মূল রচনা: ওরা অদম্য মেধাবী। ওরা শত প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুলে এনেছে সেরা সাফল্য। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের সংবর্ধনায় হাজির হয়েছিল এ রকমই ৯০ জন মেধাবী মুখ। শুনুন ওদের কয়েকজনের বিস্ময়কর জীবন সংগ্রামের গল্প
অদম্যদের দীপ্তি
‘ওরা হাত ধুবে কি, আমি নিজেই তিন-চার দিন হাত ধুব না। ওদের সঙ্গে হাত মেলাতে পেরে সত্যিই আমি গর্বিত। ওদের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, জীবনে কিছুই করতে পারিনি।’ মঞ্চে দাঁড়িয়ে বললেন অভিনেতা জাহিদ হাসান। তাঁর পেছনে একঝাঁক ঝলমলে মুখ। সামনে মিলনায়তনেও খুব বেশি চেয়ার খালি নেই। দেখা না গেলেও বোঝা গেল নন্দিত অভিনেতা জাহিদ হাসানের বুকও গর্বে প্রসারিত হলো অনেকখানি। তার আগে জাহিদ হাসানের সঙ্গে হাত মেলানোর একটা সুযোগ পেয়েছে মঞ্চে দাঁড়ানো প্রায় অর্ধশত শিক্ষার্থী। এই হাত মেলানোর সময়ই অনুষ্ঠানের সঞ্চালক সুমনা শারমীন রসিকতা করে শিক্ষার্থীদের হাত না ধোয়ার পরামর্শ দিয়েছিলেন। মাইক্রোফোন হাতে পেয়ে হাসতে হাসতে সে কথার জবাব দিলেন জাহিদ হাসান। তবে যাদের নিয়ে এ আয়োজন তারা কিন্তু জবাব দিয়েছে অন্যভাবে। শত প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই নিজের অর্জনের পাল্লায় তুলে এনেছে সেরাটা। নতুন শিক্ষাব্যবস্থায় জিপিএ-৫ পাওয়া হয়তো সহজ। কিন্তু এই ৯০ জনের জন্য জিপিএ-৫ পাওয়াটা শুধু কঠিনই না; রীতিমতো দুঃসাধ্য। এই দুঃসাধ্যকে সাধ্যের মধ্যে এনে দেখিয়ে দিয়েছে ওরা। প্রথম আলোর প্রতিনিধিরা খুঁজে বের করেছেন সারা দেশে ছড়িয়ে থাকা এ রকম কিছু মেধাবী মুখ। যে পথে হাঁটতে গিয়ে অনেকেই থেমে যায় সেই কঠিন পথে হাঁটতে গিয়েও এই ৯০ জন থামেনি। হারতে গিয়ে হারেনি। এ কারণেই ওরা পরিচিত ‘অদম্য মেধাবী’ নামে। গত ২৯ সেপ্টেম্বর ওরা ৯০ জন অদম্য মেধাবী হাজির হয়েছিল ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট আয়োজিত সংবর্ধনায়। এছাড়াও এই আয়োজনে সহায়তা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ওদের উৎসাহ জোগাতে হাজির ছিলেন এমন কিছু মানুষ; যাঁদের আমরা অনুপ্রেরণার উৎস মনে করি সবাই। এক জীবনের গল্পরাজবাড়ী গোয়ালন্দের আবদুল্লাহ আল মাসুমের ওপর নির্ভর করে পুরো পরিবার। অসুস্থ বাবার পেশা ইলিশ মাছ বিক্রি। তিনি কোনো দিন হাটে যেতে পারেন, কোনো দিন পারেন না। বাবার অনুপস্থিতিতে এ কাজটিই দক্ষতার সঙ্গে করে মাসুম। না হলে খাবার জোটে না পরিবারের কারোরই। এই করেই নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায় সে। তারপর এসএসসি। কে ভেবেছিল, ইলিশ নিয়ে দিন-রাত কাটানো মাসুম জিপিএ-৫ পাবে! শুধু কি মাসুম? বগুড়ার ধুনটের পূর্বভরণশাহী গ্রামের রুবেল আলমের কথাই শুনুন না। ওই এলাকার অনেক পাকা বাড়ির ইট বহন করেছে রুবেলের হাত। হতে হয়েছে রাজমিস্ত্রির সহযোগী (হেলপার)। ওই হাত দিয়েই কলম ধরে সে এবার এসএসসি পরীক্ষায় ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয় থেকে সববিষয়ে জিপিএ-৫ পেয়েছে। ভ্যানচালক বাবার পক্ষে ছেলের পড়াশোনার খরচ চালানো তো দূরে থাক পরিবারের সবার খাবার জোটানোই কঠিন। রুবেল কিংবা মাসুম সবারই গল্পের শেষ দৃশ্যটা একই। হ্যাপি এন্ডিং। যুদ্ধের ময়দানে কেউ ছিল রাজমিস্ত্রি, কেউ ছিল মাছুয়া, কেউ ছিল সেলাইয়ের কারিগর। ৯০ জনই আসলে একেকটা গল্প, আবার সেই গল্পের নায়কও। এই ৯০ নায়কই হাজির হয়েছিল ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায়। এর মধ্যে ছিল এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৫ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৫ জন। অদম্যদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তোমাদের স্বপ্ন পূরণে আমরা পাশে আছি। তোমাদের কাজ শুধু সামনে এগিয়ে যাওয়া।’ অদম্য মেয়েদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পারভিন হাসান, সানিডেল স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ, ২০১১ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হওয়া ফারহানা জাহান এবং অভিনেত্রী তিশা। মেয়েদের পর মঞ্চে ডাকা হয় ছেলেদের। তাদের শুভেচ্ছা জানাতে আসেন মনোরোগ চিকিৎসক ডা. মোহিত কামাল, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গায়ক বিপ্লব, অভিনেতা জাহিদ হাসান এবং জাদুশিল্পী জুয়েল আইচ।জুয়েল আইচ জাদু দেখাতে এসে বলেন, ‘আমার সামনে যারা বসে আছে, তারাই বড় জাদুকর। তাদের তুলনায় আমরা তেমন কিছুই না।’জুয়েল আইচ থাকবেন, জাদু থাকবে না—তাই কি হয়?জুয়েল আইচের দড়ি আর রিংয়ের জাদু দেখে তালি আর থামতেই চায় না। পরে মঞ্চে ডাকা হয় এইচএসসিতে কৃতিত্ব ধরে রাখা ৩৫ জনকে। তাঁদের অভিনন্দন জানান প্রথম আলো ট্রাস্টের সভাপতি এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। আজিজ খান তাঁর বক্তব্যে বলেন, ‘অন্যের কথায় কখনো প্ররোচিত হবে না। তুমি পারবে, এই চিন্তাটা মাথায় রেখে এগিয়ে যাবে। আমরা সব সময় তোমাদের পাশে আছি।’প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘তোমরাই একসময় দেশটাকে বদলাবে। তোমরাই আমাদের আলোর পথে নিয়ে যাবে। আমরা সেটা বিশ্বাস করি।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সদস্য ডা. সামন্তলাল সেন, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ ফরহাত আনোয়ার অদম্যদের গলায় পদক পরিয়ে দেন।