অদম্য সাজিয়া এখন মেডিকেলের ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়েছেন অদম্য মেধাবী সাজিয়া সুমাইয়া l প্রথম আলো
স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়েছেন অদম্য মেধাবী সাজিয়া সুমাইয়া l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালীর পশ্চিম ফকিরাঘোনা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান সাজিয়া সুমাইয়া। বাবা ছিলেন স্থানীয় একটি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। নয় ভাই-বোনের মধ্যে সবার ছোট সাজিয়া সুমাইয়ার লেখাপড়ার খরচ জোগাতে পারেননি বাবা। তবু সাজিয়া সাহস করে স্বপ্ন দেখেছেন চিকিৎসক হওয়ার। শিক্ষাবৃত্তির টাকা আর শিক্ষকদের সহযোগিতাকে সঙ্গী করে চালিয়ে গেছেন লেখাপড়া। এ বছর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়েছেন এই অদম্য মেধাবী।
ফকিরঘোনা গ্রামের লোকজনের মুখে মুখে ফিরছে এখন সাজিয়ার নাম। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ১৫ নভেম্বর বিকেলে মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ মিলনায়তনে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীও এসেছিলেন সেই অনুষ্ঠানে। অদম্য সুমাইয়া যে মহেশখালীর গর্ব, বক্তারা সেই কথাই বারবার বলেছেন অনুষ্ঠানে।
সাজিয়ার এই উঠে আসা যেন রূপকথার গল্প। বিদ্যালয়ে পড়াই যাঁর অনিশ্চিত ছিল, তিনি বরাবরই ভালো ফল করে সব বাধা অতিক্রম করেছেন। প্রাথমিক সমাপনী, জুনিয়র সার্টিফিকেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই সব পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন সাজিয়া। বিদ্যালয় ও কলেজের কোনো শ্রেণিতেই দ্বিতীয় হননি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পেয়েছেন শিক্ষাবৃত্তি। পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে পেয়েছেন বিনা মূল্যের বই। মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের এই ছাত্রী এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজে।
সাজিয়ার বাবা মোহাম্মদ ইউনুছ মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ছিলেন। ২০০৮ সালের ১২ ডিসেম্বর তিনি মারা গেলে পরিবারের হাল ধরার কেউ ছিল না। কলেজ কর্তৃপক্ষ সাজিয়ার বড় ভাই জাফর আলমকে বাবার পদে চাকরি দেয়। এরপরও অভাব ঘোচেনি সংসারের। আশঙ্কা দেখা দিয়েছিল সাজিয়ার লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে। তবে নিজের চেষ্টায় এবং শিক্ষকদের সহযোগিতা নিয়ে তিনি লেখাপড়া চালিয়ে যেতে থাকেন। পরিশ্রমের ফলও পেয়েছেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পান তিনি। ২০১৩ সালে বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন।
সম্প্রতি পশ্চিম ফকিরঘোনা গ্রামে সাজিয়ার বাড়িতে গেলে তিনি বলেন, ‘টাকার অভাবে কোনো দিন প্রাইভেট পড়তে পারিনি। নিজের পরিশ্রম ও চেষ্টার পাশাপাশি শিক্ষকদের সহযোগিতার কারণে এই সাফল্য।’ তিনি আরও বলেন, ‘গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। তবু হাল ছাড়িনি। সবাই মেডিকেলের ভর্তির জন্য কোচিং করে। কিন্তু আমার সেই সামর্থ্য কোথায়? এবার শেষ চেষ্টা করলাম। আবারও পরীক্ষা দিলাম। এখন ভর্তি হয়ে ভাবছি লেখাপড়ার খরচ কী করে চালাব?’
মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন বলেন, ‘সাজিয়া মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ায় তাঁকে নিয়ে আমরা গর্বিত।’