অদিতির অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি মহসিন তানপুরা দিয়ে রেয়াজ করেন প্রতিদিন। ছবি: সুমন ইউসুফ
অদিতি মহসিন তানপুরা দিয়ে রেয়াজ করেন প্রতিদিন। ছবি: সুমন ইউসুফ

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। ভালোবাসেন প্রকৃতি। তাঁর প্রিয় শাড়ি জামদানি। আজ অধুনায় থাকছে এই সংগীতশিল্পীর স্টাইল। রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ভালোবাসেন প্রকৃতি, গাছ, পাখি। আকাশের চাঁদও আছে পছন্দের তালিকায়। ইট-পাথরের এ শহরের আটপৌরে জীবনে কি এসব দেখার জো আছে! আছে বৈকি! ঢাকার ধানমন্ডির যে বাড়িটায় তিনি থাকেন, তার পুরোটাজুড়ে এমন আবহ! চারতলায় নিজের ঘর থেকেই দেখতে পান পুকুর। পুকুরের চারধারে নারকেল গাছের সারি। চারপাশে পাখিদের কিচিরমিচির। ঢাকা শহরে কল্পনাতেও এমনটা মেলা ভার। অথচ ধানমন্ডির বাড়িতে এসবের মধ্যেই বাস করেন এ সংগীতশিল্পী। বসবাসের ক্ষেত্রে নিজের চাওয়ার সঙ্গে মিলে যাওয়ার ব্যাপারটা উপভোগ করেন অদিতি মহসিন।

অবসরে বই পড়েন
অবসরে বই পড়েন

পাখির ডাকে ঘুম ভাঙে এ গানের পাখির; ঠিক সাড়ে ছয়টার মধ্যে। তারপর একমাত্র সন্তান শ্রেয়ানকে তৈরি করে ওকে স্কুলে দিতে যান। সেখান থেকে সোজা ধানমন্ডি লেক। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফেরেন সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে। তবে বাসায় ফেরার সময় আরও একটা কাজ সারেন তিনি; তাজা সবজি ও মাছ কিনে ফেলেন বাসার জন্য। এরপর আবার খানিকটা ব্যায়াম করে নেন। নাশতা সেরে ফেলেন সকাল ১০টার মধ্যেই।
তারপর? ‘এরপর আমার নিজের সময় শুরু হয়। সারা দিনের প্রস্তুতি নিতে থাকি। যদি কোনো অনুষ্ঠান থাকে, তাহলে তার জন্য একরকম প্রস্তুতি, যদি দাওয়াত থাকে, তার জন্য আলাদা প্রস্তুতি। কোনো কিছুই যদি না থাকে, তাহলে নিজের জন্য কিছুটা সময় ব্যয় করি। এই ধরেন গান শোনা, কিছুক্ষণ ইন্টারনেটে সময় ব্যয় করা, কখনো বই পড়া, আমার প্রিয় গাছগুলোর পরিচর্চা করা।’ বলেন অদিতি মহসিন।

নিয়মিত গাছের পরিচর্যা করেন
নিয়মিত গাছের পরিচর্যা করেন

সংগীতশিল্পী, অথচ রেয়াজ করবেন না, এটা ভাবার কোনো কারণ নেই। দিনে একবার সাধের তানপুরাটা নিয়ে বসেনই। কখনো হারমোনিয়াম। ডিজিটাল তানপুরাতেও গলা সাধেন মাঝেমধ্যে। বাদ্যযন্ত্রের সংগ্রহশালা দেখার মতো। রেয়াজ করার জায়গাটা সাজিয়েছেন নিজের পছন্দমতোই। অদিতি মহসিনের রেওয়াজের জায়গাজুড়ে গানের খাতা থাকে।

শাড়ি তাঁর প্রিয় পোশাক
শাড়ি তাঁর প্রিয় পোশাক

অদিতি মহসিনের পছন্দের পোশাক শাড়ি। সঙ্গে মিলিয়ে ব্লাউজ ও গয়না পরতে ভালোবাসেন। কোনো অনুষ্ঠান বা বাইরে বের হওয়ার সময় পছন্দের পোশাকটি পরে নেন। সবচেয়ে বেশি প্রিয় জামদানি। এ ছাড়া তসর ও গাদোয়ালও পছন্দ করেন।
প্রতিটি গানের অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে শাড়ি পরতে হয়। অদিতি মহসিনের কথাতেই বোঝা যায় শাড়ির সংগ্রহ কত! তিনি জানান, শাড়ি সাধারণত ঢাকা ও কলকাতা দুই জায়গা থেকেই কেনা হয়।
এখানেই শেষ নয়, অদিতি মহসিন নানা রকমের ব্যাগ সংগ্রহ করেন। তবে তিনি কখনোই ব্র্যান্ড কিংবা নামীদামি কোম্পানিকে গুরুত্ব দেন না। গুরুত্ব দেন নিজের পছন্দকে। জুতার বেলায়ও তাই। শাড়ির সঙ্গে মানিয়ে মাঝারি হিলের স্যান্ডেল পরেন এ শিল্পী। নিজের পছন্দ নিয়ে কথাও বলেন অকপটে। ‘আমি আসলে গুরুত্ব দিই আমাকে কিসে মানাবে। এ কারণে পছন্দসই কিছু পেলেই কিনে ফেলি।’
খাওয়া-দাওয়ার ব্যাপারেও তাই। বাইরের খাবারের চেয়ে ঘরের মাছ-ভাত-ডাল বেশি প্রিয়। ঘোরাঘুরির ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো জায়গা নয়, পছন্দ প্রকৃতি। সুন্দর সাজানো-গোছানো কোনো জায়গা হলেই নিঃসংকোচে ঘুরতে বের হন। ডুবে থাকেন গাছ-পাখি আর প্রকৃতির মাঝে।