা তৈরি হচ্ছে স্বপ্নপূরণের চূড়ান্ত লড়াই করার জন্য।শারমিন আক্তারদিনমজুর বাবার আদুরে মেয়ে শারমিন আক্তার। সংসারে অভাব থাকলেও শারমিনের মেধার অভাব ছিল না। চাঁপাইনবাবগঞ্জ জেলার মেয়ে শারমিন অনেক দিন সকালে না খেয়ে স্কুলে চলে যেত। দুপুরেও খাবার জুটত না। কিন্তু এর পরও পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়ে এলাকায় হইচই ফেলে দেয় শারমিন। অভাব আর ক্ষুধার রাজ্য জয় করে ২০০৮ সালে সে এসএসসিতে অর্জন করে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। সবাই চিন্তায়, শেষ পর্যন্ত কলেজে পড়া হবে তো শারমিনের?প্রথম আলো ট্রাস্টের বৃত্তি পেয়ে কলেজে ভর্তি হয় শারমিন। আবারও সাফল্যের জিপিএ-৫।শারমিনের লক্ষ্য এখন চিকিৎসক হওয়া। স্বপ্নপূরণের চূড়ান্ত পর্যায়ের মুখোমুখি শারমিন মিষ্টি হেসে বলেন, প্রথম আলো পাশে থাকলে আমি এগিয়ে যাবই। কোনো বাধাই রুখতে পারবে না আমাকে।আরিফ হোসেন‘পেটের ক্ষুধা মেটাতে না পারলে বই নিয়ে বসে যেতাম। পড়েই সময়টা পার করে ফেলতাম। চরম অর্থকষ্টের মধ্যেও মা-বাবা আমাকে অনুপ্রাণিত করতেন সব সময়।’ এভাবেই বলছিল বরিশালের গৌরনদী উপজেলার আরিফ হোসেন।মা-বাবা দুজনই দিনমজুরের কাজ করে পাঁচ সন্তানসহ সংসার চালান। বড় দুই বোনের বিয়ে হয়েছে। অভারের সংসারে আরিফসহ তিন ভাইবোন চালিয়ে যাচ্ছে পড়াশোনা। আরিফ এবার এইচএসসিতে সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ পেয়েছে।সংসারে অভাব থাকায় কোনো শখের বিষয় মা-বাবাকে বলতাম না। তাঁদেরও খারাপ লাগত। অনেক রাতে মা-বাবাকে কাঁদতে দেখেছি। সংসারে সুখের আশায় পড়াশোনা করতাম মন দিয়ে। মা-বাবার সঙ্গে আমিও যেতাম অন্যের জমিতে কাজ করতে। মনে মনে প্রতিজ্ঞা করতাম, আমাকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। পরীক্ষার টাকা জোগাড় করতে পারতাম না। প্রতিবেশী, নিকটাত্মীয়রা সাহায্য করতেন।২০০৮ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস নিয়ে জিপিএ-৫ পেলাম। আমাকে নিয়ে প্রথম আলো ট্রাস্ট সংবাদ ছাপল, পাশে এসে দাঁড়াল শিক্ষাবৃত্তি নিয়ে। এইচএসসিতে একই ফল করলাম। এখন আমার স্বপ্ন দেশের সেরা প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। শুধু স্বপ্ন দেখা নয়, আমি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।মেহেদী হাসান সাগরফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাঠ ব্যবসায়ীর ছেলে সাগর। সাগরের ছোটবেলায় মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতেই মায়ের ছোট্ট চাকরিটা চলে যায়। দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। ফলে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে নিজেদের ঘর না থাকায় চাচার ঘরে আশ্রয় নেয় সাগররা।বাবার টুকটাক কাজেই কোনোমতে চলছিল সংসার। ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মা প্রেরণা দিতেন, তবে অর্থ দিতে পারতেন না সময়মতো। শিক্ষকেরাও সাগরের মেধা দেখে তাকে বিভিন্ন সময় সাহায্য করতেন। ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের এ অবস্থা সাগর মেনে নিতে পারে না। তাই সে চিকিৎসক হওয়ার স্বপ্নে বিজ্ঞানে ভর্তি হয়। পরীক্ষার আগে ফিসের টাকা জোগাড় করতে বেগ পেতে হয় সাগরের পরিবারকে। চাচা সাহায্য করেন। ফলাফল জিপিএ-৫। আবার নতুন অনিশ্চয়তা, কলেজে পড়া হবে তো? এগিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। সেই বৃত্তির টাকায় পড়াশোনা করে সাগর এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। স্বপ্ন সত্যি করার মুখোমুখি এবার সাগর। চিকিৎসক হতে পারবে তো? এমন জিজ্ঞাসার উত্তরে সে বলে, ‘আমাকে যে পারতেই হবে। না হলে আমার মা...।